বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুলিবিদ্ধসহ আহত ২০ ভ্যাট প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

news-image

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের দাবিতে গতকাল বুধবার দুপুরে রাজধানীর রামপুরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের ছররা গুলিতে বিশ্ববিদ্যালয়টির অতিরিক্ত রেজিস্ট্রার মাশফিক এলাহী চৌধুরী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক তাশকিব জাবেদসহ অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে মাশফিক এলাহী চৌধুরীর বাঁ হাতে একটি ও বুকে সাতটি ছররা গুলি বিদ্ধ হয়েছে। তাঁকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁকে আইসিইউতে নেওয়া হয়েছে বলে জানা গেছে। অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও সাঁজোয়া যান। রাস্তা অবরোধের ফলে রামপুরা-কুড়িল সড়কসহ আশপাশের এলাকায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। গতকাল রাত ৯টা ২০ মিনিটে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে আজও কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড্ডায় জড়ো হওয়ার ঘোষণা দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দুপুর ২টার দিকে রামপুরা ব্রিজের কাছে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাদের সড়ক থেকে সরাতে চাইলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারার ঘটনা ঘটে। এ সময় শত শত শিক্ষার্থী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের দাবি তুলে স্লোগান দিতে থাকে। এ পর্যায়ে পুলিশ ফোর্স বাড়ানো হয়। তখন শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের ওপর অবস্থান নেয়। এরপর পুলিশ লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। শিক্ষার্থীরা আরো বিক্ষোভমুখর হয়ে উঠলে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে যোগ দেয় র‌্যাব। সংঘর্ষ চলাকালে বাড্ডা, লিংক রোড, মালিবাগ, রামপুরা, কুড়িল-বিশ্বরোড, হাতিরঝিলসহ আশপাশের সব সড়কে তীব্র যানজট শুরু হয়। বিকেল সাড়ে ৪টার দিকে সংঘর্ষ থেমে গেলে কিছু সময় রাস্তায় যানবাহন চলাচল শুরু হয়।

পুলিশের গুলি ও পিটুনিতে অন্তত ২০ শিক্ষার্খী আহত হয়। তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মাশফিক এলাহী চৌধুরী রয়েছেন। তাদের বনশ্রী ফরায়েজী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের সহকারী নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, অন্তত ২০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মাশফিক এলাহী চৌধুরীর বাঁ হাতে একটি ও বুকে সাতটি ছররা গুলি লেগেছে। তাঁকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁকে আইসিইউতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে সন্ধ্যা সোয়া ৬টার দিকে বাড্ডার আফতাবনগরের সামনের রাস্তায় শিক্ষার্থীরা পুনরায় এসে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেছেন। এ ছাড়া শিক্ষার্থীদের অবরোধ তুলে নিতে অনুরোধ করে বারবার ব্যর্থ হন। পরে রাত ৯টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আহ্বানে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এদিকে রাস্তা অবরোধের ফলে রাস্তার দুই পাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। গাড়ি না পেয়ে সবাইকে হেঁটে গন্তব্যস্থলে যেতে দেখা গেছে।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক সম্পর্ক বিভাগ দ্বিতীয় সেমিস্টারের এক ছাত্র বলেন, 'প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে এমনিতেই লাখ লাখ টাকা ব্যয় করতে হচ্ছে। এর ওপর নতুন করে সাড়ে ৭ শতাংশ ভ্যাট যোগ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই টাকা শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করছে। এতে বাধ্য হয়ে তারা শান্তিপূর্ণ আন্দোলনে গেলে পুলিশের খৰ নেমে আসে।' গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) রফিকুল ইসলাম বলেন, 'সড়ক অবরোধের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত আছেন। শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক স্বাভাবিক করার চেষ্টা করছি। পুলিশের মধ্যে কেউ বিনা উসকানিতে শিক্ষার্থীদের ওপর হামলা করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।'

শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, আরোপিত ভ্যাট প্রত্যাহারের বিষয়ে সরকারের পক্ষ থেকে আশ্বাস বা ঘোষণা এলেই তারা ক্যাম্পাসে ফিরে যাবে। কিন্তু ওপরমহলের কোনো ধরনের আশ্বাস না পেয়ে শিক্ষার্থীরা রাস্তায় অবস্থানের বিষয়ে অনড় থাকে। এ অবস্থায় শিক্ষার্থীদের লাঠিপেটা করে সরাতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করলে শিক্ষার্থীরা দিগ্বিদিক ছোটাছুটি করে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ফটকের সামনের সড়কে অবস্থান নেয়। শিক্ষার্থীদের দাবি, পুলিশ তাদের ওপর অনর্থক গুলি ছুড়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মারুফ রহমান সাংবাদিকদের বলেন, পুলিশের ছররা গুলিতে ইস্ট ওয়েস্টের অতিরিক্ত রেজিস্ট্রার মাশফিক এলাহী চৌধুরী, শিক্ষার্থী মুন্নী, রাশেদ, শামীম, সানি, ইয়াসিরসহ আহত ২০ শিক্ষার্থী আহত হয়েছে। প্রসঙ্গত, ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে নতুন করে মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ডেন্টালসহ সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ফির সঙ্গে সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। শুরুতে ১০ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করা হলেও পরে তা সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছে শিক্ষার্থীরা। বাড্ডা থানার ওসি আব্দুল জলিল বলেন, রাস্তা অবরোধ করে বিক্ষোভ করায় শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। কিছু সময় রাস্তা বন্ধ ছিল। তবে কোনো প্রকার লাঠিপেটা বা টিয়ার শেল নিক্ষেপের বিষয়টি অস্বীকার করেন ওসি জলিল।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে