আটকে গেলো মান্নানের মুক্তি
আগের সব মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও কারাগার থেকে মুক্তি মিলছে না গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানের। নাশকতার আরও একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল জয়দেবপুর থানার নাশকতার এক মামলায় শুনানি শেষে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মনোয়ারা বেগম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
অধ্যাপক এমএ মান্নানের আইনজীবী মঞ্জুর মোর্শেদ প্রিন্স সাংবাদিকদের জানান, রোববার হাইকোর্ট মেয়র মান্নানকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন। ফলে অধ্যাপক এমএ মান্নানের কারা মুক্তিতে আইনগত কোন বাধা ছিল না। গতকাল নতুন করে আরেকটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর ফলে সহসাই তার মুক্তি মিলছে না। তিনি আরও জানান, সর্বশেষ গত রোববার পর্যন্ত ১৬টি মামলায় জামিন পান অধ্যাপক এমএ মান্নান। উচ্চ আদালতে সবকটি মামলায় জামিন পাওয়ার পর কারাগারে আটকে রাখতে তাকে আরও একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গাজীপুরের কোর্ট ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম জানান, গত ১৩ই জানুয়ারি বিএনপি-জামায়াত জোটের ডাকা অবরোধ চলাকালে মহানগরীর মোগরখাল এলাকায় ঢাকা বাইপাস সড়কে একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় অধ্যাপক এমএ মান্নানকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এ ঘটনায় ১৪ই জানুয়ারি জয়দেবপুর থানার এএসআই মো. আবদুস সালাম বাদী হয়ে ৭৪ জনের নামে এবং ২৫ জনকে অজ্ঞাত আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক মো. মিষ্টি ও চালক ফারুক হোসেন আহত হয়েছিল।
জানা যায়, জয়দেবপুর থানার এসআই মোবারক হোসেন রোববার এ মামলায় অধ্যাপক এমএ মান্নানকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, অধ্যাপক এমএ মান্নানের প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনায় মামলার আসামিরা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে একাধিক ঘটনা সংঘটিত করে জনগণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি নাশকতা ও ধ্বংসাত্মক কার্যকলাপ করেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অধ্যাপক এমএ মান্নানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।
উল্লেখ্য, চলতি বছরের ৪ঠা ফেব্রুয়ারি রাতে গাজীপুর পুলিশ লাইনের কাছে যাত্রীবাহীবাসে পেট্রলবোমা হামলার মামলায় গত ১১ই ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানী ঢাকার বারিধারার ডিওএইচএস’র নিজ বাসা থেকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর থেকে তিনি আদালতের নির্দেশে বন্দি রয়েছেন। এ পর্যন্ত ১৭টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার অবর্তমানে গত ৮ই মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।











