বুড়ো গাছের পাতায় সবুজ কিন্তু আজও মাতায়
১ অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস
মার্কিন যুক্তরাষ্ট্রের এক বিখ্যাত সংস্থা আমেরিকান অ্যাসোসিয়েশন অব রিটায়ার্ড পার্সনস (এএআরপি)। ৫০ বছর বয়স হলে ওই সংস্থার সদস্য হওয়া যায়। অনেকে এর সঙ্গে যুক্ত হয়ে নিজের ইচ্ছা ও সাধ্যমতো কাজ করেন। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে আনন্দে ছোটেন তারা। এএআরপি প্রতি বছর 'বীর', 'আমেরিকান হিরো' এরকম নানা নামে পুরস্কৃত করে তাদের। এমন একজন রোস নাকামুরা। 'লিভিং প্রিজার অব হাওয়াই' বলা হয় তাকে। বয়স ৮১। বৌদ্ধধর্মে বিশ্বাসী। কর্মক্ষেত্র হাওয়াই। চাকরি জীবনের ২৫ বছরের পর অন্য এক কাজে জড়িয়ে পড়েন রোস। 'ডানা' বলে এক প্রকল্পের তিনি স্রষ্টা। হাওয়াইয়ের মানুষের গড় আয়ু একটু বেশিই। রুটি-রুজির তাগিদে নবীনদের বেরিয়ে পড়তে হয় ঘর ছেড়ে বাইরে। ফলে একটা সময় মা-বাবারা একা হয়ে যান। কে তাদের দেখভাল করবে? বিপদে-আপদে কে ছুটে আসবে তাদের কাছে? রোস নাকামুরা 'ডানা'র সাহায্যে এসব মানুষের কাছে আপনজন হয়ে উঠেছেন। সংস্থাটির ভলান্টিয়ার রয়েছেন অনেক। তারাই সিনিয়র সিটিজেনদের আপদ-বিপদ, সঙ্গ-সানি্নধ্য সব কিছুতেই কাছে কাছে থাকছেন। ২০ বছর আগে, অর্থাৎ নাকামুরার বয়স যখন ৬০, তখনই 'ডানা'র জন্ম। ২০ বছর ধরে এ নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছেন তিনি। এএআরপি 'ইন্সপায়ার অ্যাওয়ার্ড' পেয়েছে ২০০৯ সালে।
ডেভিড হেস-ব্যাতিস্তা এরকম আরেক ব্যক্তিত্ব। ইঞ্জিনিয়ার ছিলেন। বিশেষ একটি ব্যাপার তার মনে দাগ কাটে। সেলেন রিও, ক্যালিফোর্নিয়ার এমন এক অঞ্চলের বাসিন্দা, যেখানে ফ্লু হওয়ার পরও চিকিৎসা করার মতো ডাক্তার পাওয়া যায় না। চিকিৎসার অভাবে মারা যায় সেলেনের আঠারো মাসের বাচ্চা। হেস-ব্যাতিস্তা এ ব্যাপারটিতে খুব দুঃখ পান। সুলভ চিকিৎসাসেবা সম্ভব করার জন্য তিনি ছোট ছোট সেন্টার গড়ে তুলতে থাকেন। গোটা ক্যালিফোর্নিয়ার দরিদ্র অঞ্চলে ছড়িয়ে দেন এরকম ক্লিনিক। নাম দেন 'লা ক্লিনিক দ্য না রাঝা' (শান্ত বিপ্লব)। বর্তমানে এই ক্লিনিকের অন্তর্গত ১০০'র মতো ইউনিট বছরে ১ লাখ রোগীর চিকিৎসা করে যাচ্ছে। ইঞ্জিনিয়ার হয়ে ডাক্তারির মতো কাজ কী করে করতে পারলেন ডেভিড? তথ্য সংগ্রহ ও তথ্য প্রসেসিংয়ে দক্ষ হয়েই মেডিকেল সোসিওলজিতে প্রবেশাধিকার পান তিনি। বর্তমানে তার বয়স ৬৮। বিখ্যাত উকলা অর্থাৎ 'সেন্টার ফর দ্য স্টাডি অব ল্যাপিনো হেলথ অ্যান্ড কালচার'র অধিকর্তা তিনি।
