৬০ লাখ মুসলমান একসঙ্গে হজ করতে পারবেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত সউদী আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচএম আল-মুতাইরি বলেছেন, মক্কায় হাজিদের সুবিধা বাড়ানোর জন্য অবকাঠামো নির্মাণের কাজ চলছে। এই নির্মাণকাজ শেষ হলে ভবিষ্যতে প্রতিবছর সারা বিশ্বের ৬০ লাখ মুসলমান একসঙ্গে হজ পালন করতে পারবেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি সউদী আরবে মসজিদে বোমা হামলার ঘটনার নিন্দা জানিয়ে বলেন, একজন সত্যিকারের মুসলিম এ ধরনের সন্ত্রাসী কর্মকা- সমর্থন করতে পারে না। একজন মুসলমান কীভাবে আরেকজন মুসলমানকে হত্যা করতে পারে? এমন প্রশ্ন তুলে তিনি বলেন, সন্ত্রাসই সন্ত্রাসীদের ধর্ম। তাদের অন্য কোন ধর্ম নেই। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা বলেন। প্রধানমন্ত্রী অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনকে (ওআইসি) শক্তিশালী করার পাশাপাশি মুসলিম দেশগুলোর মধ্যকার পারস্পরিক সমস্যাগুলো আলোচনার মাধ্যমে নিরসনের ওপর জোর দেন। তিনি বলেন, অন্যরা যেন এ থেকে সুবিধা নিতে পারে। মসজিদে বোমা হামলার কথা তুলে ধরে সউদী রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে বলেন, সউদী আরব ধর্মের নামে এ ধরনের কর্মকা-ের বিরুদ্ধে। ইসলামের নামে এ ধরনের বোমা হামলার কোন সুযোগ নেই। এ ধরনের সন্ত্রাসী কর্মকা-ের বিরুদ্ধে আমাদের শক্তিশালী জনমত রয়েছে। বাংলাদেশ এবং সউদী আরবের সুসম্পর্কের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ ও সউদী আরবের সম্পর্ক ঐতিহাসিক। সউদী আরবে কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশির কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, এসব বাংলাদেশি সউদী অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সউদী রাষ্ট্রদূতও বাংলাদেশ ও সউদী আরবের সম্পর্ক আগামীতে আরো শক্তিশালী হবে আশা প্রকাশ করে দুই দেশের সুসম্পর্কের কথা তুলে ধরেন।আওয়ামী লীগ ব্যবসাবান্ধব সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার সব সময়ই ব্যবসাবান্ধব। তিনি বলেন, আমরা ব্যবসা-বাণিজ্যের প্রসারে পরিবেশ সৃষ্টি করি। নিজেরা ব্যবসা করি না, অর্থনীতির উন্নয়নে বাণিজ্য সম্প্রসারণের সুযোগ করে দেই। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নব-নির্বাচিত নেতারা সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার ব্যাংক লোনে সুদের হার সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে চেষ্টা করছে। তিনি বলেন, ব্যবসা ও শিল্পায়নের প্রসারে ব্যাংক লোনের সুদ কমিয়ে একটি নির্দিষ্ট সীমার মধ্যে নিয়ে আসার কথা। প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের রফতানিনির্ভর না হয়ে অভ্যন্তরীণ বাজার সৃষ্টিতেও জোর দিতে বলেন। মানুষের ক্রয়ক্ষমতা যত বাড়বে দেশীয় বাজার তত বড় হবে বলে উল্লেখ করেন। তিনি ব্যবসায়ীদের বিশাল সমুদ্র সম্পদ ও গভীর সমুদ্রে মৎস্য আহরণে এগিয়ে আসার আহ্বান জানান। ব্যবসায়ীদের ট্যাক্স দিতে আরও উৎসাহী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই ট্যাক্স ব্যবসায়ীদের সহযোগিতায় কাজে লাগবে। সরকার এ দিয়ে ব্যবসায়ীদের প্রণোদনা দিতে পারবে। জেলায় জেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় সরকারের উদ্যোগ রয়েছে। বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনে সরকার শুরু থেকে উচ্চমূল্যে জ্বালানি কিনে আসছে। এতে ৩৮ হাজার কোটি টাকা ঋণ করতে হয়েছে। যার মধ্যে ৮ হাজার কোটি টাকা পরিশোধ করা গেছে। তিনি বলেন, নতুন অনেক গ্যাস সঞ্চালন লাইন স্থাপনসহ বিদ্যুৎ ও জ্বালানিখাতে সরকারের নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এলপিজি আমদানি শুল্ক প্রত্যাহারের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সিলিন্ডার তৈরিতে সরকার ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছ থেকে খুব একটা সাড়া পায়নি। ব্যবসা-বাণিজ্যের প্রসারে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-সিলেট চারলেন মহাসড়কসহ সারাদেশের সড়ক ও রেলপথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া অ্যান্ড নেপাল (বিবিআইএন) এবং বাংলাদেশ, চীন, ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার (বিসিআইএম) কানেকটিভির উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আঞ্চলিক এ কানেকটিভিটি ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে সহায়তা করবে। রূপকল্প-২০২১ বাস্তবায়নে ব্যবসায়ীরা সরকারের সঙ্গে কাজ করে যাবে বলে জানান এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ। তিনি অর্থনৈতিক উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও সফলতার প্রশংসা করেন।এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমানসহ এফবিসিসিআই নেতা ও ব্যবসায়ী প্রতিনিধিরা।











