গুমের ঘটনায় আন্তর্জাতিক তদন্ত দাবি খালেদার
দেশব্যাপী গুমের ঘটনায় জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন বিরোধী জোটের শীর্ষ নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, আজকে এই সরকারের কাছে গুমের শিকার পরিবারের স্বজনরা সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। কিন্তু আমি জানি- এই অবৈধ সরকার সুষ্ঠু তদন্ত করবে না, তাদের খুঁজে বের করবে না। বর্তমান ভোটারবিহীন সরকারের কাছে গুমের বিচার চেয়ে লাভ নেই। তাই আমরা বাংলাদেশে যারা নিরপেক্ষ আছেন তাদের দিয়ে জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠনের দাবি জানাচ্ছি। গতকাল সন্ধ্যায় গুলশান রাজনৈতিক কার্যালয়ে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুম হওয়া লোকদের পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত ‘অনন্ত অপেক্ষা: বাংলাদেশে গুম ২০০৯-২০১৫’ শীর্ষক এক সহমর্মিতা জ্ঞাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া বলেন, দেশে বিভিন্ন আন্তর্জাতিক দিবস পালন হয়। কিন্তু আমি জানতে চাই, কেন এই অবৈধ সরকার আজ আন্তর্জাতিক গুম দিবস পালন করলো না? কারণ তারা এসব গুমের সঙ্গে জড়িত। সরকারের আদেশ-নির্দেশ ছাড়া কেউ এটা করতে পারে না। খালেদা জিয়া বলেন, আগে দেশে কখনও গুমের ঘটনা ঘটেনি এই আওয়ামী লীগ সরকারের আমলেই গুমের ঘটনা শুরু হয়েছে। আর গুমের সঙ্গে এই সরকার জড়িত। কারণ র্যাব-পুলিশ সরকারের নির্দেশ ছাড়া এ ঘটনা ঘটায়নি। নিজে গুম-খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, আমরাও জানি না কতদিন এভাবে বেঁচে থাকতে পারব। আমরা জানি না তখন গুম হয়ে যাই, কখন খুন হয়ে যাই। শুধু আল্লাহ তাআলা জানেন। শুধু মানুষের আস্থার ওপর আমরা ভরসা করে চলি। আমাদের বিশ্বাস এদেশের মানুষ আমাদের সঙ্গে আছে, আল্লাহ আমাদের সঙ্গে আছে।
গুম হওয়া পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, আপনাদের সান্ত্বনা দেয়া ছাড়া আর কিছু দেয়ার সামর্থ্য নেই। তবে এইটুকু গ্যারান্টি দিতে পারি- যদি সুযোগ আসে অবশ্যই এর বিচার একদিন না একদিন হবে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে। গুম হওয়া পরিবারের ছেলে-মেয়েরা জানতে পারবেন- তাদের প্রিয়জনকে গুম করে কোথায়, কিভাবে নিয়ে রাখা হয়েছিল। সেজন্য আমাদের যদি আল্লাহ সুযোগ দিলে অবশ্যই এই কাজটা করবো। প্রত্যেক পরিবারকে সহযোগিতা করবো। তিনি বলেন, ভবিষ্যতে যাতে মেধাবী ছেলেরা নেতৃত্ব দিতে না পারে এ জন্যই তাদের ধরে ধরে গুম করা হচ্ছে। আজকে খবরের কাগজ খুললেই খুন, গুম ও নারী নির্যাতন। এর সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ জড়িত। লীগওয়ালারা এ সব কাজে ব্যস্ত। আমরা কোন দেশে বাস করছি? তিনি বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। কারও কোন মৌলিক অধিকার নেই। কোন রাজনৈতিক কর্মসূচি পালন করার অধিকার নেই। শুধুমাত্র অধিকার যারা ক্ষমতায় আছে তাদের রয়েছে। তারা বড় গলায় মিথ্যা কথা বলতে পারে। বিএনপি চেয়ারপারসন বলেন, এই অবৈধ সরকারকেও আমরা সজাগ করতে