রোসলিন হিল। তিনি ছিলেন ইন্টিরিয়র ডেকোরেটর ও ল্যান্ডস্কেপ ডিজাইনার। ১৯৯২ সালে তিনি ওরেগন, পোর্টল্যান্ডের দক্ষিণ-পূর্বের অ্যালবার্টা স্ট্রিটে বাড়ি ব্যবসায় নামেন। পুরনো একটি বাড়ি কিনে তাকে রঙ-তুলি দিয়ে সাজিয়ে বিক্রি করার চেষ্টা করলেন। খদ্দের পেলেন না। কী করবেন এবার? বাড়িটাকে কফি হাউস বানিয়ে ফেললেন। ব্যস। এবার হৈ হৈ করে কাজ জুটে গেল তার। এখন একের পর এক নান্দনিক বাড়ি বানিয়ে চলেছেন আর এতে শহরটাও শৈল্পিক সৌন্দর্যে ভরে যাচ্ছে। যারা বাণিজ্যিক কেন্দ্র হিসেবে তার করা বাড়ি নিচ্ছেন তাদের কাছে রোসলিনের শর্ত দুইটি- ক. বিজনেস আওয়ারের সময় দরজা বন্ধ রাখা চলবে না। যে যখন খুশি ভেতরে গিয়ে বাড়িটির নান্দনিকতা উপভোগ করতে পারবে। খ. জানালা-দরজার মেরামতির জন্য ইন্স্যুরেন্স করতে হবে। জানালার কাচ ভেঙে গেলে সঙ্গে সঙ্গে তা বদলে ফেলতে হবে। নতুন শিল্পিত কাচ লাগাতে হবে। রোসলিনের বয়স ৬০ পেরিয়ে গেছে। কিন্তু তার কাজে আসছে নতুন নতুন চমক। হাতের চমৎকার কাজ দেখে সেখানকার ব্যবসায়ী ও সাধারণ নাগরিকরা তাকে আদর করে ডাকেন 'অ্যালবার্টার রানী'।
তার মতে, 'আমি নিজেকে বলি অন্যদেরও বলি- বাঁচার সুযোগ রয়েছে, এসো করে দেখি।' সঙ্গীত জগতের গ্ল্যাডিস নাইট। সাত-সাতবারের গ্রামি বিজয়ী। লেখক, অভিনেত্রী, ব্যবসায়ী। হঠাৎই একদিন ভাবলেন, অন্য ধরনের কাজের সঙ্গে নিজেকে যুক্ত করবেন। খেয়াল করলেন তিনি কম-বেশি ২০ মিলিয়ন আমেরিকান, যাদের মধ্যে আবার আফ্রো-আমেরিকান বেশি, যারা ডায়াবেটিসের শিকার। দুই ধরনের ডায়াবেটিস, একটা বংশগত বা জিনগত। অন্যটা পরিবেশগত। আসলে গ্ল্যাডিসের বয়স যখন ৩০'র কোঠায় তখন তার মা এলিজাবেথ নাইট টাইপ-টু ডায়াবেটিসে আক্রান্ত হন। তিনি ৫০ বছর এ রোগের সঙ্গে লড়াই করে বাঁচেন। লাইফ স্টাইল নিয়ন্ত্রণ করলে এ রোগ থাকা সত্ত্বেও ভালোমতো বাঁচা যায়, সেটা সচক্ষে দেখার সুযোগ পান গ্ল্যাডস। ১৯৯৭ সালে মা মারা গেলেন। এরপরই গ্ল্যাডিস তৈরি করলেন 'এলিজাবেথ নাইট ফান্ড'- ডায়াবেটিস গবেষণা ও সচেতনতা কেন্দ্র। বর্তমানে গ্ল্যাডিসের বয়স ৬৬। আগের মতোই কাজ সামলান তিনি তার ক্লিনিকের। বিয়ে করেছেন চারবার। তিন সন্তানের মা।
