র্যাব হেফাজতে ইউজিসি কর্মকর্তার মৃত্যু ঘিরে রহস্য, সিজার তাভেলাকে হত্যার ঘটনায় এ পর্যন্ত দৃশ্যত কোন ক্লু উদ্ধার করতে পারেনি গ্রেপ্তার নেই
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তারকৃত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজ (৩৫) র্যাবের হেফাজতে থাকা অবস্থায় মারা গেছেন। র্যাবের দাবি, তিনি হৃদরোগে মারা গেছেন। তবে পরিবারের অভিযোগ, দুই দফা রিমান্ডে নেয়া ও অমানুষিক নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল মর্গে পাঠিয়েছে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, দুই দিনের রিমান্ডে ওমর সিরাজকে জিজ্ঞাসাবাদ করছিল র্যাব। রিমান্ডের দ্বিতীয় দিনে বিকাল ৫টার দিকে বুকে ব্যথা অনুভব করেন তিনি। তাৎক্ষণিক তাকে হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হয়। বিকাল ৫টা ৫০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৭টার দিকে তার মৃত্যু হয়। চিকিৎসকের বরাত দিয়ে র্যাবের এ কর্মকর্তা বলেন, চিকিৎসকরা তার ডেথ সার্টিফিকেটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কথা উল্লেখ করেছেন। তারপরও ময়ানতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেখানে মৃত্যুর প্রকৃত কারণ পরিষ্কার হয়ে যাবে। পরিবারের নির্যাতনের অভিযোগ অস্বীকার করে র্যাব কর্মকর্তা মুফতি মাহমুদ খান বলেন, এটা ভিত্তিহীন অভিযোগ। তাকে কোন নির্যাতন করা হয়নি। তাকে প্রশ্নপত্র ফাঁস বিষয়ে জিজ্ঞাসাবদ করা হচ্ছিল।
পরিবার ও র্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় র্যাব-৪ কার্যালয়ে রিমান্ডে থাকা অবস্থায় ওমর সিরাজ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে র্যাব সদস্যরা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে শেরেবাংলানগর থানার এসআই ওয়াজেদ আলী তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল মর্গে পাঠান। শেরেবাংলানগর থানার এসআই ওয়াজেদ আলী জানান, তিনি শুধু খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছেন। নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের জানান, ১৮ই সেপ্টেম্বর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তার স্বামীকে র্যাব আটক করে নিয়ে যায়। এরপর শেরেবাংলানগর থানায় র্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করে। নম্বর-৩৫। এরপর পুলিশ তাকে আদালতে হাজির করে দুদিনের রিমান্ডে নেয়। রিমান্ডে তার কাছে পুলিশ কোন গুরুত্বপূর্ণ তথ্য পায়নি বলে দাবি করেন তিনি। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। তিনি আরও জানান, ঈদের ছুটিতে আদালত বন্ধ ছিল। এরপর র্যাব তাকে গত ২৯শে সেপ্টেম্বর আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করে। আদালত তাকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে তাকে যখন কাঠগড়ায় উঠানো হয়েছিল তখনও তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।
বুকে ব্যথা অনুভব করেছিলেন বলে আমাদের জানিয়েছিলেন। তার রিমান্ড বাতিল করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি অথবা কারাগারে পাঠানোর জন্য আদালতের কাছে আমাদের আইনজীবী আবেদন করেছিলেন। কিন্তু আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করে। পরে র্যাব সদস্যরা তাকে র্যাব-৪ কার্যালয়ে নিয়ে যান। তার স্বামীকে সেখানেই জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি বলেন, সেখানে জিজ্ঞাসাবাদ করায় আমরাও উদ্বিগ্ন ছিলাম। ওই কার্যালয়ে বুধবার দুপুরে কিছু শুকনো খাবার নিয়ে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু আমাদের সঙ্গে দেখা করতে দেয়া হয়নি। এরপর বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিক্যাল থেকে শেরেবাংলানগর থানার এস আই ফোন করে জানায় আমার স্বামী হৃদরোগে মারা গেছেন।
নিহতের ভাই আশরাফ উদ্দীন জানান, তার ভাইয়ের হার্টের রোগ বা ডায়াবেটিস ছিল না। প্রথম দফায় রিমান্ডে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।
র্যাবের নির্যাতনে তার ভাই মারা গেছেন। তিনি যদি অপরাধী হয়ে থাকতেন তাহলে তার আইনের মাধ্যমে যে সাজা হতো তা মেনে নেয়া যেত। তিনি আরও জানান, তার ভাই ষড়যন্ত্রের শিকার। তিনি প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ছিলেন না। ইউজিসির কয়েকজন অসৎ কর্মকর্তার ষড়যন্ত্রের শিকার তিনি। তাকে ফাঁসানো হয়েছে। তার কাছে কোন তথ্য না পেয়ে র্যাব তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। ওমর সিরাজের পিতার নাম ইসমাঈল হোসেন। তিনি মিরপুর থানাধীন মধ্য পীরেরবাগের ১২২/ক নম্বর বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন। গ্রামের বাড়ি যশোর জেলার সারসার সুরাবগোপ এলাকায়। তিন ভাই এক বোনের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন। উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১৮ই সেপ্টেম্বর মেডিক্যাল ভর্তি পরীক্ষার সকালে ইউজিসির প্রধান কার্যালয় থেকে ওমর সিরাজ ও অন্য আরেকটি অভিযানে জুডিশিয়াল সার্ভিস কমিশনের স্টোরকিপার রেজাউল করীম ও ইমতিয়াজ হৃদয়কে আটক করে র্যাব। গ্রেপ্তারকৃত অন্য দুজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।
