সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামের ইতিহাসে কারবালার শিক্ষা

news-image

শাঈখ মুহাম্মাদ উছমান গনী
ঐতিহাসিক ফুরাত নদী

কারবালা : 'কারবালা' ফোরাত নদীর তীরে অবস্থিত একটি প্রান্তর, যেখানে ৬২ হিজরি সনের মহররম মাসে আশুরা দিবসে শুক্রবার নবী দৌহিত্র হজরত হোসাইন (রা.) অত্যন্ত করুণভাবে শাহাদাতবরণ করেছিলেন। শুধু ইসলামের ইতিহাসে নয়, পুরো মানবতার ইতিহাসে এটি একটি বিয়োগান্ত ঘটনা। কারবালা যেন আরবি 'কারব ও বালা' এর সরলরূপে পরিণত। কারব মানে সঙ্কট, বালা মানে মুসিবত। তাই কারবালা সঙ্কট ও মুসিবতের প্রকৃষ্ট উদাহরণ। কারবালার এই হৃদয়বিদারক ঘটনা মহিমাময় মহররম মাসের ঐতিহাসিক মহান আশুরার দিনে সংঘটিত হওয়ায় এতে ভিন্ন মাত্রা যোগ হয়েছে। এতে এই শাহাদাতের মাহাত্ম্য যেমন বহুগুণ বৃদ্ধি পেয়েছে, তেমনি আশুরা পেয়েছে ইতিহাসে নতুন পরিচিতি। তাই আজ আশুরা ও কারবালা বা কারবালা ও আশুরা সমার্থক ও একে অন্যের পরিপূরক হয়ে দাঁড়িয়েছে।

ফোরাত : 'ফোরাত' কুফার একটি সুপ্রাচীন নদী, এই নদীর কূলে অবস্থিত কারবালার প্রান্তর। হোসাইনি কাফেলা যখন কারবালায় অবস্থান করছে, তখন তাদের পানির একমাত্র উৎস এই ফোরাত নদী উবায়দুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী ঘিরে রাখে, অবরুদ্ধ করে রাখে নিরস্ত্র অসহায় আহলে বাইতকে। এই নদী থেকে পানি সংগ্রহ করতে গেলে ফুলের মতো নিষ্পাপ দুগ্ধপোষ্য শিশু আসগর এক ফোঁটা পানির জন্য সীমার বাহিনীর তীরের আঘাতে শহীদ হয়। সেদিন ফোরাত কূলে যে পানি পানি বলে মাতম উঠেছিল তা অবর্ণনীয়। ফোরাতের তীরে সেদিন যেসব মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল তন্মধ্যে এটি ছিল সবচেয়ে বেদনাদায়ক ও জঘন্য এবং পানির অধিকার থেকে বঞ্চিত করা ছিল সবচেয়ে নির্মম পরিহাস।

কুফা : 'কুফা' ইরাকের একটি বিখ্যাত শহর। পরে আলী (রা.) এর শাসনামলে খেলাফতের রাজধানী ছিল। আখেরি নবী (সা.) এর সময় মুসলিম শাসনের প্রাণকেন্দ্র ছিল পবিত্র মদিনা মুনাওয়ারা। নবীজি (সা.) এর ওফাতের পর প্রথম খলিফা আবু বকর সিদ্দিক (রা.) প্রায় আড়াই বছর খেলাফত পরিচালনা করে ইন্তেকাল করেন। এরপর দ্বিতীয় খলিফা ওমর ফারুক (রা.) ১০ বছর খেলাফতের দায়িত্ব পালন করে শাহাদাত লাভ করেন। তৃতীয় খলিফা ওসমান (রা.) ১২ বছর খেলাফত পরিচালনা করে শাহাদাতবরণ করেন। এ সময় পর্যন্ত ইসলামী খেলাফতের রাজধানী ছিল মদিনা। চতুর্থ খলিফা আলী (রা.) এর দুই বছরের শাসনামলে বিভিন্ন জটিলতা সৃষ্টি হলে প্রশাসনিক সুবিধা বিবেচনায় তিনি খেলাফতের রাজধানী ইরাকের 'কুফা'য় স্থানান্তর করেন। এজিদের সময় কুফা ছিল একটি প্রদেশ এবং কুফার গভর্নর ছিলেন উবায়দুল্লাহ ইবনে জিয়াদ। তারই নেতৃত্বে কারবালার করুণ নির্মম ঘটনা সংঘটিত হয়। এই 'কুফা'ই পরে ইসলামের ইতিহাসে 'কুফা'তে পরিণত হয়।

