চুরির অপবাদে গুলি করে হত্যা রেস্তোরাঁর কিশোর কর্মীকে
'গরিব মানুষ, চোখের লোভ সামলাইতে পারে নাই। কম দামি একটা মোবাইল নিছে, স্বীকার করছে। আমি হেইডা ফিরতও দিলাম। হের পরও কুত্তার মতো গুলি কইরা মারল! এইটা ক্যামন বিচার?' গতকাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গের সামনে এভাবেই বিলাপ করে বড় ভাই মো. রিপন (২০) জানালেন রিয়াদ হত্যার পেছনের কথা। রাজধানীর মতিঝিলে অবস্থিত ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কর্মী রিয়াদ হোসেনকে (১৬) মালিক আরিফুল ইসলাম সোহেল নির্যাতনের পর রিভলবার দিয়ে গুলি করে তাকে হত্যা করেছে বলে অভিযোগ মিলেছে। এ বিষয়ে মামলা হওয়ার আগেই তিনি পালিয়েছেন।
পুলিশের ওয়ারী জোনের সহকারী কমিশনার মো. নুরুল আমীন বলেন, 'পুলিশ ভোররাতেই স্বামীবাগের বাড়িটিতে যায় এবং সেখানে বসানো সিসিটিভির ছবি সংগ্রহ করেছে। সেখান থেকে রক্তমাখা একটি কম্বল ও একটি কালো টি-শার্টসহ কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। আমরা ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করছি। ঘরোয়ার মালিক সোহেলের শান্তিনগরের বাসায় খোঁজ নেওয়া হয়েছে। তাকে পাওয়া যাচ্ছে না।' পুলিশ ঘটনাস্থল থেকে সিসিটিভির ফুটেজ জব্দ করেছে। গতকাল সকালে রেস্টুরেন্টটির ব্যবস্থাপক শফিকুল ইসলাম ও কর্মচারী মাইনুদ্দিনকে আটক করা হয়। খুনের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক আলিম হোসেন সিকদার বলেন, 'এজাহারভুক্ত এক আসামিকে রাতে গ্রেপ্তার করা হয়েছে।'
নিহতের স্বজনরা জানায়, গতকাল ভোর পর্যন্ত ঘরোয়ার সব স্টাফ ও মালিক সোহেল প্রকাশ্যেই ছিল। সকালে বিভিন্ন গণমাধ্যমে 'আসল' খবর প্রকাশিত হলে সোহেল গা ঢাকা দেন। বন্ধ করা হয় ঘরোয়া রেস্টুরেন্ট। রিয়াদের স্বজনরা জানায়, মঙ্গলবার মধ্যরাতে ঘরোয়া রেস্টুরেন্টের ভেতরে নির্যাতনের পর রিয়াদকে নেওয়া হয় স্বামীবাগের স্টাফ মেসে। সেখানেই গুলি করে হত্যা করা হয় তাকে। গুলিবিদ্ধ রিয়াদকে মালিকের দুই সহযোগী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসকদের জানায়, মতিঝিলে ছিনতাইকারীরা রিয়াদকে গুলি করেছে। রিয়াদের ভাই রিপন হাসপাতালে পৌঁছলে জসিম ও রাজু নামের এ দুজন সটকে পড়ে। ঘটনা ফাঁসের পর রেস্টুরেন্টটি বন্ধ করে পালিয়েছে মালিক সোহেল ও তাঁর কর্মচারীরা।
স্বজনদের অভিযোগ, পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে অভিযুক্ত সোহেলের 'সম্পর্ক' আছে। তাই ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। দুপুরে ওয়ারী থানায় গিয়ে পুরো ঘটনার বর্ণনা দিলেও পুলিশ মামলার এজাহার লিখতে অন্তত পাঁচ ঘণ্টা সময় নিয়েছে। রিপনের কাছ থেকে হত্যার বিস্তারিত জেনে পুলিশ ইচ্ছামতো এজাহার প্রস্তুত করেছে। রিপনের অভিযোগে ঘরোয়ার মালিক সোহেল, ব্যবস্থাপক শফিক, স্টাফ জসিম ও রাজুর নাম