শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপদসীমা ছাড়িয়েছে ২৬ নদ-নদীর পানি

news-image

দেশের ২৬টি নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এসব নদ-নদীর ৬০টি পয়েন্টের পানি আগের তুলনায় গত দুই দিনে বিভিন্ন হারে বেড়েছে। বুড়িগঙ্গাসহ ঢাকার আশপাশের নদীর পানিও বেড়েছে। তবে তা এখনো বিপৎসীমা ছাপিয়ে যায়নি। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে দেশের বেশির ভাগ এলাকা এখন বন্যা পরিস্থিতির মুখে পড়েছে। পাশাপাশি ঝোড়ো বৃষ্টিও অব্যাহত রয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে বন্যাকবলিত এলাকার লাখ লাখ মানুষ। এমন অবস্থা আরো কয়েক দিন থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সূত্র জানায়, মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। দেশের অনত্র মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।flood_30518
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের ৮৫টি পয়েন্টের পর্যবেক্ষণ অনুসারে মঙ্গলবার (গতকাল) ৬০ পয়েন্টে পানি বেড়েছে। এর মধ্যে ২৬টি নদ-নদীর পানি বিভিন্ন হারে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী দু-তিন দিন এ ধারা অব্যাহত থাকতে পারে। বৃষ্টি কমলে পানিও কমতে শুরু করবে। তবে এর প্রভাব হয়তো আরো কয়েক দিন থেকে যাবে।’
আরিফুজ্জামান ভূঁইয়া আরো বলেন, ‘ঢাকার পাশে বুড়িগঙ্গার পানি বাড়লেও তা আমাদের হিসাবে বন্যায় রূপ নেবে না। ফলে খুব একটা শঙ্কার কিছু নেই।’
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সূত্র থেকে আরো জানা যায়, ব্রহ্মপুত্র নদের পানির সমতল স্থিতিশীল আছে, যমুনার পানির সমতল কিছুটা হ্রাস পাচ্ছে। গড় হিসাবে আগামী ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানির সমতল স্থিতিশীল থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানির সমতলও কিছু কমছে। ঢাকা মহানগরীসংলগ্ন নদীগুলোর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সুরমা-কুশিয়ারা নদীগুলোর পানির সমতল হ্রাস পাচ্ছে। শেরপুর ও নেত্রকোনা অঞ্চলের নদীগুলোর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-মধ্য, মধ্য এবং উত্তর-পূর্ব অঞ্চলের কিছু জেলায় বন্যার সার্বিক পরিস্থিতি পর্যাযক্রমে উন্নতি হতে পারে। তবে শেরপুর ও নেত্রকোনার কিছু অঞ্চলের বন্যা পরিস্থিতির ফের অবনতি হতে পারে।
malasia flood
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী জানান, নদ-নদীর পানি বৃদ্ধি-হ্রাসের ক্ষেত্রে সোমবার যে পরিস্থিতি ছিল মঙ্গলবারও প্রায় একই পরিস্থিতি বিরাজ করে। গতকাল কেবল চট্টগ্রামের হালদা নদীর পানি একটি পয়েন্টে কমেছে। তবে মাতামুহুরীর দুটি পয়েন্টে বেড়েছে। আমাদের সিলেট অফিস জানায়, বর্ষণ অব্যাহত থাকায় এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দক্ষিণ সুরমা, গোয়াইনঘাট, গোলাপগঞ্জ, বালাগঞ্জ, বিয়ানীবাজার, কোম্পানীগঞ্জসহ প্রায় সব কয়টি উপজেলায় বন্যা দেখা দিয়েছে। সুরমা-কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কয়েকটি স্থানে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নতুন এলাকা ও হাটবাজারে পানি উঠেছে। ফসলি জমি ও বীজতলা ডুবে গেছে। বন্ধ হয়ে গেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। দক্ষিণ সুরমা উপজেলার সোনাপুর, মির্জানগর, ইনাত আলীপুর, মানিকপুর, করিমপুর, মালাকান্দি, গুরুণ্ডা গ্রামের লোকজন পানিবন্দি অবস্থায় রয়েছে। গোয়াইনঘাটের সঙ্গে সিলেট সদরের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশের বৃহত্তম দুটি পাথর কোয়ারিসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকায় লক্ষাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছেন। রোপা ও বোনা আমন, বীজতলা এবং পাকা আউশ ও ইরি ক্ষেতের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। বালাগঞ্জে সদর, পশ্চিম গৌরীপুর, পূর্ব গৌরীপুর, দেওয়ানবাজার, বোয়ালজুড়, পূর্ব পৈলনপুর ইউনিয়নে সড়ক, মৎস্য খামার, ফসলি জমিসহ ঘরবাড়িতেও বন্যার পানি ঢুকেছে।
জৈন্তাপুর উপজেলার নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে। উপজেলার ৯০ শতাংশ ফসলি জমি ডুবে গেছে। ছোট বড় তিন শতাধিক মৎস্য খামার ভেসে গেছে। কয়েক হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে।