স্বপ্নযাত্রায় পপি, দৃষ্টিশক্তি হারাতে বসেছেন প্রিয়া, ঢাকার চলচ্চিত্রে আবারও ভারতীয় শিল্পী আমদানি
নতুন করে আবারও চলচ্চিত্রে নিয়মিত হওয়ার চেষ্টা করছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পপি। এরই ধারাবাহিকতায় কিছুদিন আগে তিনি ‘সোনাবন্ধু’ নামে একটি ছবির কাজ শুরু করেছেন। এবার ‘দ্য আমেরিকান ড্রিম’ নামে আরও একটি নতুন ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। ছবিটি পরিচালনা করছেন এম জসীম উদ্দিন। এ ছবিতে অভিনয় প্রসঙ্গে পপি বলেন, ‘দ্য আমেরিকান ড্রিম’ ছবির গল্প কাজটি করার জন্য আমাকে ভীষণ আগ্রহী করে তুলেছে। আমাদের দেশের অনেকেরই স্বপ্ন থাকে আমেরিকা যাওয়ার। সেই স্বপ্নের গল্প নিয়েই এগিয়ে যাবে দ্য আমেরিকান ড্রিম। আশা করি ভালো একটি ছবি উপহার দিতে পারব। শিগগিরই ছবির শুটিং শুরু হবে বলে নির্মাতা জানান। ছবিটি ইংরেজি ভাষায় নির্মিত হবে। পরে তা আবারও বাংলায় ডাবিং করা হবে। প্রসঙ্গত, পপি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি প্রয়াত আবদুল্লাহ আল মামুনের ‘দুই বেয়াইয়ের কীর্তি’।
দৃষ্টিশক্তি হারাতে বসেছেন প্রিয়া
ডাক্তারের পরামর্শ ছাড়া নিুমানের লেন্স ব্যবহার করার কারণে শেষ পর্যন্ত দৃষ্টিশক্তি হারানোর পথে অভিনেত্রী প্রিয়া আমান। তার দুটি চোখের কর্ণিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে চোখে এখন কিছুই দেখতে পাচ্ছেন না বলে জানিয়েছেন এ অভিনেত্রী। প্রিয়া জানান, ৩০ সেপ্টেম্বর কারওয়ানবাজারের ইউটিসি ভবনের এক শুটিং হাউসে ‘ইয়েস ম্যাডাম নো স্যার’ শিরোনামের ধারাবাহিক নাটকের শুটিংয়ে অংশ নেন।
অভিনয়ের সময় তিনি চোখে আলাদা লেন্স ব্যবহার করেন। শুটিং শেষে লেন্স খুলে ফেলার পরপরই চোখে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। এসময় চিৎকার করে অজ্ঞান হয়ে যান। এরপর রাস্তায় কর্তব্যরত পুলিশ তাকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চক্ষু হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা জানান, মেয়াদোত্তীর্ণ লেন্স ব্যবহারের কারণে লেন্সের রঙ চোখের ভেতর ছড়িয়ে কর্ণিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রিয়া আরও জানান, ইয়েস ম্যাডাম নো স্যার ধারাবাহিক নাটকের শুটিংয়ের জন্য ৩০ সেপ্টেম্বর ফার্মগেট থেকে লেন্সটি কিনেছিলেন তিনি। প্রসঙ্গত, টিভি পর্দার পাশাপাশি সিনেমায়ও অভিনয় করেছেন প্রিয়া। সোহেল রানার হাত ধরে ‘অদৃশ্য শত্র“’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক তার। এরপর অভিনয় করছেন শারমিন সুলতানা শর্মীর পরিচালনায় ‘বিজয়িনী’ শিরোনামের একটি অনুদানের ছবিতে।
ঢাকার চলচ্চিত্রে আবারও ভারতীয় শিল্পী আমদানি
ঢাকার চলচ্চিত্র শিল্পের দুরাবস্থায় নির্মাতারা যেন নিজস্ব শিল্পীর ওপর আস্থা রাখতে পারছেন না। বারবার দ্বারস্থ হচ্ছেন বিদেশী শিল্পীর ওপর। যদিও এ বিদেশী শিল্পী বলতে শুধু ভারতের কলকাতার শিল্পীদেরই বোঝায়।
নিজেদের নির্মাণের অজ্ঞতা এবং অদক্ষতা ঢাকতেই দেশীয় শিল্পীদের প্রতি অনাস্থা দেখিয়ে নতুন করে আবারও ভারতীয় শিল্পী আমদানি করছেন কেউ কেউ। এরই মধ্যে নিরঞ্জন বিশ্বাস নামে এক পরিচালক তার নাম ঠিক না হওয়া নতুন একটি ছবির জন্য ভারত থেকে অখ্যাত আরও একজন অভিনেত্রীকে ঢাকার চলচ্চিত্রে যুক্ত করছেন বলে জানা গেছে। তার নাম মালবিকা। ছবিতে এ অভিনেত্রীকে কলকাতার দ্বিতীয় শ্রেণীর নায়ক ওম অথবা অঙ্কুশের সঙ্গে দেখা যেতে পারে। এরই মধ্যে পরিচালক মালবিকা, ওম এবং অঙ্কুশের সঙ্গে মিটিং করেছেন বলে জানা গেছে। যদিও কলকাতায় মালবিকার কোনো হিট ছবি নেই। অন্যদিকে ওম কিংবা অঙ্কুশ কলকাতার মতো বাংলাদেশেও ফ্লপ। যেটা গেল ঈদে ‘আশিকী’ ছবির ব্যর্থতায় স্পষ্ট হয়ে গেছে। তারপরও দেশীয় শিল্পীর প্রতি অবহেলা দেখিয়ে এসব নামধারী পরিচালক কেন কলকাতার শিল্পীদের আমদানি করে বাংলাদেশের চলচ্চিত্র প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন সেটা প্রশ্নসাপেক্ষ।











