দুর্দান্ত নাফীসে লীগের সমাপনী
সামনে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ। তাই অনুশীলনের এমন ঘনঘটা। গতকাল শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন সেরে ফিরছেন সৌম্য, নাসির, সাকিব ও রাবি্ব -বিসিবি
সূচি জটিলতায় এক বছরে দুটি জাতীয় লীগ আয়োজন করতে বাধ্য হয়েছিল দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। একটি শুরু হয়েছিল এ বছরের ২৫ জানুয়ারি, শেষ হয়েছিল ১২ মার্চ। সেটাকে বলা হয় ২০১৪-১৫ মৌসুমের জাতীয় লীগ। আরেকটা শুরু হয়েছিল গত ১৮ সেপ্টেম্বর, সমাপন হলো গতকাল। এটা ২০১৫-১৬ মৌসুমের জাতীয় লীগ। বছরের প্রথম জাতীয় লীগে সাত ম্যাচে ১২১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর বিভাগ। ১২০ পয়েন্ট নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলেছিল খুলনা। মাত্র ছয়-সাত মাসের ব্যবধানেই মুকুটাধিকারীর চেহারাটা কী বিস্ময়করভাবেই না বদলে গেল! —
প্রতি স্তরে এক দলের সঙ্গে আরেক দলের দুটি করে 'হোম অ্যান্ড অ্যাওয়ে'ভিত্তিক ম্যাচের ব্যবস্থা রেখে সদ্য শেষ হওয়া ১৭তম জাতীয় লীগটা অনুষ্ঠিত হয়েছে নতুন ফরম্যাটে_ দুই স্তরে। আট দলের মধ্যে যে চার দল গত মৌসুমে শীর্ষে ছিল, তারা খেলেছে প্রথম স্তরে। নিচের চার দল দ্বিতীয় স্তরে। ফলে, সৃষ্টি করা হয়েছিল উত্তরণ-অবনমন পদ্ধতি। পরের মৌসুমে প্রথম স্তরের চার নম্বর দল দ্বিতীয় স্তরে আর দ্বিতীয় স্তরের শীর্ষ দল খেলবে প্রথম স্তরে। সে হিসাব অনুযায়ী, দ্বিতীয় স্তরে ৬২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে প্রথম স্তরে উত্তরণ ঘটল 'দুর্দান্ত' বরিশালের। দ্বিতীয় স্তরে অবনমন হলো গত মৌসুমের চ্যাম্পিয়ন, ৩৪ পয়েন্ট পাওয়া রংপুরের। দুই মৌসুম পর চতুর্থবারের মতো জাতীয় লীগে চ্যাম্পিয়ন হলো ৫০ পয়েন্ট পাওয়া খুলনা। ছয়-সাত মাসের মধ্যে অনুষ্ঠিত দুটি লীগে খুলনা-রংপুরে কত বড় ব্যবধান! এটাই বিস্ময়কর! উভয় স্তর মিলিয়েই এবারের লীগে সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন করেছে বরিশাল। সবচেয়ে কম রংপুর। রংপুর শুধু তাই অবনমিতই হয়নি, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের সর্বস্বই যেন খুইয়ে ফেলেছে!
বরিশালের দুর্দান্ত পারফরম্যান্সের কারণ তাদের ব্যাটসম্যানরা। এবারের লীগে সেরা পাঁচ ব্যাটসম্যানের তিনজনই এই বিভাগের। ৭৯.৪৪ গড়ে ২ সেঞ্চুরিতে ৭১৫ রান করে সবার শীর্ষে জাতীয় দলের বাইরে থাকা বাঁহাতি ওপেনার ৩০ বছর বয়সী শাহরিয়ার নাফীস। এই রানের ৩৩৯-ই তিনি করেছেন চট্টগ্রামের বিপক্ষে শেষ হওয়া লীগের ষষ্ঠ ও শেষ পর্বে। প্রথম ইনিংসে ১৬৮ রান করার দ্বিতীয় ইনিংসে নাফীস ১৭৪ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ রান করেন আল-আমিন। তাদের কল্যাণে বরিশাল দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩০৩ রান তুলতেই ম্যাচ ড্র হয়ে যায়। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে নাফীস অষ্টম ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটের এক ম্যাচের উভয় ইনিংসে সেঞ্চুরি করলেন। এবারের আসরে মার্শাল আইয়ুবের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। বগুড়ায় অনুষ্ঠিত এই ম্যাচটা শেষ পর্যন্ত রানবন্যাতেই শেষ হলো। বরিশাল প্রথম ইনিংসে ৪৮৯ রান করার পর চট্টগ্রাম তোলে ৪২৫ রান। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানো চট্টগ্রামের মুমিনুল হক ও শাহরিয়ার নাফীস যৌথভাবে ম্যাচসেরা হয়েছেন।
প্রথম স্তরের দুই ম্যাচও ড্র হয়েছে। রংপুরের প্রথম ইনিংসে ৩৪৪ রানের জবাবে মাত্র ৭০ ওভার ব্যাট করে খুলনা ৭ উইকেটে ২৮৬ রান করে ইনিংস ঘোষণা দেয় এবং তখনই খেলা শেষ হয়ে যায়। ইমরুল কায়েস ফর্মের ধারাবাহিকতা ধরে রেখে ১০৭ রান করেন। জিয়াউর রহমান ৬২ রানে অপরাজিত ছিলেন। অন্য ম্যাচে, কক্সবাজারে মাত্র একদিন খেলার সুযোগ হয়েছে। তাতেই ঢাকা মহানগর ৭৫ ওভারে ৩ উইকেটে ২৮৬ রান করে। শামসুর রহমান শুভ ১০৫ রান করেন। ৯৯ রানে রিটায়ার্ড হন মেহেদী মারুফ। ৫২ রানে অপরাজিত ছিলেন মেহেরাব জুনিয়র। তখনই শেষ হয়ে যায় ম্যাচ ও লীগ!











