অস্ট্রেলিয়ার কাছে ৪-০ গোলে হারছে বাংলাদেশ
২০১৮-রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম লেগে অস্ট্রেলিয়ার মাঠে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার ফিরতি লেগের ম্যাচে ঘরের মাঠে ঠিক যেন আগের ম্যাচের পুনরাবৃত্তি! এবার হারের ব্যবধান ৪-০। এ দিন অস্ট্রেলিয়ার হয়ে হ্যাট্রিক করেন টিম ক্যাহিল। তিনি ম্যাচের ৬, ৩২ ও ৩৭ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। আর অন্য গোলটি করেন অতিথিদের অধিনায়ক মাইল জেডিনাক। এ নিয়ে বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ে এটি মামুনুলদের ষষ্ঠ হার; অস্ট্রেলিয়ার পঞ্চম জয়। বাছাইপর্বে বাংলাদেশের আর একটি খেলা বাকি আছে। যেটি আগামী বছর ২৪ মার্চ অনুষ্ঠিত হবে জর্ডানের বিপক্ষে তাদের মাঠেই।
গতকাল মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে শুরু হয় খেলা। খেলার ৬ মিনিটেই এগিয়ে যায় অস্ট্রেলিয়া। অ্যারন মুইর ফ্রি কিক থেকে টিম ক্যাহিলের আলতো হেড এগিয়ে দেয় ‘সকারু’দের। বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড়রা গোলটা ঠেকানোর কোনো সুযোগই পাননি। গোলরক্ষক সোহেল বলের লাইনে যাওয়ার আগেই বল চলে যায় জালে। ম্যাচের প্রথম ১৫ মিনিট পর্যন্ত বল অস্ট্রেলিয়ার দখলে ছিল। সেই সময় তাদের গোলরক্ষক পর্যন্ত মাঝমাঠে উঠে আসেন। কিন্তু এর পরই বাংলাদেশ খেলোয়াড়রা আক্রমণে উঠে অস্ট্রেলিয়াকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলেন। ১৫ মিনিটে মামুনুলের ক্রস থেকে স্ট্রাইকার জীবনের মাথা ছুঁয়ে বক্সের ঠিক সামনে বল পেয়ে যান মিডফিল্ডার জামাল ভূঁইয়া। কিন্তু তার শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটে ডিফেন্ডার রায়হানের থ্রো থেকে জীবনের হেড পোস্টে যাওয়ার আগে দলকে বিপদমুক্ত করেন এক অস্ট্রেলীয় ডিফেন্ডার।
৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে অস্ট্রেলিয়া। গোলদাতা সেই ক্যাহিল। বক্সের বাঁপ্রান্ত থেকে অ্যারন মুইয়ের ক্রসে গোলমুখে জটলা হয়েছিল। সেই সুযোগে গোল করেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড। পাঁচ মিনিট পর ব্যবধান আরও বড় করেন ক্যাহিল। সেই সঙ্গে নিজের হ্যাটট্রিকও পূর্ণ করেন তিনি। এবারও অ্যারন মুইয়ের পাস প্লেসিং শটে গোল করেন ইংলিশ ক্লাব এভারটনের সাবেক খেলোয়াড়। এই সুবাদে জাতীয় দলের জার্সি গায়ে ৮৮ ম্যাচে ৪৫ গোল করার কৃতিত্ব দেখান তিনি। আর চলতি বছর ১২ ম্যাচে তিনি ৯ গোল করার কীর্তি স্থাপন করলেন। ৪৩ মিনিটে অতিথি দলটির পক্ষে চতুর্থ গোল করেন অধিনায়ক জেডিনাক। পোস্টের ডান দিকে একেবারে অরক্ষিত অবস্থায় আলতো হেডে বল জালে পাঠান এই মিডফিল্ডার।
প্রথমার্ধে ‘সকারু’দের গোল বারে একটি শটও নিতে পারেনি বাংলাদেশ। সামনে বাড়ানো পাসের চেয়ে ভুল পাসই ছিল বেশি। মাঝমাঠে কোনো নিয়ন্ত্রণ না থাকায় রক্ষণাত্মক খেলেও লাভ হয়নি, একের পর এক আক্রমণ থেকে এক হালি গোল খেতেই হয়েছে। দ্বিতীয়ার্ধে আর গোল না খাওয়ার চেষ্টা করতেই দেখা যায় বাংলাদেশ। তাতে অবশ্য পুরোপুরি সফল মামুনুলরা। এ থেকে যা একটু সান্ত¡না পেতে পারেন কোচ ফ্যাবিও লোপেজ।