'যদি গাড়ি অ্যাক্সিডেন্টে পড়ি তাহলে দোহাই হার্বালিস্টের কাছে নিয়ে যেও না; কিন্তু জ্বর, সর্দি, পেট খারাপ ইত্যাদি বে-আরামের কবলে পড়লে আবার পাশ্চাত্যের ওষুধও খাইয়ো না'- এমন বলেন অ্যান্ডু ওয়েল। তার জ্ঞানের উৎস পাশ্চাত্য মেডিকেল সায়েন্স এবং একই সঙ্গে দাদা-দাদির জ্ঞানও। সঠিক খাবার, মনের দৃঢ়তা এবং নানা সম্প্রদায়ের মধ্যে চালু থাকা হাজার হাজার বছর ধরে চলে আসা জড়ি-বুটি চিকিৎসার ওপর ওয়েলের বিশ্বাস। সবটাই আধুনিক বিজ্ঞানের নিক্তিতে মেপে দেখার চেষ্টা করছেন তিনি। বিরূপ মন্তব্যও শুিিনতে হচ্ছে তাকে। তবে দমে যাওয়ার পাত্রই নন তিনি। বলেন- 'বিরূপ মন্তব্য মানে এও যে, মানুষ আমার কথা শুনছে ও ভাবছে। আমি যদি মানুষকে না-ই ভাবতে পারলাম, না হয় সে ভাবল আমি ভুল; কিন্তু সেটা যে ভুল এইটে বলার জন্য তো তাকে ভাবতে হলো, এ ভাবনাটি বিজ্ঞানের জগতে আসাটা স্বাস্থ্যকর।' জুড়ি-বুটি নিয়ে গবেষণা, প্রচার ও প্রয়োগ করতে করতে আপাতত তিনি 'ওয়েল ইউনিভার্সিটি অব অ্যারিজোনার প্রোগাম ইন ইনটিগ্রেটিভ মেডিসিন'র অধিকর্তা। জন্ম ১৯৪২ সালে। বই লিখেছেন প্রচুর। পুরস্কারও পেয়েছেন।
বাচ্চারা অঙ্কে ভীত হয়ে পড়ছে। ফলে পিছিয়ে যাচ্ছে জীবনের সব ক্ষেত্রে। এমনটা তো হতে পারে না। কী করা? বাচ্চাদের অঙ্ক শেখানো দরকার। শুরু করলেন এক কর্মযজ্ঞ। প্রতি সপ্তাহে নিজের বাড়ি ক্যামব্রিজ, ম্যাসাচুসেটস থেকে চলে আসেন মিসিসিপিতে, তরুণদের ট্রেইন করেন, যাতে তারা তাদের থেকে ছোটদের অঙ্ক শেখাতে পারে। আবার সময় পেলে নিজে পড়তে যান নাইনথ গ্রেড ক্লাসে, ওই একই কাজ , অঙ্ক শেখানো। বয়স ৬৭ পেরিয়েছে। অফুরন্ত প্রাণচাঞ্চল্য রবার্ট মোজেসের। যারা চেনেন ঠিক ধরেছেন সেই রবার্ট মোজেস যিনি তরুণ বয়সে 'কালোদের নির্বাচনে অংশ নিতে দিতে হবে' বলে সামাজিক অধিকার রক্ষার আন্দোলন শুরু করেছিলেন। তখন তার বয়স ছিল ৩০। ওই আন্দোলনের অভিজ্ঞতাই মোজেসকে শিখিয়েছে গরিব বাচ্চারা অঙ্ক না শিখলে, পড়াশোনায় ভালো না হলে ছোটখাটো যে কোনো অপরাধে আমেরিকার একটি ইন্ডাস্ট্রিতেই কাজ পাবে সেটি হলো, জেলের ঘানি টানা। তাদের বাঁচতে হলে দরকার পড়াশোনার।
