শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ মাসে ছাত্রলীগ থেকে বহিষ্কার ৬৫

news-image

দেশের রাজনৈতিক পরিস্থিতি শান্ত থাকলেও সরকারি দলের ছাত্র সংগঠনের সসদ্যরা প্রায়ই অশান্তির পরিবেশ সৃষ্টি করে। সরকারি দলের অঙ্গসংগঠনগুলোর বেপরোয়া, লাগামহীন অপরাধমূলক কর্মকা-ের কারণে বর্তমান শিক্ষাঙ্গণের রাজনীতি মাঝে মাঝে অস্থিতিশীল হয়ে ওঠে।
দেশে শক্তিশালী বিরোধী দল না থাকায় এ ধরনের সংঘর্ষ হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সংঘর্ষের ঘটনায় শুধু দল থেকেই বহিষ্কার হয়নি, বহিষ্কার হয়েছে বিশ্ববিদ্যালয় থেকেও।
ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। গেল সিটি নির্বাচনের সময় ঢাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে চারবার হামলার অভিযোগ রয়েছে সংগঠনটির বিরুদ্ধে। কয়েক দফা এই হামলায় তখন আলোচনায় ছিল ছাত্রলীগ। এ নিয়ে  এখন দলের অনেক শীর্ষ নেতাই তখন ছিলেন বিব্রত।
আওয়ামী লীগের দুজন জ্যেষ্ঠ নেতার মতে, আসলে ছাত্রলীগের ওপর আওয়ামী লীগের তেমন নিয়ন্ত্রণ নেই। ছাত্রলীগের অনেক কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে বেশ আগেই। নতুন কমিটি গঠন করা হয় নাই।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একজন সভাপতিম-লীর সদস্য বলেন, সবকিছুই যে নিয়ন্ত্রণে, তা বলা যাবে না। সরকারের ভেতরেও সরকার আছে। দলের ভেতরেও দল আছে।
একটি রাজনৈতিক দলের পক্ষে একটি ছাত্রসংগঠনকে শতভাগ নিয়ন্ত্রণে রাখা কঠিন। আর এ সংগঠনে যে অতি উৎসাহী নেতা-কর্মী নেই, তা-ও বলা যাবে না।
বহিষ্কারের পরও তারা সংগঠনে সক্রিয় থাকে। এমনকি পরীক্ষাও দিচ্ছে নিয়মিত। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হওয়া এক ছাত্রলীগকর্মী পরীক্ষায় অংশ নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার নাম জাহিদ হোসেন নাঈম। বন ও পরিবেশবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র সে। এ বিষয়ে রাজনীতি বিশ্লেষকরা মনে করেন, নেতৃত্বের সঙ্কটের কারণেই এমনটা ঘটছে। গত ১০ মাসে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে ৬৩ জনকে।
৯ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সই জাল করে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ছাত্র ভর্তির চেষ্টার অভিযোগে ছাত্রলীগের এক নেতাসহ বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন সংগীত বিভাগের মাস্টার্সের ছাত্র দেবাশীষ শিকদার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের ছাত্র মো. আবু দাউদ ও আরবি বিভাগের প্রথম বর্ষের ছাত্র মাহমুদুল হাসান। তাঁদের মধ্যে দেবাশীষ শিকদার বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক। তাঁকে ছাত্রলীগ থেকেও বহিষ্কার করা হয়েছে।
এরপর ১২ই এপ্রিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ফেসবুক পেজে একটি মন্তব্যকে কেন্দ্র করে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলমের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। বুয়েট ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে চালানো হামলার অভিযোগে চারজনকে আজীবনের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
১৭ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৫ নেতাকর্মীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বিচারপ্রক্রিয়াকে নির্বিঘœ করতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ইতিমধ্যে ওই ৫ জনকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। বৃহস্পতিবার জাবি শাখা ছাত্রলীগ সভাপতি মাহমুদুর রহমান জনি ও সম্পাদক রাজিব আহমেদ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বহিষ্কৃত ছাত্রলীগ নেতাকর্মীরা হলেন জাবি ছাত্রলীগের কার্যকরী সদস্য নিশাত ইমতিয়াজ বিজয় (সাংবাদিকতা বিভাগ, ৪২ ব্যাচ), শহীদ সালাম বরকত হল শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক নাফিস ইমতিয়াজ, ছাত্রলীগ কর্মী আবদুর রহমান ইফতি (নৃবিজ্ঞান, ৪৩ ব্যাচ), রাকিব হাসান (ভূগোল ও পরিবেশ, ৪৩ ব্যাচ) ও নুরুল কবির (নৃবিজ্ঞান, ৪৩ ব্যাচ)।
তবে অভিযোগকারী ছাত্রী বৃহস্পতিবার প্রক্টর অফিসে ইফতি (নৃবিজ্ঞান), বিকাশ (প্রাণিবিদ্যা), অর্ণপ (রসায়ন), রাকিব (ভূগোল ও পরিবেশ), নুরুন্নবী (নৃবিজ্ঞান) নামে লিখিত অভিযোগ করেন।
১৮ এপ্রিল ঘুষ, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সত্যজিৎ মুখার্জিকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনবিরোধী কার্যকলাপ, ঘুষ, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে সংগঠনের গঠনতন্ত্রের ১৭ এর ক, খ এবং গ ধারা অনুযায়ী সত্যজিৎ মুখার্জিকে জেলা কমিটির সাধারণ সম্পাদক পদ ও সাধারণ সদস্যপদ থেকে বহিষ্কারের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।
