বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সবার চোখে ধুলো দিয়ে দুই দশক পাহাড়ে!

news-image

আরাকান আর্মি সংশ্লিষ্টতায় ‘ডাক্তার রেনিন সো’ গ্রেপ্তার
 

দুই দশক প্রায় তাঁর বাংলাদেশে অবস্থান। কিন্তু তিনি কেন এসেছেন, কী করছেন, তা নিয়ে খোঁজ হয়নি কখনো। তাঁর প্রকৃত পরিচয় এখনো অজানা। ইতিমধ্যে মারমা তরুণীকে বিয়ে করেছেন, জমি কিনেছেন, গড়েছেন অট্টালিকা, গরিব উপজাতিদের চিকিৎসাসেবা দেন, ধর্মীয় আচার পালন করেন বড় ধরনের আয়োজনে। পাহাড়ি মানুষের সঙ্গে ‘বিদেশি চিকিৎসক’ রেনিন সো গড়ে তুলেছেন প্রাণের বন্ধন। আদিবাসী নেতাদের সঙ্গে তাঁর বিশেষ সখ্যও বিদ্যমান। সেই ব্যক্তিকে গতকাল বুধবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির সঙ্গে ‘বিশেষ সম্পর্কের’ কারণে। তিনি আরাকান আর্মির ‘গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বলেই ধারণা গোয়েন্দাদের। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আলোচিত চিকিৎসক রেনিন সোর ভেতরে-বাইরে চেহারার তারতম্য এখন রাঙামাটিতে আলোচনার কেন্দ্রে।


বিদেশি নাগরিক ডা. রেনিন সো রাঙামাটির রাজস্থলীতে আনুমানিক তিন কোটি টাকা খরচে গড়ে তুলেছেন তিনতলা আলিশান বাড়ি। দামি আসবাব ও আধুনিক জীবনযাত্রার রসদের পাশাপাশি সেখানে বিভিন্ন স্থানে লাগানো রয়েছে সিসিটিভি ক্যামেরা। এ বাড়ির ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর পড়ে আগস্টের শেষ সপ্তাহে। ২৫ আগস্ট বান্দরবানের বড়মোদক এলাকা থেকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) আটক করে ১০টি ঘোড়া, যা মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মি ব্যবহার করতে চেয়েছিল বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পরদিন সীমান্তে বিজিবির একটি টহল দলের ওপর সশস্ত্র হামলা চালায় আরাকান আর্মি। অন্য দেশের বিচ্ছিন্নতাবাদীদের এ কর্মকাণ্ড প্রতিরোধে শুরু হয় যৌথ অভিযান। সবার চোখে ধুলো দিয়ে দুই দশক পাহাড়ে! ঘটনার গুরুত্ব বিবেচনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহম্মেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় যৌথ বাহিনী রাঙামাটির রাজস্থলী উপজেলায় খুঁজে পায় আরাকান আর্মির ব্যবহার করা একটি বাড়ির অবস্থান, যে বাড়ির মালিক ডা. রেনিন সো বলে স্থানীয় লোকজন নিশ্চিত করে। তবে তিনিসহ পরিবারের সদস্যদের সেখানে পাওয়া যায়নি। যৌথ বাহিনী বাড়িটি তল্লাশি করে পায় তিনটি ঘোড়া, দুটি মোটরসাইকেল, তিনটি ল্যাপটপ, দুটি ডিজিটাল ক্যামেরা, আরাকান আর্মির তিন সেট পোশাকসহ বিভিন্ন উপকরণ।


পরে আটক করা হয় রেনিন সোর সহযোগী মং ইয়াং রাখাইন, বাড়ির দুই কেয়ারটেকার অংসু মারমা ও যশো অং মারমাকে। তারা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। তখন পলাতক রেনিন সো এবং তিন সহযোগীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন ও অবৈধ অনুপ্রবেশ আইনে পৃথক দুটি মামলা করে পুলিশ। তাঁর ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাবও স্থগিত করে পুলিশ। এদিকে গোয়েন্দারা রেনিন সোর অবস্থান শনাক্তে নানা রকম চেষ্টা চালাতে থাকে। একপর্যায়ে সংবাদ মেলে পলাতক অবস্থায় রেনিন সো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সক্রিয় আছেন এবং সরকারকে হুমকি দেওয়াসহ নানা রকম স্টেটাস দিচ্ছেন। এরই একপর্যায়ে গতকাল ভোররাতে রাজস্থলীর ইসলামপুর আদর্শগ্রাম এলাকায় নির্মাণাধীন একটি বাড়ি থেকে বিজিবি আটক করে রেনিন সোকে। পরে পুলিশ তাঁকে শনাক্ত করে নিজেদের হেফাজতে নেয়। তাঁর কাছে পাওয়া গেছে একটি ল্যাপটপ, তিনটি ক্রেডিট কার্ড, নেদারল্যান্ডসের পাসপোর্ট ও পরিচয়পত্র, ৪১ হাজার ১২০ রুপি ভারতীয় মুদ্রা এবং বাংলাদেশি ৫৫ টাকা।


