শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করুন

news-image

রাষ্ট্রপতি ভবন অভিমুখে কংগ্রেসের নেতা-নেত্রী এবং সাংসদদের নিয়ে প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দিলেন সভাপতি সোনিয়া গান্ধী এবং সহসভাপতি রাহুল গান্ধী। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে এই শোভাযাত্রার মধ্য দিয়ে ভারতজুড়ে ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে প্রতিবাদ জানালেন। এ ছাড়া ভিন্ন মতের ওপর দমন-পীড়নের বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান হিসেবে রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের দাবি জানায় কংগ্রেস। সোনিয়া বলেন, রাষ্ট্রপতি নিজে মুখ খুলছেন। কিন্তু প্রধানমন্ত্রী নীরব। স্মারকলিপিতে বলা হয়, এসব আচমকা ঘটছে না। সুপরিকল্পিতভাবে করা হচ্ছে।  


এদিকে, এর পাল্টা জবাবে ক্ষমতাসীন বিজেপির কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি দাবি করেন, দেশে যেমন অসহিষুষ্ণতা নেই, তেমনি কাউকে অসহিষ্ণু করে তোলার সুযোগও দেওয়া হবে না। মিছিলের আগমুহূর্তে গতকাল কংগ্রেস সূত্রে জানা যায়, দলীয় নেত্রী সোনিয়া গান্ধী শোভাযাত্রা শেষে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে দেশের 'অসহিষ্ণু পরিবেশ, উগ্র আচরণ, সহিংসতা এবং সাম্প্রদায়িক বিভেদের' শিকড় উপড়ে ফেলার দাবিতে একটি স্মারকলিপি দেন। আগের দিন সোমবার রাষ্ট্রপতির সঙ্গে সোনিয়ার সরাসরি বৈঠকের পরপরই এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন কংগ্রেস নেত্রী। তবে এরই মধ্যে দিলি্ল পুলিশ পরোক্ষে এ সমাবেশে বাগড়া দেওয়ার চেষ্টা শুরু করে। তারা জানিয়েছে, এ মিছিলে বড়জোর ১২৫ জনের অংশগ্রহণের অনুমোদন মিলতে পারে। তার বেশি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ধারণা করা হচ্ছে, কংগ্রেস পার্লামেন্ট ভবন থেকে রাষ্ট্রপতি ভবন অভিমুখে এই মিছিলের ফলে ১০ জনের বেশি মানুষ একসঙ্গে জড়ো না হওয়ার সরকারের জারি থাকা নির্দেশ অমান্য হতে পারে।

দাদরি হত্যাকাণ্ড, গো-মাংস নিয়ে গুজব ছড়িয়ে হত্যা এবং যুক্তিবাদী লেখকদের হত্যা এমন অনেক ঘটনার পর দেশে অসহিষ্ণুতা চূড়ান্তভাবে মাথাচাড়া দিয়েছে এ অভিযোগ তুলে শিল্পী-লেখক, বিজ্ঞানী, চলচ্চিত্র নির্মাতারা প্রতিবাদে মাঠে নামেন। এর পরিপ্রেক্ষিতেই এ পদক্ষেপ নিল কংগ্রেস। 
কংগ্রেসের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেন বিজেপির কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি বলেন, 'কোথায় অসহিষ্ণুতা? এই দেশ কখনওই অসহিষ্ণু হতে পারে না।' তিনি আরও বলেন, 'দেশে শান্তি ও শৃঙ্খলা বিরাজ করছে। বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, তবে একে আন্দোলনের ইস্যু বানানো একদমই ঠিক নয়। কংগ্রেস আমাদের দেখাক, কোথায় অসহিষ্ণুতার ঘটনা ঘটছে। এ ধরনের ঘটনা শুধু কংগ্রেস এবং অন্যান্য দলের শাসনে থাকা প্রদেশগুলোতেই ঘটছে।'


গত সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহার নির্বাচনকে কেন্দ্র করে সরাসরি কংগ্রেসকে এক দফা আক্রমণ করেন। প্রধানমন্ত্রী ১৯৮৪ সালে শিখ-হিন্দু দাঙ্গার কথা উল্লেখ করে বলেন, 'আজ (সোমবার) ২ নভেম্বর, সেই কংগ্রেসই কি-না সহিষ্ণুতা নিয়ে কথা বলে!' কংগ্রেসও মোদির এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছে। ২০০২ সালে গুজরাটে সংঘটিত হিন্দু-মুসলিম দাঙ্গার কথা উল্লেখ করে কংগ্রেসের মুখপাত্র আনন্দ শর্মা বলেন, মোদি তো নিজের মুখ তালাবদ্ধ রেখে অসহিষ্ণুতাকেই উসকে দিচ্ছেন। 


'শাহরুখ খান পাকিস্তানের দালাল' :নিজের ৫০তম জন্মদিনে দেশের ক্রমবর্ধমান অসহিষ্ণুতার বিরুদ্ধে মুখ খোলায় শাহরুখ খান পাকিস্তানের দালাল উল্লেখ করে তাকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার কথা বললেন বিজেপি নেত্রী সাধ্বী প্রাচী।