২১ এপ্রিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে ছুরিকাঘাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় এক ছাত্রকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। ছুরিকাঘাতের শিক্ষার শিক্ষার্থী হলেন লোকপ্রশাসন বিভাগের চতুর্থ ব্যাচের মো. আমজাদ হোসেন। আর বহিষ্কৃত শিক্ষার্থী হলেন মার্কেটিং বিভাগের ষষ্ঠ ব্যাচের ছাত্র ও ছাত্রলীগের কর্মী মো. মোয়াজ্জেম হোসেন ওরফে জীবন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক আদেশে গত রোববার এসব তথ্য জানানো হয়।
২৬ এপ্রিল নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে নিজেই সহিংসতার শিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকা। সেদিন সাড়ে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে সেই শিক্ষিকার গালে চড় মারেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক আরজ মিয়া। এ ঘটনায় আরজকে পুলিশে সোপর্দ করা হলেও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। এ ঘটনায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।
১১ মে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ-স্কুলবিষয়ক সম্পাদক রাজেস চন্দ্র সিংহকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে রাজেসের অভিযোগ, কমিটি নিয়ে তাঁর করা এক মন্তব্য প্রকাশের জেরে তাঁকে বহিষ্কার করা হয়েছে।
১৬ মে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিপক্ষের হামলায় নিহত শিক্ষার্থী এ এস কে মোশারফ হোসেনের বাবা বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা করেছেন।
টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, নিহত মোশারফের বাবা মামলায় ১৪ জনের নাম উল্লেখ করেছেন এবং অজ্ঞাত আরও অনেকে জড়িত বলে অভিযোগ করেছেন।
পুলিশ জানায়, ঘটনার পর বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার হওয়া ৯ জন শিক্ষার্থীর নাম এজাহারে রয়েছে। মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সাময়িক বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের মনিরুল ইসলাম, অপরাধ তত্ত্ব ও পুলিশ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের সাঈদুর রহমান, রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের এস এম রবিউল হাসান, পরিবেশবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ওমর ফারকি, টেক্সটাইল প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের মো. ওমর ফারকি, একই বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের মোহাইমিনুল কায়উম, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের আশিকুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের এম এ আহাদ খান এবং একই বিভাগের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের বাবু কিশোর দে।
২১ মে ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শরিফুল ইসলামকে লাঞ্ছিত করায় সংগঠনটির উপপ্রচার সম্পাদক আনিসুর রহমানকে স্থায়ী বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনের শৃঙ্খাবিরোধী কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকায় এক বছর আগেও সাময়িক বহিষ্কার হয়েছিলেন আনিসুর।
১৬ জুন ছয় কর্মীকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির নেতারা। সংগঠনের এক সাবেক সাংগঠনিক সম্পাদকের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
বহিষ্কৃত ছয় কর্মী হলেন অর্থনীতি বিভাগের ইমাম উদ্দিন, মইনুল হোসেন, মো. লোকমান, মোহাম্মদ মানিক, বিল্লাল উদ্দিন ও ফরহাদ হোসেন।
২২ জুন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের ছাত্র ও ছাত্রলীগের কর্মী সবুজ আহম্মেদকে কলেজ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। কলেজের শিক্ষক পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত হয়।
সবুজ ওই কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছে। তিনি পৌর ছাত্রলীগের সভাপতি তাপস সাহার সমর্থক এবং দলের সক্রিয় কর্মী। এর আগেও সবুজের বিরুদ্ধে শিক্ষকের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ রয়েছে।
২৮ জুলাই এক সপ্তাহের ব্যবধানে সিরাজগঞ্জের কাজীপুরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ১৩ নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ঈদের আগে এডিবির কাজের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
বহিষ্কৃত ব্যক্তিরা হলেন পৌর আওয়ামী লীগের সদস্য খোকন তালুকদার ; পৌর যুবলীগের সভাপতি ফরিদ উদ্দিন, সহসভাপতি স্বপন তালুকদার, সম্পাদক নান্নু মিয়া, সাংস্কৃতিক সম্পাদক আলমগীর হোসেন, সদস্য লিটন তালুকদার, সরোয়ার হোসেন ও জিন্নাহ মিয়া; ছাত্রলীগ কাজীপুর উপজেলা কমিটির সহসাধারণ সম্পাদক মোহাম্মাদ সোহাগ, সদস্য রুহুল আমিন; পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাশেদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শফিফুল ইসলাম।
৫ আগস্ট দৈনিক মানবকণ্ঠের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সোহাইল মিয়াকে মারধর করায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সম্পাদক আতাউর রহমানকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মাদ সাংবাদিকদের বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে আতাউরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।
১ সেপ্টেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলাকারী ৭ ছাত্রলীগ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগ ঘটনাকারী শাবি ছাত্রলীগের তিন নেতাকে বহিষ্কার করে ঢাকায় নিয়ে আসা হয় আর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ঘটনাকারী আরও ৪ ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার করে। একই সঙ্গে তাদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি এক সিদ্ধান্তে শাবি ছাত্রলীগের সহ-সভাপতি অঞ্জন রায়, আবু সাঈদ আকন্দ এবং যুগ্ম সম্পাদক সাজিদুল ইসলাম সবুজকে সাময়িক বহিষ্কার করে এবং কারণ দর্শানোর নোটিশ দেন।
শিক্ষকদের ওপর হামলা, ব্যানার টেনে ছিঁড়ে ফেলা এবং সাংবাদিক লাঞ্ছিত করার ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সঙ্গে সঙ্গে তাদের কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীরা হলেন, পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ধনি রাম রায়, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাছুম, বন ও পরিবেশ বিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদ হোসেন নাঈম এবং একই বিভাগের দ্বিতীয় বর্ষের আরিফুল ইসলাম আরিফ। বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীরা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানের অনুসারী।
১৪ অক্টোবর পূজা ম-পে চাঁদাবাজির অভিযোগে তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন বিষয়টি জানিয়েছেন।  এ বিষয়ে জাকির হোসাইন বলেন, ‘পুলিশ আমাদের জানিয়েছে বনানী থানাধীন এলাকার বেশ কয়েকটি পূজা ম-পে গিয়ে চাঁদা দাবি করেছিল তারা’।
তিনি আরো বলেন, ‘ছাত্রলীগের মতো সংগঠনে এসব কর্মকা- কোনোভাবেই মেনে নেয়া যাবে না।  খোঁজ-খরব নিয়েই তাৎক্ষণিক এক সিদ্ধান্তে তাদেরকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে’।
বহিষ্কৃত দুই নেতা হলেন, তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও দর্শন বিভাগের ছাত্র দেলোয়ার হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও গণিত বিভাগের ছাত্র রেজাউল করিম সানি।
তিতুমীর কলেজ এলাকা থেকে বনানী থানা পুলিশ তাদের আটক করে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন জানান, চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় তাদের আটক করা হয়েছে।
২১ অক্টোবর সিলেট জেলা ছাত্রলীগের ৩ নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সংগঠনবিরোধী কর্মকা-ে লিপ্ত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃত ৩ জন হচ্ছেন- জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম কামরুল ইসলাম ও সঞ্জয় চৌধুরী এবং জেলা ছাত্রলীগ নেতা মিঠু তালুকদার। তাদের বহিষ্কার করা হয় বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ। প্রসঙ্গত, গত শনিবার রাতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শাখার কমিটি ঘোষণা করেন জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী। এই কমিটি মেনে নিতে পারেনি ছাত্রলীগ টিলাগড় গ্রুপের একাংশের নেতাকর্মীরা। এর জের ধরে রোববার দিবাগত রাতে টিলাগড় পয়েন্টে রায়হানের উপর হামলা চালানো হয়। হামলায় নেতৃত্বদানকারীদের মধ্যে বহিষ্কৃত ওই তিন নেতাও ছিলেন।
২৪ অক্টোবর বাগেরহাটের  ছাত্রলীগের উদ্যোগে এক জরুরী কার্য্যকরী পরিষদ এর সভা রোববার সকাল ১০টায় বি.আর.ডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ সাদীর পরিচালনায় সভায় উপস্থিত সকল ছত্রলীগ নেত্রীবৃন্দের সম্মতিক্রমে উপজেলা ছাত্রলীগের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক নাইমুল হক, উপজেলা ছাত্রলীগের উপ সম্পাদক নোমান হাওলাদার ও রামপাল সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ সাইদ মল্লিককে বাংলাদেশ ছাত্রলীগ এর নীতি আদর্শের পরিপন্থি কার্মকান্ডে জড়িত থাকায় ও দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ এনে ছাত্রলীগের সকল ধরনের কর্মকান্ড থেকে সাময়িক অব্যহতি প্রদান করা হয় এবং সাথে সাথে কারন দর্শনোর নোটিশ দেওয়া হয়। যা ১৫ কর্ম দিবসের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়।
১ নভেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করে শিক্ষককে লাঞ্চিত করার ঘটনায় সেই ছাত্রলীগ নেতাকে বহিস্কার করা হয়েছে। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি নোমান চৌধুরীকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ নিশ্চিত করেছেন।
সোহাগ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে তাকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। অন্যায় করলে ছাত্রলীগ কাউকেই ছাড় দেবে না বলে তিনি নেতা কর্মীদের হুঁশিয়ার করে দিয়েছেন।
০২ নভেম্বর যশোর জেলা ছাত্রলীগের তিন নেতাকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জনি, সাংগঠনিক সম্পাদক নূরুল্লাহ খান লিখন ও সাঈদ সরদার। কেন্দ্রীয় ছাত্রলীগ তাদের বহিস্কার করে।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে যশোর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ছাত্রলীগ একটি প্রগতিশীল ছাত্র সংগঠন।
ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের মোতাবেক যশোর জেলা সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জনি, সাংগঠনিক সম্পাদক নূরুল্লাহ খান লিখন ও সাঈদ সরদারকে সংগঠন শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকায় সংগঠন থেকে বহিস্কার করা হলো।
২ নভেম্বর  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা চলাকালে জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তারা ৩ জনই ছাত্রলীগের নেতাকর্মী। এদের মধ্যে একজন জাবি ছাত্রলীগের সহ-সভাপতি, একজন ঢাবির সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। অপরজন ঢাবি ছাত্রলীগের কর্মী। দুজন বর্তমানে জেল হাজতে থাকলেও অপরজন পলাতক রয়েছেন।
ঢাবির বহিষ্কৃত ওই ৩ ছাত্র হলেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের খলিলুর রহমান, গণিত বিভাগের অনার্স তৃতীয় বর্ষের মাহফুজুর রহমান ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ওয়ালিউর হোসেন।
৩ নভেম্বর ফুটপাতের দোকান থেকে চাঁদাবাজি নিয়ে দুই গ্রুপে মারামারির পর নগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য জালাল উদ্দিন রানাকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। একইসঙ্গে তাকে কেন স্থায়ী বহিস্কার করা হবেনা জানতে চেয়েছে ছাত্রলীগ।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নূরুল আজিম রণি তার কাছে অব্যাহতির আদেশ দিয়ে চিঠি পাঠিয়েছেন।
নগর ‍ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রণি বলেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে নগর কমিটির এখতিয়ারমূলে জালাল উদ্দিন রানাকে এক মাসের জন্য অব্যাহতি দেয়া হয়েছে। স্থায়ী বহিস্কারের জন্য তাকে শোকজ করা হয়েছে।  এর জবাব দিতে ১৫ দিন সময় বেঁধে দেয়া হয়েছে।
সর্বশেষ ৪ নভেম্বর সংঘর্ষের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত সোমবার রামদায় শাণ দেওয়া দুই ছাত্রলীগকর্মীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনের সুপারিশে ভিসি ইফতেখার উদ্দিন চৌধুরী তার নির্বাহী ক্ষমতা বলে এই বহিষ্কার করেন।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- ব্যবস্থাপনা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শ্রাবণ মিজান ও চারুকলা ইনস্টিটিউটের ২০১২-১৩ শিক্ষাবর্ষের মোফাজ্জল হায়দার ওরফে টাইগার মোফা।
তারা দুজন ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর সমর্থক বলে পরিচিত।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কামরুল হুদা বলেন, ‘সংঘর্ষের সময় তোলা দুই শিক্ষার্থীর ছবি গণমাধ্যমে এসেছে। বিষয়টি আমাদের জন্য খুব বিব্রতকর।’
তিনি বলেন, ‘আমরা তাদের একাডেমিকভাবে চিহ্নিত করেছি। বুধবার বিকেলে ভিসি তার নির্বাহী ক্ষমতাবলে তাদের বহিষ্কার করেন।’
ওই দুই শিক্ষার্থীকে নোটিশ দেওয়া হবে। নোটিশের যথাযথ উত্তর দিতে না পারলে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলেও জানান কামরুল হুদা।
উল্লেখ্য, গত সোমবার সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয়ের শাহজালাল আবাসিক হলের তৃতীয় তলার বারান্দায় দুজনকে রামদায় শাণ দিতে দেখা যায়, সে ছবি জাতীয় পত্রিকায় গতকাল মঙ্গলবার প্রকাশিত হলে ফেসবুকসহ সোশাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়।

আমাদের সময়.কম