রাজস্থলী থানার ওসি অহিদুল্লাহ সরকার জানিয়েছেন, রেনিন সোর বিরুদ্ধে অবৈধ ভারতীয় মুদ্রা রাখার অপরাধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। এর আগে তাঁর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে আরেকটি মামলা আছে। কে এই রেনিন সো : স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালে গ্যাস খনির সন্ধানে রেনিন সো রাজস্থলীতে অবস্থান করতে থাকেন। ১৯৯৯ সালে বিয়ে করেন সেখানে পশ্চিম তাইতং পাড়ার অংসুইপ্রু মারমা নামের এক ব্যক্তির মেয়েকে। তাঁদের সংসারে দুই কন্যা আছে। রেনিন সো ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। তবে বিয়ের পর রাজস্থলীতে যাতায়াত করতেন বিদেশি চিকিৎসক পরিচয়ে। ২০০৪ সালে কলেজ-সংলগ্ন এলাকায় অনুমং মারমার কাছ থেকে ৫০ শতক জায়গা কেনেন এবং প্রায় তিন কোটি টাকা খরচ করে বাড়ি করেন; যদিও জমিটি এখনো আগের মালিকানায় রয়ে গেছে। কয়েক মাস আগে রাজস্থলীর প্রায় ২০০ ভান্তে নিয়ে ধর্মীয় অনুষ্ঠান প্রবজ্জ্যা পালন করা হয় এ বাড়িতে। তাতে নিমন্ত্রিত অতিথির সংখ্যা দুই হাজারের বেশি ছিল। কিছুদিন আগে ‘অজ’ সিরিয়ালের একটি বিলাসবহুল গাড়ি নিয়ে রেনিন সোকে চলাচল করতে দেখেছে স্থানীয় লোকজন। তবে বেশির ভাগ সময় তিনি মোটরসাইকেল নিয়ে চলাফেরা করতেন।


রাঙামাটির আদিবাসী নেতাসহ বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল রেনিন সোর। অনেক সামাজিক অনুষ্ঠানে অংশ নিতেন তিনি। সন্তু লারমা, ব্যারিস্টার দেবাশীষ রায়, বীর বাহাদুরসহ বিশিষ্টজনদের সঙ্গে তোলা ছবি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করা আছে। গত ২৮ জুলাই সিলেটের ছাতক থেকে ১২টি ঘোড়া কিনে রাজস্থলী নিয়ে আসেন রেনিন সো। পরে ২৫ আগস্ট বিজিবি যে ১০টি ঘোড়া আটক করেছিল, তা আরাকান আর্মি চলাচলে ব্যবহার করলেও মালিকানা রেনিন সোর ছিল বলেই ধারণা। আর এ ঘটনায় বিজিবির ওপর সশস্ত্র হামলায় রেনিন সোর বিরুদ্ধে সন্দেহ বেড়ে যায় গোয়েন্দাদের। তিনি মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির ‘বড় নেতা’ বলেই ধারণা ছড়াতে থাকে। গোয়েন্দারা ইতিমধ্যে নিশ্চিত হয়েছে, রেনিন সো ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন সময় আরাকান আর্মির সমর্থনে বিজিবি ও সেনাবাহিনীর বিরুদ্ধে স্টেটাস দিয়েছেন।


অন্যদিকে পলাতক অবস্থায় একজন গণমাধ্যমকর্মীর সঙ্গে স্কাইপি যোগাযোগে রেনিন সো আরাকান আর্মির হয়ে কাজ করার কথা স্বীকার করেন এবং তাঁদের হেফাজতে প্রচুর অত্যাধুনিক অস্ত্র রয়েছে বলে দাবি করেন। বাংলাদেশের সঙ্গে কোনো শত্রুতা নেই জানিয়ে রেনিন সো আরো দাবি করেন, সীমান্তে অবস্থান নিয়ে আরাকান আর্মি সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই করছে। তাদের বাংলাদেশে আশ্রয় নেই। ২০০৯ সালের ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা আরাকান আর্মির সঙ্গে নিজের সংশ্লিষ্টতা স্বীকার করেছেন স্কাইপি যোগাযোগে। পাঁচ দিনের রিমান্ড : গ্রেপ্তারের পর ডা. রেনিন সোকে গতকাল আদালতে হাজির করে পুলিশ দুটি মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে।  রাঙামাটির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।