সাদায় নয় সাদামাটা
সাদায় নয় সাদামাটাআরাম, শান্তি, পবিত্র, নিষ্পাপÑ এ রকম কত শব্দই না সাদার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত আর স্বস্তি খুঁজে পেতেও ব্যবহার করা হয়ে থাকে সাদা। তাই বলে সাদা নয় মোটেও সাদামাটা। পোশাক সাজগোজে সাদাতেই আপনি হয়ে উঠতে পারেন রঙিন, জমকালো আর অভিজাত।
রঙিন একটা কামিজ থেকে রঙ মিলিয়ে হয়তো পরে নিলেন সালোয়ার কিংবা পালাজ্জো, পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে কিংবা বিপরীত রঙে হয়তো ঠোঁটটাও রাঙিয়ে নিলেন। কিন্তু পোশাক যদি হয় সাদা, তখন কী করবেন? কি ভাবনায় পড়ে গেলেন তো? শুধু আপনিই নন, সাদা রঙ নিয়ে ভাবনায় পড়েন অনেকেই। কেউ কেউ হয়তো সতর্কতার সঙ্গে এড়িয়েও যান। অথচ শুভ্র সাদাতেই সবচেয়ে বেশি রঙিন হয়ে ওঠার সুযোগ রয়েছে বলে মনে করেন রূপ বিশেষজ্ঞরা।
সাদা রঙটা অনেকেরই পছন্দের তালিকায় থাকলেও সাদা পোশাকে খুব সাধারণ লাগবে কিংবা সাদামাটা সাজতে হবে ভেবে অনেকেই তা এড়িয়ে যান, চাপা বর্ণের মেয়েরা অনেক সময় সাদা পোশাক পাশ কাটিয়ে যান, যারা পরতে পছন্দ করেন তারাও অনেক ক্ষেত্রে দ্বিধায় থাকেন সাদার সঙ্গে কোন সাজটি মানাবে এই ভেবে। অথচ সাদার মাঝেই রয়েছে সব বৈচিত্র্য। সাদার মধ্যেই ফুটিয়ে তোলা যায় রঙের খেলা। তার সঙ্গে শুভ্রতা ও স্নিগ্ধতা তো আছেই।
ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার বলেন, ‘সাদা রঙের পোশাক খোলা ক্যানভাসের মতো। তাতে যে কোনো রঙ মিলিয়েই রঙিন করে তোলা যায়। সাদা পোশাকের সঙ্গে যে কোনো রঙের গয়না পরা যায়। শুধু সালোয়ার-কামিজ কিংবা শাড়িই নয়, সাদা গাউন, স্কার্ট, টিউনিক, টপস এমনকি জাম্পস্যুটেও জমকালো ভাব আনা যায়। সাদামাটা শাড়ি, সালোয়ার-কামিজ কিংবা গাউনের ওপরে একই রঙের জমকালো একটি পনচো পরে নিলে একেবারেই অন্যরকম লাগেব। শাড়ি কিংবা সালোয়ার-কামিজে সাদার ওপরে সাদা নকশা বেশ অভিজাত ভাব ফুটিয়ে তোলে।
আবার সাদা পোশাকে সিলভার কিংবা সাদার মিশেলে মুক্তা, স্টোন, লেস, সুতা কিংবা নেট ব্যবহার করেও ফুটিয়ে তুলতে পারেন জমকালো ভাব। সাদায় রঙিন কিংবা অভিজাত হয়ে উঠতে চাপা সাদা, বাদামি, খাকি, ছাই, ধূসর রঙগুলোও বেছে নিতে পারেন।
রেড বিউটি স্যালুনের রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভীন বলেন, সাজে মনোটোন লুক এখন বেশ চলছে। একটি রঙ বা তার কিছু শেড দিয়ে পুরো সাজপোশাক করাটা মনোটোন লুক। এ ক্ষেত্রে সাদা রঙটার জনপ্রিয়তাই বেশি। সাদা পোশাকের সঙ্গে মেকআপে রঙ খেলানো যায় সহজেই এবং মানিয়ে যায় যে কোনো রঙও। তবে ঋতু, সময় ও পরিবেশ বুঝে সাদার সঙ্গে মেকআপের রঙ নির্বাচন করা উচিত। শীত শুরুর এ সময়টাতে প্রকৃতিতে রঙের উপস্থিতি কম, এ সময় সাদা পোশাকের সঙ্গে সাজটা তাই হওয়া চাই অনেক বেশি উজ্জ্বল। এ সময়ে দিনের বেলা যে কোনো আনুষ্ঠানিক পরিবেশে সাদা পোশাকের সঙ্গে মেরুন, বাদামি, গোলাপি অথবা কফি রঙের লিপস্টিক ব্যবহার করতে পারেন। রাতের বেলা সাজে জমকালো ভাব আনতে লাল, মেজেন্টা, কমলার মতো গাঢ় রঙ বেছে নিতে পারেন।
সাদা পোশাকের সঙ্গে চোখে নীল, আকাশি, সবুজ রঙের শেড ব্যবহার করতে পারেন অথবা শুধু লাইনার, কাজল, ঘন মাশকারা এবং ন্যুড রঙের আইশ্যাডো দিয়েও আকর্ষণীয় করে তুলতে পারেন চোখ জোড়া। হোয়াইট স্মোকি মেকআপেও দারুণ গর্জিয়াস লাগবে। আবার চোখের নিচে সাদা, গোলাপি, সবুজ এ ধরনের রংগুলো ব্লেন্ড করে দিলেও দেখতে বেশ গর্জিয়াস লাগবে। চোখে কালো ও সাদা দুই ধরনের স্মোকি মেকআপই মানিয়ে যাবে অনায়াসে। ইদানীং ড্রামাটিক আই মেকআপের চলও লক্ষ করা যাচ্ছে বেশ। নীল, ময়ূরকণ্ঠী, বেগুনি প্রভৃতি রঙ দিয়ে চোখের সাজে ড্রামাটিক লুক আনা যায়। কয়েকটি রঙের ব্যবহার সাজে নিয়ে আসবে আরও বৈচিত্র্য।
সাদার সঙ্গে ব্লাশনও অনেক ভারী ব্যবহার করার সুযোগ রয়েছে। পোশাকে যেহেতু রঙের ব্যবহার থাকছে না, তাই সাজে উজ্জ্বলতা আনতে পারেন অনায়াসে। এ ক্ষেত্রে চোখের মেকআপ ভারী হলে লিপস্টিকের রঙ ব্যবহার করুন হালকা আর গাঢ় রঙের লিপস্টিক হলে চোখ সাজিয়ে নিন একেবারে ন্যাচারাল ভাবে। আবার সাদা পোশাকে একটু ছিমছাম ও সাদামাটা দেখাতে চাইলে হালকা টোনের মেকআপ আর জমকালো ভাব আনতে জমকালো মেকআপ ব্যবহার করুন।
সাদা পোশাকের সঙ্গে মুক্তা ও পাথরের গয়না অনেক বেশি মানানসই বলে মনে করেন আফরোজা পারভীন। তবে এখন পুঁতির গয়নাও বেশ জনপ্রিয়তা পাচ্ছে বলে জানান তিনি।