উঠে এলেও গত রাতে ওয়ারী থানার ওসি তপন চন্দ্র সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'তিনজনকে আসামি করে মামলা হয়েছে। তদন্তের স্বার্থে এখন নামগুলো বলছি না। আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টা করছি। হোটেলের স্টাফ মাইনুদ্দিনকে সাক্ষী হিসেবে আনা হয়েছে, আটক নয়। জিজ্ঞাসা করে ছেড়ে দেওয়া হবে। আর ম্যানেজারের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে আসামি করা হবে।'
গতকাল স্বামীবাগে গিয়ে দেখা যায়, ৭৩ নম্বর হোল্ডিংয়ের ওই সাততলা বাড়িটির নির্মাণকাজ এখনো চলছে। এটি সোহেলের পৈতৃক সম্পত্তি। সাউথ-ইস্ট আবাসন নামে একটি প্রতিষ্ঠান ভবনটি নির্মাণ করছে। এই খোলা ভবনের দ্বিতীয় তলায় টিন দিয়ে বেড়া দিয়ে রেস্টুরেন্টের কর্মচারীদের থাকার জায়গা দিয়েছেন মালিক। সেখানে একটি খোলা কক্ষে সব কিছু এলোমেলো। এ কক্ষেই গুলির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। পাশেই তালাবদ্ধ একটি ঘর। সেটি বঙ্গবন্ধু প্রজন্ম লীগের নেতা সেতুর ব্যক্তিগত কার্যালয়। ঘটনা জানতে চাইলে তিনি বলেন, 'আমি ঘটনার সময় ছিলাম না। সকালে এসে শুনেছি।' ভিডিও ফুটেজ অনুসারে, রাত ১২টা ৪৪ মিনিটে সোহেল জিপে করে এখানে পৌঁছেন। এরপর ১টা ৭ মিনিটের দিকে চলে যান। তখন চারজন মিলে রিয়াদকে গাড়িতে তোলে। সিসিটিভির ফুটেজে সেতুকে সেখানে উপস্থিত থাকতে দেখা গেছে বলে জানালে চমকে উঠে বলেন, 'না, আমি শুনে আসছিলাম। গুলির ঘটনা জানি না।'
নিহতের সহকর্মীদের অভিযোগ, মালিক সোহেল পালিয়ে যাওয়ার পর সেতুই ঘটনাটি সামলানোর চেষ্টা করছেন। হাজতখানায় ঢুকে অভিযুক্ত শফিকের সঙ্গে তিনি কথাও বলেছেন, খাবার দিয়েছেন। সুরতহাল ও ময়নাতদন্ত : গতকাল রিয়াদের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন ওয়ারী থানার এসআই মো. আব্দুল খালেক। তিনি প্রতিবেদনে লিখেছেন, রাত অনুমান ১২টা ৪০ মিনিটে নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় একজন এসে রিয়াদকে হত্যার উদ্দেশ্যে গুলি করে পালিয়ে যায়। নিহতের চোয়ালে গুলির ছিদ্র চিহ্ন ছাড়াও দুই হাতের কবজি, দুই পায়ের গোড়ালিসহ শরীরের বিভিন্ন স্থানে কালো ও ফোলা জখম আছে।
লাশের ময়নাতদন্ত করেন ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক কাজী আবু সামা। তিনি কালের কণ্ঠকে বলেন, 'রিয়াদের ডান পাশের চোয়াল দিয়ে ঢুকে যাওয়া একটি গুলি ঘাড়ের কাছে আটকে ছিল। এতেই তার মৃত্যু হয়েছে। এ ছাড়া নিহতের হাতের কবজি, পায়ের গোড়ালি ও পিঠে আঘাতের চিহ্ন আছে। শরীর থেকে উদ্ধারকৃত গুলিটি ১ পয়েন্ট ৪ সাইজের, যেটি ক্ষুদ্রাস্ত্রের।' যেভাবে নির্মম হত্যা : রিয়াদের ভাই রিপন কালের কণ্ঠকে জানান, তাঁর বাবার নাম মৃত মফিজুল ইসলাম। মায়ের নাম রোকেয়া বেগম। তাঁদের বাড়ি চাঁদপুরের হাজিগঞ্জের হাড়িয়াইন গ্রামে। ছয় বছর আগে তিনি মতিঝিলের ঘরোয়া রেস্টুরেন্টে ওয়েটারের কাজ নেন। প্রায় তিন বছর আগে ছোট ভাই রিয়াদকে এ রেস্টুরেন্টে কাজে এনে দেন। এরপর নিজে ফকিরাপুলের ভাই ভাই সুইটসে কাজ নেন। থাকেন সেখানেই। আর রিয়াদ ওয়ারীর স্বামীবাগের মিতালী স্কুলের পাশে ৭৩ নম্বর নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় সহকর্মীদের সঙ্গে থাকত।
