শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইল অ্যাপস বন্ধ করলে কার লাভ!

news-image

সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক প্রশ্নের উত্তরে বলেছেন, যোগাযোগ প্রযুক্তির যেমন ভাল দিক আছে, তেমনি অপরাধীরাও এই প্রযুক্তির  সুযোগ নিচ্ছে। তাই সাইবার অপরাধ বন্ধ করতে প্রয়োজন হলে ভাইবার এবং হোয়াটসঅ্যাপস এর মত মোবাইল অ্যাপসগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে। ভাইবার এবং হোয়াটঅ্যাপস বন্ধ করে দিলেই কি এধরনের অপরাধ তৎপরতা কমানো যাবে?


এসব বিষয়ে বিবিসি বাংলার সাথে কথা বলেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আন্তর্জাতিক যোগাযোগ অনেক সময় এই মাধ্যমে হয়ে থাকে। সন্ত্রাসীরা হয়তো আন্তর্জাতিকভাবে কোথাও যোগাযোগ করছে। যোগাযোগের জন্য এখন বর্তমান বিশ্বে যে ধরনের প্রযুক্তি রয়েছে তার মধ্যে ভাইবার একটা। এটা বন্ধ করলেই যে জঙ্গিবাদ বন্ধ হয়ে যাবে সেরকম কোন নজির বিশ্বে কোথাও নেই। এগুলো অনেক দেশে বন্ধ করা হয়েছে। যেমন পাকিস্তানের  কথা যদি বলি সেখানে ফেসবুক থেকে শুরু করে সব ধরনের সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ আছে। কিন্তু সেখানে সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ হয় নাই। যারা এই ধরনের অপরাধের সাথে জড়িত তারা  যোগাযোগের জন্য বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে থাকে। ভাইবার বন্ধ করলে হয়তো একটা উপায় বন্ধ হবে।

ভাইবার বন্ধ করা হলে মতপ্রকাশে বা যোগাযোগের ক্ষেত্রে কতটা প্রভাব পরবে এর উত্তরে সাখাওয়াত হোসেন বলেন, যেহেতু এগুলো সামাজিক যোগাযোগের মাধ্যম এটা বন্ধ করে দিলে এর একটা প্রভাব অবশ্যই পরবে। সরকার হয়তো একটা সাইট বন্ধ করতে পারবে। যারা সামাজিক যোগাযোগের জন্য এটা ব্যবহার করেন তাদের জন্য সমস্যা হবে। সরকারি কাজেও যে এটা ব্যবহার হয়ে থাকে তার জন্য সমস্যা হবে। কিছুদিন হয়তো সামাজিক যোগাযোগের ক্ষেত্রে সমস্যা থাকবে। ভাইবার বন্ধ করলে যারা জঙ্গি তৎপরতার সাথে জড়িত সে সমস্ত লোকজনের জন্য এটা কোন সমস্যা হবেনা। যে পর্যায়ে যে ধরনের অপরাধ তরুণরা করছে তাদের সাথে তেমন কোন যোগাযোগ নাই। এদের সাথে অনেক ধরনের সাংকেতিক যোগাযোগ, ছোট ছোট পত্র মারফত যোগাযোগ হয়ে থাকে। বাংলাদেশের মত দেশ যেখানে এত ঘনবসতি সেখানে কানে কানেইতো যোগাযোগ করা যায়।

ভাইবার বন্ধ একটি উপায় অন্য উপায়গুলোর দিকে নজর দেয়া হচ্ছেনা কেন এর উত্তরে সাখাওয়াত হোসেন বলেন, ভাইবার যেহেতু বাংলাদেশে এখন যে কেউ সহজে ব্যবহার করতে পারে। আমাদের দেশে আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতা আছে কিন্তু সেটা সীমিত। পুলিশের স্পেশাল ব্রাঞ্চ অন্যান্য জ্য়াগায় আছে কিন্তু প্রয়োজনের তুলনায় সেটা অপ্রতুল। ইউরোপে যে লেভেল পর্যন্ত প্রযুক্তি ব্যবহার করা হয় এমনকি মোবাইল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে অপরাধী সনাক্তের জন্য সেই প্রযুক্তিতো আমাদের দেশে সেই পর্যায়ে নাই। আমাদের দেশে এ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটছে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী তার জন্য তৈরি নয়। সেভাবে তাদের প্রশিক্ষণ দেওয়া হয় নাই। এটা নরমাল চুরি ,ডাকাতি, ছিনতাই বা হত্যার ঘটনা না। এসব ঘটনা প্রশিক্ষণপ্রাপ্তরা করে থাকে।

সাখাওয়াত হোসেন আরও বলেন, এসব ঘটনার জন্য সরকার যদি রাজনৈতিক লেবাস দিয়ে শেষ করে দিতে চায় সেটা এক দিক। আবার যদি এসব ঘটনার সঠিক বিচার করতে চায় সেটা আরেকটা দিক। তার জন্য আরেক ধরনের প্রস্তুতি দরকার। তবে এটা খুব কঠিন কাজ হবে।