৪৫০ কোটি ডলারের চীনা বিনিয়োগ আসছে
কূটনৈতিক প্রতিবেদক
ঢাকা ও চট্টগ্রামে প্রস্তাবিত দুই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৪৫০ কোটি ডলারের চীনা বিনিয়োগের ইঙ্গিত দিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত মা মিং ছিয়াং। তিনি বলেছেন, এ জন্য প্রথমে বাংলাদেশের চাহিদা এবং দ্বিতীয়ত বৈশ্বিক বাজারের চাহিদা পূরণ করতে হবে। গতকাল বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত 'ক্রমবর্ধমান চীনা অর্থনীতি : বাংলাদেশের জন্য সম্ভাবনা' শীর্ষক বক্তৃতা অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত এসব কথা বলেন। বিআইআইএসএস মিলনায়তনে ওই বক্তৃতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমদ। চীনের রাষ্ট্রদূত বলেন, তাঁরা দুটি শিল্প পার্কের বিষয়ে কাজ করছেন। এর একটি হবে দক্ষিণ চট্টগ্রামে এবং দ্বিতীয়টি দক্ষিণ ঢাকায়।
দ্বিতীয় পার্কটি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সহযোগিতায় বাস্তবায়িত হবে। এতে বাংলাদেশে দুই থেকে আড়াই লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। অর্থনৈতিক বিষয়সংক্রান্ত জাতীয় নির্বাহী কমিটি একনেক ইতিমধ্যে চট্টগ্রামে চীনা বিনিয়োগকারীদের জন্য প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিকল্পনা অনুমোদন করেছে।
রাষ্ট্রদূত মা মিং ছিয়াং মনে করেন, ওই দুটি শিল্প পার্ক বাংলাদেশের চাহিদা পূরণের জন্য যথেষ্ট হবে না। সুবিধার সদ্ব্যবহার করতে বাংলাদেশের আরো অনেক শিল্প পার্ক প্রয়োজন। তিনি বলেন, 'বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জায়গা পেতে চীনা বিনিয়োগকারীদের সবাই যথেষ্ট আগ্রহী। এ নিয়ে তাঁরা পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করছে।' বাণিজ্য ব্যবধান কমানো প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, এই মুহূর্তে বাণিজ্যের মাধ্যমে ঘাটতি এককভাবে কমানো সম্ভব নয়। কারণ বাংলাদেশ সেই মাত্রার পণ্য উৎপাদন করছে না। বাণিজ্য ঘাটতি কমাতে দুই দেশেরই উচিত অধিক হারে চীনা বিনিয়োগ বাংলাদেশে আসতে উৎসাহিত করার মতো নতুন নতুন উদ্যোগ নেওয়া। তিনি বাংলাদেশ থেকে চীন ও আন্তর্জাতিক বাজারে পুনঃরপ্তানির ধারণার ওপর গুরুত্ব দেন।
চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার অর্থনৈতিক করিডর (বিসিআইএম-ইসি) পরিকল্পনা গত দুই বছরে বিশেষ মাত্রা পেয়েছে। এ নিয়ে চলতি বছরের শেষের দিকে চার দেশের প্রতিনিধিরা যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বসছেন।
মা মিং ছিয়াং তাঁর বক্তব্যে দুই দেশের সামপ্রতিক সম্পর্কের অগ্রগতিকে মাইলফলক হিসেবে চিহ্নিত করে একে আরো গতিশীল করতে চীনের সদিচ্ছার কথা জানান। বাংলাদেশ ও চীনের মধ্যে উন্নয়ন সহযোগিতা ও যোগাযোগ খাতেও অগ্রগতি হচ্ছে উল্লেখ করে তিনি 'বিসিআইএম-ইসি', 'এক বলয়, এক পথ' পরিকল্পনার কথা বলেন। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে সহযোগিতার দরজা খুলবে বলেও তিনি উল্লেখ করেন।
গত সোমবার ঢাকায় কূটনৈতিক এলাকায় ইতালির এক নাগরিক নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে চীন তার নাগরিকদের বাংলাদেশ সফরের বিষয়ে কোনো সতর্কতা জারি করছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোনো পরিকল্পনা তাদের নেই। অনুষ্ঠানে সূচনা বক্তব্যে বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আব্দুর রহমান বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক খুবই সহযোগিতাপূর্ণ অবস্থায় পৌঁছেছে। ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে চীনের সহযোগিতা বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সাহায্য করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ফ্রান্স, ইন্দোনেশিয়া, কোরিয়া, মিয়ানমার ও পাকিস্তানের রাষ্ট্রদূত এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ (দ্বিপক্ষীয় ও কনস্যুলার) বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষকগণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত দেন।