ঘটনা প্রসঙ্গে রিপন বলেন, "মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে রিয়াদকে ফোন করলে ধরেন রেস্টুরেন্টের ব্যবস্থাপক শফিক। ধরেই বলেন, 'এটা শরীয়তপুর।' এতে সন্দেহ হয়। রাত ৮টার দিকে ছুটি নিয়ে ঘরোয়া রেস্টুরেন্টে গেলে স্টাফ রমজান জানায় রিয়াদকে চুরির অভিযোগে বেঁধে রাখা হয়েছে। এক গ্লাসবয়ের মোবাইল ফোন ও দেড় হাজার টাকা চুরি হয়েছে। রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় গ্রিলের সঙ্গে রশি দিয়ে হাত বাঁধা অবস্থায় রিয়াদের সঙ্গে কথা হয়। সে মোবাইল চুরির কথা স্বীকার করে এবং সেটি সঙ্গে আছে বলে জানায়। পুরনো মোবাইল ফোনটি ফেরত দিয়ে ব্যবস্থাপক শফিককে অনুরোধ করা হয় রিয়াদকে ছেড়ে দিতে। কিন্তু শফিক জানান, মালিক আসলে সিদ্ধান্ত হবে। রাত ১২টার পর মালিক সোহেল রেস্টুরেন্টে পৌঁছার কিছু সময় পর কালো রঙের জিপ গাড়িতে রিয়াদকে তোলা হয়। তার আগে পর্যন্ত হাত বাঁধা অবস্থাতেই ছিল সে। শফিক, জসিম, রাজুসহ কয়েকজন স্টাফ এ গাড়িতে মালিকের সঙ্গে যায়। রিয়াদের সহকর্মীরা জানায়, স্বামীবাগের মেসে নিয়ে রিয়াদের বিচার করা হবে।"
রাত ১টার দিকে ঘরোয়ার এক কর্মী বিল্লালের মাধ্যমে রিপন জানতে পারেন মালিক সোহেল রিয়াদকে গুলি করেছেন এবং তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। একই রেস্টুরেন্টে কাজ করা খালাতো ভাই মাইনুদ্দিনকে ফোন করলে জানা যায়, স্টাফ মেসে নেওয়ার পর রিয়াদকে লাঠি দিয়ে পিটিয়েছেন সোহেল। এ সময় রাজু, শফিক ও জসিম সহায়তা করে। তখন মালিকের বন্ধু সেতু সেখানে ছিলেন। নির্যাতনে বারবার চিৎকার করেছিল রিয়াদ। সোহেলের ভয়ে কেউ নির্যাতন বন্ধে এগিয়ে আসেনি। মারধরের একপর্যায়ে সোহেল হাতে থাকা রিভলবার রিয়াদের মুখে ধরে বলেন, 'শালাকে গুলি করে দিব।' মুহূর্তেই গুলি করেন তিনি।
ওয়ারী থানায় আটক মাইনুদ্দিন বলেন, 'স্যার খালি গালাগালি করছে, ভয়ে কিছু বলতে সাহস পাইনি। আমার ভাইরে কুত্তার মতো মারছে।' ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মোজাম্মেল হক জানান, রাতে রিয়াদকে নিয়ে আসার পর রাজু ও জসিম নামের দুই যুবক ছিনতাইয়ের কথা জানায়। ঘরোয়া হোটেলের দুই লাখ ২০ হাজার টাকা নিয়ে গভীর রাতে মতিঝিল থেকে অটোরিকশায় করে শান্তিনগরে মালিকের বাসায় যাওয়ার পথে ছিনতাইকারীরা রিয়াদকে গুলি করেছে বলে দাবি করে তারা। তবে রিয়াদের ভাই হাসপাতালে পৌঁছে নির্যাতনের কথা জানাতেই তারা পালিয়ে যায়।











