জঙ্গি নিয়ে রাজনীতি তুঙ্গে
জঙ্গি কখনো রাজনীতির উপাদান হতে পারে না। হলেও কেউ চাইবে না বাংলাদেশের পরিণতি সিরিয়া, ইরাক, লিবিয়া, আফগানিস্তানের মত সম্পদশালী দেশ হয়েও ভূকৌশলগত কারণে মধ্যপ্রাচ্যে নিয়ে পরাশক্তির রাজনৈতিক খপ্পরে পড়ে টুকরো টুকরো হোক। কিন্তু তারপরও বাংলাদেশে জঙ্গি নিয়ে পরস্পর দোষারোপের রাজনীতি চলছে। এক অপরকে জঙ্গির আশ্্রয়দাতা বলছে। এমনটি করা হলে আবারও বাংলাদেশে জঙ্গির বড় আস্তানা গড়ে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের যে আহ্বান জানিয়েছেন তাতে কোনো উৎসাহ নেই।রোববারও তিনি একই আহবান জানান। নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন এই দেশী ও বিদেশী চক্রের নিজস্ব এজেন্ডা আছে। লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে তারা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চাচ্ছে। এর অংশ হিসেবে আইএসসহ নানা ধরনের জঙ্গি সংগঠন বাংলাদেশে সক্রিয় এটা প্রমাণ করতে চাচ্ছে। এদের এখনই রোধ করতে হবে। প্রকৃত অপরাধীকে শনাক্ত করে তাদের শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ধ্বংসের আশংকা আছে।
দুই বিদেশি হত্যা আর কয়েকটি দেশের দূতাবাস থেকে বাংলাদেশ ভ্রমণে সর্বোচ্চ সর্তকতা জারি আলোচনায় মধ্যপ্রাচ্যে ভিত্তিক জঙ্গী গোষ্ঠী আইএস আর বাংলাদেশে এর বিস্তার, সব মিলিয়ে অস্বস্তিতে সরকার ও দেশ।
বিদেশি হত্যায় দেশে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। এর সঙ্গে জঙ্গিদের যোগসূত্র থাকার বিষয়টি সামনে এসেছে। এই প্রেক্ষাপটে রাষ্ট্রবিজ্ঞানী ড. হারুন-অর-রশিদ প্রথম আলোকে বলেছেন, দেশে আইএস নেই। জঙ্গি আছে। তবে বাংলাদেশের সমাজে কখনোই তারা ঘাঁটি গাড়তে পারবে না। মানুষের সমর্থন পাবে না। যে কোনো দেশে জঙ্গিদের নেটওয়ার্ক গড়ে তুলতে হলে ভিত্তি ও আশ্রয় লাগে, সেটি এখানে তারা পাবে না।
আফগানিস্তনে সোভিয়েতবিরোধী যে মুজাহিদ বাহিনী গড়ে উঠেছিল, তাতে বাংলাদেশ থেকে অনেকে গিয়েছিল, তারা দেশে ফিরে হরকাতুল জিহাদ, জেএমবিসহ বিভিন্ন সংগঠন গড়ে তুলেছিল। কিন্তু আন্তর্জাতিক জঙ্গিবাদের সঙ্গে তাদের শক্ত নেটওয়ার্ক আছে বলে মনে হয় না।
রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাবির সাবেক ভিসি এমাজউদ্দীন আহমদ জঙ্গি প্রসঙ্গে বলেন, আমি মনে করি আমাদের দেশে ইসলামি জঙ্গিবাদ কখনো বিস্তার লাভ করতে পারেনি। এর অস্তিত্ব নেই, থাকার কারণও নেই। আমাদের দেশের মানুষ জঙ্গিবাদ পছন্দ করে না। এখানকার আবহাওয়া, পরিবেশ, প্রকৃতি ও জনগণের মানসিকতা এর সহায়ক নয়। তবে কোনো কারণে বা কোনোভাবেই জঙ্গিবাদ যাতে এ দেশে বিস্তারের সুযোগ না পায়, সে জন্য জাতীয় স্বার্থে গোয়েন্দা তৎপরতা বাড়ানো জরুরি।
কূটনৈতিক চ্যালেঞ্জে সরকার প্রসঙ্গে সাবেক নির্বাচন কমিশনার ও নিরাপত্তা বিশ্লেষক ব্রি. জে. এম সাখাওয়াত হোসেন(অবঃ) বলেন, আনেক দিন ধরে উপলব্ধি করছি বাংলাদেশের সাথে পশ্চিমা দেশগুলো যেখানে আমাদের স্বার্থসংশ্লিষ্ট অনেক বিষয় রয়েছে সেখানে বাংলাদেশের তাদের সাথে একটা দূরত্বের সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, বুঝতে পারছি না আসলে এগুলো কি আমাদের সরকারি কূটনৈতিক ব্যর্থতা নাকি কূটনৈতিক তৎপরতা নেই।
গত ২/৩ বছর ধরে যা দেখা যাচ্ছে আমরা ধীরে ধীরে সম্পর্কের বাইরে চলে যাচ্ছি। পশ্চিমা দেশগুলোর সাথে বাংলাদেশের দূরত্বের সৃষ্টি হচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, জঙ্গিবাদকে যারা সমর্থন ও পৃষ্ঠপোষকতা করে তাদের সঙ্গে কোনো জাতীয় ঐক্য নয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল্লাহ আল নোমান বলছেন, জঙ্গি ইস্যুতে ঐক্য না হলে, তৃতীয় কোনো পক্ষ লাভবান হবে। তবে, আওয়ামী লীগ বলছে, জঙ্গীবাদের পৃষ্ঠপোষকের ভূমিকা আছে বিএনপির। তাই তাদের সাথে জাতীয় ঐক্যের কোনো সুযোগ নেই। আর এ সব ঘটনার পেছনের কুশিলবরা শিগগিরই ধরা পড়বে বলেও আশা শেখ ফজলুল করিম সেলিমের।
আর যখন এমন সব ঘটনায় রটনায় দেশে বিদেশে আলোচনা সমালোচনা, তখন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের আহ্বান জাতীয় ঐক্যের। যা স্বার্থান্বেষী মহল বা তৃতীয় শক্তির উত্থান ঠেকাবে বলে মনে করেন আব্দুল্লাহ আল নোমান। তবে বিএনপি জামায়াত দুই বিদেশি হত্যায় জড়িত প্রধানমন্ত্রীর এমন অভিযোগে আহত তারা।
আর এসব ঘটনায় আইএস জঙ্গীদের সম্পৃক্ততার কথাও মানতে নারাজ শেখ সেলিম। তার মতে দৃষ্টি আকর্ষণের জন্যই অনেকে নিজেদের আইএস বলে দাবি করছে।
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সোমবার যুগান্তরকে বলেন, ‘দুই বিদেশি হত্যার ঘটনা আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতারই প্রমাণ। এর সঙ্গে আইএস কিংবা অন্য কোনো জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে বলে আমি মনে করি না।’ তিনি বলেন, কোথা থেকে এখানে আইএস আসবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ঠেকাতে কেউ কেউ জঙ্গি তৎপরতার কথা বলছেন। আইনশৃংখলা পরিস্থিতির উন্নতি করতে পারলে, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারলে এসব অপপ্রচার ধোপে টিকবে না।
২০ দলীয় জোট নেতা ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, মেহমান-প্রিয় বাংলাদেশের মাটিতে দুই বিদেশি নাগরিকের হত্যা ক্ষমতাসীনদের ক্ষমাহীন অপরাধ। সরকারের কাছে অনুরোধ হত্যা তদন্তকে নিজস্ব নিয়মে স্বাধীনভাবে চলতে দিন। চিহ্নিত এজেন্ট ও ভিনদেশী প্রেসক্রিপশনের ফাঁদে পা দেবেন না।
প্রধান আরো বলেন, এই নির্মম সত্য মেনে নেওয়া ভালো যে, ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচনকে দেশবাসি ও তামাম দুনিয়া মেনে নেয় নাই। তিনি বলেন, প্রতিহিংসা-ঘৃণা, দোষারোপের রাজনীতি আমাদের কিছুই দেবে না। এই অবস্থাা চলতে থাকলে পরাজিত হবে রাষ্ট্র। জেল-জুলুম, হামলা-মামলা বন্ধ করে তিনি বেগম খালেদা জিয়ার সাথে আলোচনায় বসার জন্য সরকারকে পরামর্শ দেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন একটি জাতীয় দৈনিকে বলেছেন, পশ্চিমারা জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে। এ বিষয়টি মাথায় রেখে পশ্চিমাদের সমর্থন ও সহানুভূতি আদায়ে সরকার প্রথম থেকেই দেশে জঙ্গি আছে বলে প্রচারণা চালিয়েছে। এখন আবার তারাই বলছে দেশে জঙ্গি নেই। সরকারের জঙ্গি প্রচারণা এখন তাদেরই গলার কাঁটা হয়েছে। তাই দুই বিদেশি হত্যার দায় বিএনপি ও জামায়াতের ওপর চাপানো হচ্ছে। ফলে প্রকৃত অপরাধীরা আড়ালেই থাকবে। বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে। সরকারের ভাবমূর্তিও ক্ষুন্ন হবে।
জঙ্গি নিয়ে চলছে রাজনীতি সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক যুগান্তরকে বলেন, দুই বিদেশি হত্যার পর সরাসরি বিএনপি-জামায়াতকে দোষারোপ করা চরম অদক্ষতার বহিঃপ্রকাশ। একইভাবে যারা জঙ্গি তৎপরতার কথা বলছেন তারাও নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য পরিকল্পিতভাবে এ কাজটি করছেন। যাতে করে সিরিয়া, পাকিস্তান-আফগানিস্তানের মতোন বাংলাদেশকেও ধীরে ধীরে ব্যর্থ রাষ্ট্র বানানো যায়। তিনি বলেন, ‘আমাদের এখান থেকেই অনেকে জঙ্গি জঙ্গি বলে প্রচারণা চালাচ্ছেন। রাতের টকশোতে বেশির ভাগ টেলিভিশন চ্যানেলে দেখা যায় আলোচনা হচ্ছে জঙ্গি নিয়ে। আমরাই জঙ্গি জঙ্গি বলে চেঁচামেচি করছি। যার সুযোগ বিদেশিরা তো নেবে।’
আমাদের সময়.কম











