৫৭ ধারা কেন সংবিধান পরিপন্থি নয়’
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে স্বারাষ্ট্র সচিব, আইন সচিব এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিট
আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের ডিভিশন বেঞ্চ গতকাল এ আদেশ দেন। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে বৃহস্পতিবার লিগ্যাল নোটিশ দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক ও সাংস্কৃতিককর্মীরা। ৫৭ ধারায় বলা হয়েছে, ‘কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে বা অন্য কোন ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন, যাহা মিথ্যা ও অশ্লীল বা সংশ্লিষ্ট অবস্থা বিবেচনায় কেহ পড়িলে, দেখিলে বা শুনিলে নীতিভ্রষ্ট বা অসৎ হইতে উদ্বুদ্ধ হইতে পারেন অথবা যাহার দ্বারা মানহানি ঘটে, আইনশৃঙ্খলার অবনতি ঘটে বা ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়, রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা করিতে পারে বা এ ধরনের তথ্যাদির মাধ্যমে কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে উস্কানি প্রদান করা হয়, তাহা ইহলে তাহার এই কার্য হইবে একটি অপরাধ।’ উপধারা (২)-এ বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি উপধারা (১)-এর অধীন অপরাধ করিলে তিনি অনধিক চৌদ্দ বছর এবং অন্যূন সাত বৎসর কারাদণ্ডে এবং অনধিক এক কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন।’ কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব না পেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. গীতি আরা নাসরিন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক আকমল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আহমেদ কামাল, সমাজবিজ্ঞানের শিক্ষক অধ্যাপক সামিনা লুৎফা, ঢাবির শিক্ষক ফাহমিদুল হক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তানজীম উদ্দিন খান, ঢাকার বাসিন্দা আবদুস সালাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সাংস্কৃতিক কর্মী অরূপ রাহী ও লেখক রাখাল রাহার পক্ষে হাইকোর্টে রিট আবেদন করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। আবেদনে বলা হয়, তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা সংবিধানের ২৭, ৩২ ও ৩৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। কারণ সংবিধানের ৩৯ অনুচ্ছেদে মতপ্রকাশের স্বাধীনতার কথা বলা হয়েছে। কিন্তু এ ৫৭ ধারা মতপ্রকাশের স্বাধীনতাকে ব্যাপকভাবে খর্ব করছে। আইনের সংশ্লিষ্ট ধারাটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তা বাতিল করা উচিত।
আবেদনকারীদের পক্ষে ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া শুনানিতে বলেন, ভারতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৬৬ ধারার বিষয়বস্তুই আমাদের আইনের ৫৭ ধারায় অন্তর্ভুক্ত করা হয়েছে। চলতি বছরের মার্চ মাসে ভারতের সুপ্রিম কোর্ট ৬৬ ধারাকে অবৈধ করেছে। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
এদিকে ৫৭ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত অপর একটি রিট আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। আজ বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের ডিভিশন বেঞ্চ এ আবেদনের ওপর আদেশের জন্য দিন ধার্য করেছেন। জাকির হোসেন নামে এক ব্যক্তি বৃহস্পতিবার হাইকোর্টে এ রিট করেন। আবেদনে ৫৭ ধারাকে অসাংবিধানিক ঘোষণার দাবি জানানো হয়। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার এবং আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার ইমরান এ সিদ্দিক ও ব্যারিস্টার শিশির মো. মনির শুনানি করেন।









