ভয়কে জয় করতে প্রস্তুত মেয়েরা পাকিস্তানের পথে সালমা বাহিনী
২০০৯ সাল থেকে প্রায় ৬ বছর পাকিস্তানে হয়নি আন্তর্জাতিক কোন ক্রিকেট সিরিজ। শেষ পর্যন্ত এই বছর সব ভয় পিছু ফেলে পাকিস্তান সফরে গিয়েছিল জিম্বাবুয়ে ক্রিকেট দল। কিন্তু বাংলাদেশসহ বিশ্বের অন্য কোন পুরুষ দলই পাকিস্তানে খেলতে যেতে রাজি নয়। ভয় একটাই- সন্ত্রাসী হামলা। কিন্তু এবার সেই ভয়কে জয় করতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। আজ দুপুরে সালমা খাতুনের নেতৃত্বে পাকিস্তানের পথে উড়বে নারী ক্রিকেট দল। ব্যাট-বলের লড়াইয়ে সেই ভয়কে জয় করতে চায় বাংলাদেশ দলের অধিনায়ক। গতকাল দুপুরে মিরপুর শেরে বাংলা মাঠের সংবাদ সম্মেলন কক্ষে নিজেদের লক্ষ্যের কথা তুলে ধরেন অধিনায়ক। তিনি বলেন, ‘আসলে পৃথিবীর সব দেশেই কম বেশি এমন ঘটনা ঘটছে। আমাদের দেশেও এমন মারামারির ঘটনা হয়। কিন্তু তাই বলে ক্রিকেট থেমে থাকে না। আমরা সেখানে ক্রিকেট খেলতে যাচ্ছি, যে কারণে বাইরে কি হচ্ছে তা নিয়ে আমাদের ভাবার সময় নেই। সবচেয়ে বড় কথা হলো পাকিস্তান সরকার ও বিসিবি আমাদের সম্পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দিবে। তাই আমরা সব ভয়কে বাদ দিয়ে মাঠে ক্রিকেট খেলা নিয়ে ভাবছি।’ দলের সঙ্গে ম্যানেজার হিসেবে যাচ্ছেন শফিকুল হক হীরা। তিনি নিরাপত্তা বিষয়ে বলেন, ‘আমরা জানি পাকিস্তান বিমানবন্দরে নামার পর থেকে ভিভিআইপি নিরাপত্তা পাবো। যেমনটা দেয়া হয় দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে। এতে মনে করি আমরা নিরাপদেই থাকবো।’ সফরে করাচি সাউথ এন্ড ক্লাব মাঠে দুটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
ওদিকে পাকিস্তান সফরে ভয় আছে সেটিও উড়িয়ে দেননি বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফাইং ম্যাচের আগে পাকিস্তান সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই এ সফরে যেতে প্রস্তুত ক্রিকেটাররা। তিনি বলেন, ‘আসলে ভয়তো একটু থাকবেই। কিন্তু আমরা ক্রিকেট খেলতে চাই। গত এশিয়া কাপের পর থেকে আমাদের কোন আন্তর্জাতিক ম্যাচ নেই। যে কারণে এই সুযোগটি আমরা হাতছাড়া করতে চাই না। আমাদের খেলার প্রয়োজন আছে কারণ সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমাদের বাছাই পর্ব খেলতে হবে। সেখানে এই অভিজ্ঞতা কাজে দিবে বলেই আমি বিশ্বাস করি।’ বাংলাদেশ পুরুষ দলকে পাঠানো নিয়ে বিসিবি কোন সিদ্ধান্ত নিতে পারেনি নিরাপত্তা শঙ্কাতে। তাহলে সেখানে কেন মহিলা দল পাঠানো হচ্ছে? এই বিষয়ে সালমা খাতুন বলেন, ‘এই মুহূর্তে আমাদের খেলা দরকার। আমি যতটা জানি বিসিবি চেষ্টা করেছে অন্য দেশের সঙ্গে খেলার কিন্তু কেউ আমাদের সময় দিতে পারেনি। পাকিস্তান যখন সময় দিতে পারছে তাই এই সুযোগ হাতছাড়া করতে চাইনি।’
পাকিস্তান সফরে বিসিবি পক্ষ থেকে চাপ ও পরিবারের পক্ষ থেকে কোন বাধা ছিল না বলে নিশ্চিত করেন সালমা খাতুন। তিনি বলেন, ‘বিসিবি আমাদের ওপর কোন চাপ সৃষ্টি করেনি। আমাদের সবার জন্য সুযোগ ছিল খেলতে যেতে না যাওয়ার। আমরা না চাইলে আমাদের পাঠাতোও না। কিন্তু আমরাও যেতে রাজি হয়েছি কোন চাপ ছাড়াই। আর পরিবারের ভয়তো থাকবেই। কিন্তু আমরা আমাদের পরিবারকে বুঝাতে সক্ষম হয়েছি। তাই পরিবারের পক্ষ থেকেও কোন বাধা নেই।’ শফিকুল হক হীরা জানান পাকিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য মেয়েরা বেশ প্রস্তুত। তবে পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে জয় সহজ হবে না। তিনি বলেন, ‘পাকিস্তান মহিলা দল র্যাঙ্কিয়ে ৫ নাম্বারে আছে। ভারত ও শ্রীলঙ্কা ওদের নিচে। ওরা ভীষণ শক্তিশালী। তবে আমাদের মেয়েরও প্রস্তুত। ওরা দুই মাস প্রস্তুতি নিয়েছে।’ নিজেদের প্রস্তুতি নিয়ে সালমা বলেন, ‘পাকিস্তানে সফর হবে এটি আমরা নিশ্চিত ছিলাম না। কিন্তু আমরা দুই মাস ভাল ভাবে নিজেদের প্রস্তুত করেছি। আশা করি সেটি কাজে আসবে।’ বাইরে হামলার ভয়ও খেলার উপর কোন প্রভাব পড়বে না বলে জানান সালমারা। তিনি বলেন, ‘আমরা যখন মাঠে নামি তখন মাঠেই প্রতিপক্ষকে হারানোর কথাই চিন্তা করি। খেলাটাই আসল থাকে। এটি দেশে ও দেশের বাইরে একই রকম অনুভূতি। তাই আমি মনে করি না বাইরে ঘটনা আমাদের জন্য কোন সমস্যা হবে।’
দলের প্রস্তুতি নিয়ে মহিলা দলের প্রধান কোচ চমপকা গামাগি বলেন, ‘দলের দুই মাস ট্রেনিং হয়েছে। এর মধ্যে ফিটনেস ট্রেনিং ছিল এক মাস। আশা করি পাকিস্তানের বিপক্ষে দল ভাল করতে পারবে। আর ভয়ের বিষয়টা সম্পূর্ণ আলাদা। আমি মেয়েদের বাইরের কোন কোন কিছু নিয়ে চিন্তা না করতে বলেছি। আশা করি তারা মাঠের লড়াইয়ে সেরাটাই দিবে।’
বাংলাদেশ মহিলা ক্রিকেট দল
সালমা খাতুন, জাহানারা আলম, ফারজানা হক পিঙ্কি, রুমানা আহমেদ, লতা মণ্ডল, আয়েশা রহমান শুকতারা, পান্না ঘোষ, শারমীন আক্তার সুপ্তা, ফহিমা খাতুন, শামীমা সুলতানা, রিতু মণি, নিগার সুলতানা, খাদিজা তুল কুবরা, শারমীন সুলতানা, নাহিদা আক্তার।
অপেক্ষমাণ: সানজিদা ইসলাম, সুমনা আক্তার।











