শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে থানা চত্বরে যুবলীগ কর্মীর হাতে সাংবাদিক লাঞ্ছিত

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : সরাইলে থানা চত্বরে শুভ চৌধুরী (২৫) নামের যুবলীগের এক বখাটে কর্মীর হাতে সাংবাদিক মোহাম্মদ মাসুদ লাঞ্ছিত হয়েছেন। সেই সাথে তাকে দেয়া হয়েছে প্রাণনাশের হুমকি। এ ঘটনায় গত সোমবার রাতে মাসুদ থানায় জিডি (নং-৮০৯) করেছেন। কিন্তু হুমকি দাতা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসন নীরব। মোহাম্মদ মাসুদ বেসরকারি টেলিভিশন চ্যানেল বিজয়, জাতীয় দৈনিক খবর পত্রিকার সরাইল উপজেলা প্রতিনিধি। এ ঘটনায় ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা।  
মাসুদ, প্রত্যক্ষদর্শী ও জিডি সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর উপজেলা সদরে আ’লীগের কর্মিসভায় পেশাগত দায়িত্ব পালনকালে মাসুদের সংঙ্গে উপজেলা সদরের চানমনি পাড়ার বাসিন্ধা শুভ’র কথা কাটাকাটি হয়। গত সোমবার দুপুরে মাসুদ যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার হওয়া বিএনপি-জামাতের নেতা কর্মীদের বিষয়ে তথ্য সংগ্রহ করতে থানায় যান। ফেরার পথে ৬ নভেম্বরের ঘটনার জের ধরে শুভসহ ৪/৫ জন যুবক মাসুদের গতিরোধ করে। তারা ওইদিনের ঘটনার প্রসঙ্গ টেনে প্রকাশ্যে মাসুদকে টানা হেচড়া করে এবং প্রাণনাশের হুমকি দেয়। তারা এ সময় উপজেলার সরকারি দফতরে এবং স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের যেকোন কর্মসূচিতে স্থানীয় সাংবাদিকদের প্রবেশ করলে দেখে নেওয়ার হুমকিও দেয়। সেই সাথে সাংবাদিককে পেটানোর ও গলাধাক্কা দিয়ে বের করে দেয়ার ঘোষনা দেয়। এ ঘটনায় সরাইল প্রেসক্লাব কার্যালয়ে গত সোমবার সন্ধ্যায় মো. আইয়ুব খানের সভাপতিত্বে এক জরুরি সভা আহবান করে। সভায় গণমাধ্যম কর্মীরা এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। রাত সাড়ে সাতটার দিকে সাংবাদিক মাসুদ সরাইল থানায় একটি সাধারন ডায়েরি করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্থানীয় পুলিশ প্রশাসন ওই বখাটের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। ওদিকে ঘটনার নায়ক শুভ এখন থানার আশপাশ দিয়ে প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরছে। উপজেলা আ’লীগের আহবায়ক অ্যাডভোকেট নাজমুল হোসেন, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আবদুর রাশেদ, খায়রুল হুদা চৌধুরী বাদল ও সদস্য ফরহাদ রহমান মাক্কি বলেন, এ ধরনের দুষ্টু লোকদের সংঙ্গে আমরা নেই। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে আমরা গণমাধ্যম কর্মীদের পাশে থাকব। উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তু বলেন, শুভ যুবলীগের কোন পদে নেই। শুধু একজন কর্মী। সে সংবাদ কর্মীদের কাজে বাঁধা দেয়ার কে? সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আলী আরশাদ বলেন, সে বখাটে প্রকৃতির। ঘটনাটি থানা চত্বরে ঘটলেও আমাদের দৃষ্টি গোচরের বাহিরে ছিল। এ ঘটনায় থানায় জিডি হয়েছে। বিষয়টি আইনি পক্রিয়ায় রয়েছে। প্রসঙ্গত, শুভ’র পিতা হাফিজুল আলম চৌধুরীর অভিযোগের ভিত্তিতে গত ১৫ এপ্রিল ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন তাকে ৯ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলহাজতে পাঠিয়েছিলেন। ৪ মাস পর শুভ জামিনে বেরিয়ে আসে।