কুফাবাসী এজিদের দুঃশাসনের বিরুদ্ধে নেতৃত্ব দেয়ার জন্য হোসাইন (রা.) কে বহু পত্রের মাধ্যমে আমন্ত্রণ জানায়। তাদের আহ্বানে সাড়া দিয়ে তিনি সেখানে আগমন করলে, তারা তাকে একাকী বিপদের মুখে ফেলে রেখে নিজেরা নীরব ও নিষ্ক্রিয় থাকে। তাই প্রবাদ সৃষ্টি হয়েছে_ 'আল কুফি, লা ইয়ুফি' অর্থাৎ কুফার মানুষ গাদ্দার, বেওফা, তারা কথা দিয়ে কথা রাখে না। তবে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের দোষ কোনো গোষ্ঠী, সম্প্রদায় বা দেশ ও সাধারণের ওপর চাপিয়ে দেয়া যায় না। তাই ইরাকরত্ন কুফার গর্ব মুসলিম জাহানের ইমাম আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত (রা.) এর সামনে এই প্রবাদটি উপস্থাপিত হলে, তিনি এর প্রত্যুত্তরে বলেছিলেন_ (কোরআনুল কারিমে আছে) 'ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুন, ওয়া মিন আহলিল মাদিনাতি মারাদু আলান নিফাক।' অর্থাৎ 'মরুবাসীদের মধ্যে যারা তোমাদের আশপাশে আছে তাদের কেউ কেউ মোনাফেক এবং মদিনাবাসীদের কেউ কেউ কপটতায় সিদ্ধহস্ত।' (সূরা তওবা : ১০১)। অর্থাৎ ভালো-মন্দ সবখানেই আছে, ব্যক্তি বা ব্যক্তিবর্গের কর্ম দ্বারা স্থান বা কাল দূষিত হবে না; যার যার কর্মফল সে ভোগ করবে। আল্লাহ তায়ালা মহানবী (সা.) কে এভাবে বলতে বলেছেন, 'লাকুম দিনুকুম ওয়া লিয়া দিন।' অর্থাৎ 'তোমরা তোমাদের কর্মফল ভোগ করবে, আমি আমার কর্মফল লাভ করব।' (সূরা কাফিরুন : ৬)।

দামেস্ক : 'দামেস্ক' বর্তমানে সিরিয়ার রাজধানী। চতুর্থ খলিফা আলী (রা.) এর শাহাদাতের পর তার ছেলে হাসান (রা.) তার স্থলাভিষিক্ত হন এবং ৬ মাস খেলাফতের দায়িত্ব পালন করে সিরিয়ার গভর্নর আমিরে মুয়াবিয়া (রা.) এর কাছে খেলাফতের ভার অর্পণ করেন। আমিরে মুয়াবিয়া (রা.) প্রশাসনিক সুবিধার্থে রাজধানী দামেস্কে স্থানান্তরিত করেন। সে সূত্রে এজিদ ক্ষমতাসীন হলে তার রাজধানী দামেস্কেই থেকে যায়। পরে কালক্রমে ইসলামী খেলাফতের রাজধানী তুরস্ক ও মিসরে স্থানান্তরিত হয়। এখান থেকেই ১৯২৪ সালে ইসলামী খেলাফতের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ও যবনিকা ঘটে।

শিক্ষা : 'কারবালা ময়দান' আজ অসহায়ত্ব ও সঙ্কটের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। অনুরূপ প্রতিটি সঙ্কট মুহূর্ত কারবালাকে স্মরণ করিয়ে দেয়। কারবালা থেকে ধৈর্য, সহিষ্ণুতা ও আত্মত্যাগের শিক্ষা গ্রহণ করতে অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করে প্রতিনিয়ত। 'ফোরাত নদী' দয়া-মায়া ও সহমর্মিতার অনুভূতি চাঙ্গা করে; সব গ্লানি ধুয়ে মুছে করুণার সিন্ধুতে করুণার বারিধারা প্রবাহিত করে। 'কুফা' অনন্তকালের জন্য নীতি-নৈতিকতার জয়গান করে, মানবতা ও সুকুমারবৃত্তির অনুকম্পা সৃষ্টি করে সব অবদমিত অন্তরে অবচেতন মনে। 'দামেস্ক' অনুশোচনার অনলে সব পঙ্কিলতাকে দগ্ধ করে ভস্ম করে চলেছে নিরবধি। 'তুরস্ক' মুসলিম বিজয়ের জয়মাল্য পরানোর জন্য সদা ব্যাকুল। 'মিসর' খেলাফতের পুনর্জন্মের অপেক্ষায় চিরকাল অধীর আগ্রহে। কারবালা আজও ঘটে চলেছে দেশে দেশে, দুনিয়ার প্রতিটি নদী আজ ফোরাতের কান্না করছে। কুফা যেন সিন্দাবাদের ভূত হয়ে মানবতার ঘাড়ে চেপে বসেছে। দামেস্ক, তুরস্ক ও মিসরের সে খলনায়কদের প্রেতাত্মারা এখনও আমাদের অজ্ঞানতার তমসায় আচ্ছন্ন করে রেখেছে, বন্দি করে রেখেছে আমাদের সুকুমারবৃত্তি ও সুষমাগুলোকে।

সত্য ও ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত কারবালার প্রান্তরে নির্মম নির্যাতন ও নিপীড়নে পরাজিত প্রতারিত হোসাইনি কাফেলা চির স্মরণীয় ও বরণীয়। কবির ভাষায়_ 'উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই; নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই।' প্রতিটি মহররম, প্রতিটি আশুরা ও কারবালা আমাদের এ কথাই স্মরণ করিয়ে দেয়। আমাদের নতুন পথ ও নতুন জীবনের প্রতি অনুপ্রেরণা জোগায়। জীবনের ব্রত, ত্যাগের শিক্ষা, আত্মমর্যাদাবোধ জাগ্রত করে; ভয়কে জয় করে, নিজের জীবন উৎসর্গ করে, রক্তলাল নতুন সারণি তৈরি করে, পরবর্তীদের জন্য সহজ পথ ও সুন্দর সমাজ বিনির্মাণ করাই কারবালার মহতী শিক্ষা।
 

এ জাতীয় আরও খবর