শিশুর নরম কাঁধে নয় সংসারের কঠিন বোঝা
আট/দশ বছরের শিশু শ্রমিক দুলাল। পান্থপথের একটা মোটর গ্যারেজে বেতন ছাড়াই কাজ করে। সংসারে মা আর দু'টি বোন। বাবা নেই। মা অন্যের বাড়িতে কাজ করেন। যে বয়সে বন্ধুদের সাথে হাত ধরে স্কুলে যাওয়ার কথা সে বয়সে সংসারের আয় উপার্জনের জন্য প্রস্তুতি নিচ্ছে মোটর গ্যারেজে শিশুশ্রমিক হয়ে। ইতোমধ্যে সে গাড়ি ধোয়া মোছা করা, মবিল পাল্টানো, ছোটখাট মোটর গাড়ির যন্ত্রপাতি লাগানো, গাড়ির চাকায় হাওয়া দেয়াসহ টুকিটাকি অনেক কাজ শিখে গেছে।
দুলাল তার বয়সী ও বড়দের সঙ্গে মিলে হেসে-খেলেই কাজ করে সারাদিন। রাস্তার পাশে একটা মোটর সাইকেল পানি দিয়ে ধুতে ধুতেই কে যেন গ্যারেজের ভেতর থেকে ডাক দিলো দুলালকে। অমনি সে পানির পাইপটা রাস্তায় ফেলেই দৌড়। পানিতে ভিজে গেল চলন্ত রিক্সা, বেবিটেক্সির যাত্রী। সাথে সাথেই অন্য আরেকজন এসে পানির পাইপটা বন্ধ করলে এ যাত্রায় রক্ষা পেল দুলাল। সংসারের টানাটানি আর পরিবারের প্রয়োজন মেটাতে সে আজ ঝুঁকিপূর্ণ শিশু শ্রমিকের কাজে নেমেছে। ৪ থেকে ৫ বছর বিনা পারিশ্রমিকে কাজ শিখলে কোন ভাল গ্যারেজে কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে পারবে দুলাল। তখন সে পাবে মাসিক হারে বেতন, যা দিয়ে সংসারের হাল ধরা যাবে। আর সে অবস্থা তৈরি হলেই সংসারে সুখ আসবে, সেই আশায় সারাদিন পরিশ্রম করে দিন কাটাচ্ছে শিশু শ্রমিক দুলাল।
দেশের মোট শ্রমিকের মধ্যে অন্তত ১২ শতাংশই হচ্ছে শিশুশ্রমিক। পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুসারে এ তথ্য পাওয়া যায়। সেই হিসাবে বর্তমানে দেশে শিশুশ্রমিকের সংখ্যা ২৪ লাখ ৮০ হাজার। তাদের মধ্যে ৪২ দশমিক ৯ শতাংশ শিশু শ্রমিক ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে।
১৯৯০ সালের এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলে ১৫ বছরের নিচে ২ লাখ ৯০ হাজার শিশু অতিদারিদ্র্যের কারণে শ্রমে নিয়োজিত হয়। কিন্তু শিশুনীতির বাস্তবায়ন পরিকল্পনায় কোন উল্লেখযোগ্য উদ্যোগ নেই বললেই চলে। ১০ বছর আগে দেশে শিশু শ্রমিকের সংখ্যা ছিল ৪৯ লাখ ১০ হাজার। সম্প্রতি ভাগ্যহত শিশুদের ওপর একটি জরিপ করেছে সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি)। সংস্থাটির গবেষণা অনুসারে, গত ১০ বছরে শিশু শ্রমিকের সংখ্যা কমেছে। সেভ দ্য চিলড্রেন সুইডেন-ডেনমার্কের সহযোগিতায় গবেষণাটি পরিচালনা করেছে সিএসআইডি।
সংশ্লিষ্টরা মনে করেন, রাতারাতি বাংলাদেশ থেকে শিশুশ্রম দূর করা যাবে না ঠিকই, তবে এর জন্য নাগরিকদের সচেতন হতে হবে এবং সকল অংশীজনের একসঙ্গে কাজ করতে হবে। শিশুশ্রম দূর করতে খসড়া নীতিকে একটি চূড়ান্ত খসড়ায় রূপদানের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সেভ দ্য চিলড্রেন এক সেমিনারের আয়োজন করে, যেখানে জাতীয় পর্যায়ের অংশীজনের সঙ্গে খসড়া নীতিটি নিয়ে আলোচনা হয়। এতে বলা হয়, দেশে ৭৪ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজের সাথে জড়িত। ছোট্ট শিশুদের কাঁধে তুলে নিতে হচ্ছে সংসারের কঠিন বোঝা। শিশুশ্রম বন্ধে প্রণীত আইন তাদেরকে যেমন কোন সুরক্ষা দিতে পারেনি, তেমনি তাদের শিক্ষার জন্য নেই তেমন উদ্যোগও।
‘শিশুদের জন্য জাতীয় ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা নীতি’ প্রণয়নের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের প্রথম দেশ হতে যাচ্ছে। সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহায়তায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ইতোমধ্যে এ নীতির খসড়া প্রস্তুত করেছে। সম্প্রতি এক সেমিনারে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক জানিয়েছেন এ নীতির পর শিশুদের জন্য জাতীয় সিএসআর সম্পর্কিত একটি আইনও করবে সরকার। শিশুদের জন্য জাতীয় ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা নীতি বাংলাদেশে মাইলফলক হিসেবে কাজ করবে। প্রতিবেশী দেশগুলোতে সামাজিক দায়বদ্ধতার কোনো বিষয় এখন পর্যন্ত আসেনি। বাংলাদেশও এ বিষয়টি এখন পর্যন্ত নতুন বলে জানিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক । সে ক্ষেত্রে সবার সম্মিলিত প্রচেষ্টা ও পদক্ষেপ এ বিষয়ে সফলতা আনবে বলে আশা প্রকাশ করেন তিনি। সেমিনারে জানানো হয়, এ নীতির প্রধান উদ্দেশ্যগুলো হলো শিশু-কিশোরদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা, তাদের দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়নের জন্য সামাজিক দায়বদ্ধতাকে উৎ্সাহিত করা, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উভয় ক্ষেত্রে শিশু-কিশোরদের জন্য একই মানের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম বাস্তবায়ন করা, এবং বর্তমানে ভিন্নভিন্নভাবে চলমান সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম সমন্বিত করা।
দ্বিতীয় ন্যাশনাল প্ল্যান অব অ্যাকশন ফর চিলড্রেনে (১৯৯৭-২০০২) দেশে শিশুশ্রমের বিষয়টি প্রথম চিহ্নিত হয়। ২০০১ সালের মার্চ মাসে সরকার আন্তর্জাতিক শ্রম সংস্থার ১৮২ নম্বর ধারায় অনুসমর্থন দেয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সে বছরই জাতীয় শিশুনীতি প্রণয়ন শুরু করে। ১৯৯৪ সালের জাতীয় শিশুনীতিতে এটা স্বীকার করা হয় যে অর্থনৈতিক দুরবস্থা ও পরিবারের প্রয়োজন মেটাতে শিশুরা নানা শ্রমে নিয়োজিত হয়। এ ক্ষেত্রে গ্রাম-শহরের ভেদ নেই।
শ্রম আইন, ২০০৬ অনুসারে, কাজে যোগদানের ন্যূনতম বয়স হচ্ছে ১৪ বছর আর ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে তা ১৮ বছর। ১২ থেকে ১৪ বছর বয়সের মধ্যে হালকা কাজ করলে সেটাকে ঝুঁকিমুক্ত কাজ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা তাদের পড়াশোনায় ব্যাঘাত সৃষ্টি করে না।
এই শিশুরা অল্প বয়সে শ্রমে নিযুক্ত হওয়ায় তাদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। আবার এর কারণে তাদের শিক্ষাপ্রাপ্তির সুযোগও সীমিত হয়। তারা দারিদ্র্যের দুষ্টচক্রে ঘুরপাক খেতেই থাকে।
ঝুঁকিপূর্ণ শিশুদের এ হিসাব প্রকাশ করেছিল আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও। এরপর এ বিষয়ে আর কোন জরিপ হয়নি।
বিশেষজ্ঞরা বলেন, কেবল আইন প্রণয়ন করলেই চলবেনা, শিশুশ্রম বন্ধে আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। তাদের মতে, জনসংখ্যা বৃদ্ধির কারণে মানুষ একদিকে শহরমুখী হচ্ছে অন্যদিকে বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা।
শিশুশ্রমের হারের ভিত্তিতে পরিমাপ করা হয় সে দেশ উন্নয়নে কতটা পিছিয়ে আছে। তাই শিশু অধিকার নিশ্চিত ও শিশুশ্রম বন্ধ করতে সবাইকে একত্রে কাজ করতে হবে।
দেশে শিশুশ্রম কমেছে, এটা ইতিবাচক। সরকারি-বেসরকারি প্রচেষ্টায় ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যালয়ে গমনের হার বেড়ে যাওয়ার সঙ্গে জড়িত এই সাফল্য। তবে এটাই যথেষ্ট নয়। কারণ, সিএসআইডির গবেষণাতেই বেরিয়ে এসেছে, শিশুশ্রম কমলেও দেশে শিশু শ্রমিকের সংখ্যা এখনো ঢের বেশি। এসব শিশুদের রক্ষা করতে সরকারকে যেমন একদিকে শিশু অধিকার সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে হবে, তেমনি দারিদ্র্য হ্রাসে আরও মনোযোগ দিতে হবে। বাসস।