বয়স ৬৫ ছুঁয়েছেন অ্যামরি লভিনসও। 'ন্যাচারাল ক্যাপিটালিজম'র লেখক। অ্যামরির আন্দোলন ও প্রচার বলে- 'ফসিল-ফুয়েলের ওপর নির্ভরতা কমাও। জ্বালানিকে আরও আরও বৈজ্ঞানিক উপায়ে কম পুড়িয়ে বেশি কাজ করিয়ে নাও। এটাই ফয়েল-এফিসিয়েন্সি। তাছাড়া সৌরশক্তি, বাত্যাশক্তি ইত্যাদি যা এরই মধ্যে মান্য তাদের দিকে নিজেকে সরাও।' পাশাপাশি এও বোঝাচ্ছেন, 'আমেরিকা বিশ্বের সঞ্চিত তেলের মাত্র তিন শতাংশের মালিক অথচ খরচ করছে ২৫ শতাংশ। আয়-ব্যয়ের অসাম্য ঘোচানো দরকার।' ফুয়েল-এফিসিয়েন্ট জীবনযাপন কীভাবে সুনিশ্চিত করা যায় এর জন্য অ্যামরির প্রতিষ্ঠান 'হাইপার-কার-ইনক' জোরকদমে কাজ করে যাচ্ছে।
আলমা পাওয়েল। ইউনিসেফের তথ্য ছিল, শিশুপালনের মাপকাঠিতে ২১টি উন্নত দেশের ২০ নম্বরে রয়েছে আমেরিকা। এটাই আলমা পাওয়েলের অন্যভাবে বাঁচার গল্প। ১৯৯৭ সালে স্বামী জেনারেল কলিন পাওয়েলকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন আমেরিকান প্রমিস অ্যালায়েন্স। পাঁচটা প্রমিজ রাখতে হবে- ক. জীবনের উন্নতি। খ. বৃদ্ধদের দেখাশোনার জন্য মোতায়েন থাকতে হবে কিশোর-তরুণদের। গ. স্কুল ও বাড়িতে নিরাপত্তা। ঘ. একটা সুস্থ জীবনযাপন। ঙ. অন্যদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেয়া। যারা যেখানে এই কাজ করছে তাদের সাহায্যের জন্য এ অ্যালায়েন্স। আলমার বয়স এখন ৭১। কাজ করে চলেছেন ছোটদের বড় হয়ে ওঠার লক্ষ্যে।
এদের কথা বলতে বলতে ইচ্ছা করছে এক ভদ্রলোকের কথা বলতে যিনি আদা, কাঁচামরিচ বলে মাঝ দুপুরে হেঁকে যেতেন আমাদের বাসার সামনে দিয়ে এ কয়েক মাস আগ পর্যন্ত। কাছে ডেকেছি, কথা বলার চেষ্টা করেছি। খুব বিরক্ত হন। জরুরি কথা ছাড়া মুখ খোলেন না। শেষ দেখা এরকম এক দুপুরেই। দরজায় জোর ধাক্কা। খুলে দেখি উনি দাঁড়িয়ে। হাঁপাচ্ছেন। পানি চাইলেন আর কোনো কথা বলতে পারলেন না। শুধু বললেন, দেখুন কত গরম। যদি পারেন ৫০টা টাকা দিন। মনে মনে খুশি হবেন এই ভেবে যে, এ বুড়োকে কিছু হলেও দিতে পারছেন। চলে গেলেন। আর এলেন না। এখনও, দুপুরগুলো যখন নিঝুম হয়ে আসে, তার কথা মনে আসে। সান্ত্বনা খুঁজি, হয়তো ভদ্রলোকের বাড়ির কেউ, পাশের কেউ তাকে আর এখন এই রোদে বাইরে আসতে দেন না। দুই মুঠো ভাত জুটে যায় তার। আমাদের দেশের বৃদ্ধদের অবস্থা কী- তা ক'জনই বা খোঁজ রাখেন। আসলে আমাদের দেশে বিত্তহীন সিনিয়র সিটিজেনদের কষ্ট আর দুর্দশা দেখলে মনে বড় ব্যথা পাই। সাহায্যের সাধ আছে সাধ্য সীমিত। এদিকে এ মহৎ কাজে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা সন্তোষজনক নয়। অথচ আর্থিক সামর্থ্য থাকলে, বেঁচে থাকার উপাদানগুলো হাতের কাছে থাকলে বয়সটা তো কোনো ব্যাপারই নয়।