মেলেনি ক্লু গ্রেপ্তার নেই
ইতালিয়ান নাগরিক সিজার তাভেলাকে হত্যার ঘটনায় এ পর্যন্ত দৃশ্যত কোন ক্লু উদ্ধার করতে পারেনি আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। এ পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তারও করা যায়নি। তবে গোয়েন্দা সূত্র জানিয়েছে, সিজার হত্যার ঘটনায় দেশী ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে প্রায় ২৬ জনকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। তাদের অধিকাংশই রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট।
এ ঘটনায় তারা জড়িত কি-না তা নিশ্চিত হওয়ার জন্য তথ্য-প্রযুক্তি ব্যবহার করে তদন্ত করা হচ্ছে। কূটনীতিক পাড়ার নিরাপত্তা বেস্টনীর মধ্যে সিজার হত্যাকাণ্ডের ঘটনায় প্রশ্নবিদ্ধ হয়েছে পুলিশ।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, তাভেলা সিজার হত্যার ঘটনায় তার বান্ধবী ডাচ নাগরিক নিগার রিগ্যালকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। একই সঙ্গে সিজারের কর্মস্থল আইসিসিও কো-অপারেশনের কমিউনিকেশন কর্মকর্তা মার্টিনকেও জিজ্ঞাসাবাদ করেছে। তদন্ত কমিটি তাদের বক্তব্য লিপিবদ্ধ করেছে। তদন্ত কমিটির একজন কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে তারা সিজারের ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন। গত মে মাসে ঢাকায় আসার পর তার সঙ্গে শুধু প্রাতিষ্ঠানিক বিষয়ে মার্টিনের সঙ্গে কথোপথন হয়েছে। রিগ্যাল জানিয়েছেন, সিজারের সঙ্গে তার শুধু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ঢাকায় বিভিন্ন সময়ে তার সঙ্গে আড্ডা দিয়েছেন। তিনি খুন হবেন তা তিনি স্বপ্নেও ভাবেননি রিগ্যাল।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, এনজিও সংস্থা আইসিসিও কো-অপারেশনে কর্মরত অর্ধশতাধিক ব্যক্তির তথ্য সংগ্রহ করেছেন তদন্তকারীরা। কিন্তু ওই সংস্থায় সিজারের সঙ্গে কারও শত্রুতা ছিল না বলে প্রায় নিশ্চিত হয়েছেন তারা। একইভাবে সিজারের ব্যক্তিগত নানা বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে তিনি নিয়মতান্ত্রিক জীবনযাপন করতেন। অফিস, বাসা ও আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের সুইমিংপুল ও বিকালে জগিং করার মাধ্যমেই সময় অতিবাহিত হতো তার। সবকিছু মিলিয়ে সিজারের জীবন ছিল নিয়মতান্ত্রিক। বাংলাদেশে আসার মাত্র চার মাসের মধ্যেই তাকে হত্যা করা হলো। এই হত্যাকাণ্ডটি তার ব্যক্তিগত কোন বিষয়কে কেন্দ্র করে ঘটেনি বলে গোয়েন্দারা মনে করছেন। গতকাল পর্যন্ত গুলশান এলাকার সিসি ক্যামেরার ফুটেজ নিরীক্ষা করেছেন গোয়েন্দারা। এতে কিলারদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়াও সন্দেহভাজন ২৬ জনের তালিকা করা হয়েছে বলে সূত্রে জানা গেছে। তাদের মোবাইল ফোন ট্রাকিংসহ প্রযুক্তির সাহায্যে নানাভাবে তদন্ত করা হচ্ছে। ওই তালিকায় কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের নামও রয়েছে।
সিজার হত্যাকাণ্ডে সরাসরি তিনজনের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়েছেন তদন্তকারীরা। হত্যার পর মোটরসাইকেলযোগে ৮৯ নম্বর সড়ক দিয়ে পালিয়ে যায় কিলাররা। তবে এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডে জঙ্গি সম্পৃক্ততার কোন প্রমাণ পাননি তারা। হত্যার দায় স্বীকার করে ইসলামিক স্টেট বা আইএসের যে বিবৃতি প্রকাশিত হয়েছে এমন কোন ওয়েব সাইটের ভিত্তি পাননি গোয়েন্দারা। সিসি টিভির ফুটেজ ও তথ্য-প্রযুক্তির মাধ্যমে হত্যাকাণ্ডের ক্লু উদ্ধারের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এই হত্যাকাণ্ডকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এসএম জাহাঙ্গীর আলম বলেন, আমরা আশাবাদী শিগগিরই এই হত্যার ক্লু বের হবে। সরকারকে আন্তর্জাতিকভাবে চাপে রাখতে কোন গোষ্ঠী সিজারকে পরিকল্পিতভাবে হত্যা করেছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। একইভাবে হত্যাকাণ্ডে উগ্র মৌলবাদী বা জঙ্গি গোষ্ঠীর জড়িত থাকা, সিজারের ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক বিষয়কে সামনে রেখে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
গত ২৮শে সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৬টার দিকে গুলশান-২ নম্বরের ৯০ নম্বর সড়কে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নেদারল্যান্ডস ভিত্তিক এনজিও আইসিসিও কোঅপারেশন বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক তাভেলা সিজার (৫০)। তিনি আইসিসিও কো-অপারেশনের ‘প্রফিটেবল অপরচ্যুনিটিজ ফর ফুড সিকিউরিটি’ কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন। এনজিওটি বাংলাদেশে পানি, স্যানিটেশন, রিফিউজি সমস্যা ও পুনর্বাসনসহ নানা সমাজসেবামূলক কাজ করে থাকে।