চাই। যারা এ সব কাজের সঙ্গে জড়িত তাদের শাস্তি চাই। খালেদা জিয়া বলেন, বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা, বানোয়াট মামলা দিয়ে হয়রানি ও নির্যাতন করা হচ্ছে। তারা বলছে, বিএনপির লোকেরা পেট্রল বোমা মেরেছে, বাসে আগুন দিয়েছে, মানুষ হত্যা করেছে। কিন্তু কারা এসব করেছে প্রশ্ন রেখে তিনি বলেন, এসব করেছে সরকারের লোকেরা। আমাদের আন্দোলন বন্ধ করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য, তারা পেট্রল বোমা মেরেছে, গাড়িতে আগুন দিয়েছে, মানুষকে হত্যা করেছে। পুলিশতো নিজেরাই এসব স্বীকার করেছে। পুলিশ বলেছে, সরকারের নির্দেশে তারা বিরোধী দলের আন্দোলনকে বানচাল করতে গাড়িতে আগুন দিয়েছে, পেট্রল বোমা মেরেছে। পেট্রল বোমাসহ আওয়ামী লীগের লোক ধরা খেয়েছে, তাদের বিচার হয়নি। তারা ভাল আছে। খালেদা জিয়া বলেন, বাংলাদেশকে আজকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে এই অবৈধ আওয়ামী লীগ সরকার। তারা দেশের ইমেজ নষ্ট করে দিয়েছে। জোর করে এই অবৈধ সরকার ক্ষমতায় বসে আছে।
এ কষ্ট অসহ্য, স্বজনদের ফিরিয়ে দিন
অনুষ্ঠানে গুম হওয়া নেতাকর্মীদের স্বজনরা খালেদা জিয়ার সামনে নিজেদের মনোবেদনার কথা তুলে ধরে মর্মস্পশী বক্তব্য রাখেন। গুমের শিকার স্বজনদের মধ্যে বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা রুশদির লুনা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামীকে তুলে নিয়ে যাওয়ার পর প্রত্যক্ষদর্শীদের ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রাখা হয়েছে। জিডি এবং রিট করলেও কোন পদক্ষেপ নেয়নি। প্রধানমন্ত্রী কাছে গিয়েছিলাম। তিনি আশ্বাস দিলেও কোন লাভ হয়নি। তিনি বলেন, প্রতিদিন মনে হয় যদি এমন খবর আসত আমার স্বামী ফিরে এসেছে। সন্তান ও শাশুড়িকে কোন উত্তর দিতে পারি না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে স্বামীকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি করেন তিনি। বিমানবন্দর থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মুন্নার বাবা শামসুদ্দিন বলেন, আমার সামনে থেকে মুন্না ও আরেকটি ছেলে তরিকুল ইসলাম ঝন্টুকে ধরে নিয়ে গেছে। তখন জিজ্ঞাসা করেছিলাম, আপনারা কারা? পুলিশ বলেছিল আপনার ছেলের বিরুদ্ধে অভিযোগ আছে। ছেলেকে না পেয়ে যখন মামলা করতে গিয়েছিলাম তখন বলা হলে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হয় না। পরে ছেলেকে চুয়াডাঙ্গা হাসপাতালে পাওয়া গেছে বলে আমাদের বিভ্রান্ত করেছিল বিমানবন্দর থানার ওসি। তিনি বলেন, ছেলের ছবি বুকে নিয়ে আছি। কিন্তু ছেলেকে আর বুকে নিতে পারি না। তেজগাঁওয়ের নাখালপাড়া যুবদলের সভাপতি সাজেদুল ইসলাম সুমনের বড় বোন মারুফা ইসলাম বলেন, সুমন ও তার ৬ বন্ধুকে র্যাব মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়ার পর থেকে প্রায় দুই বছর ধরে আমার ভাইয়ের কোন খবর পাচ্ছি না। প্রশাসনের প্রতিটি দরজায় গিয়েছি। কিন্তু কেউ বলেনি কোথায় আছে আমার ভাই। তিনি বলেন, জানি না কিভাবে এর সমাধান হবে। ভাই হারানোর এই বেদনা থেকে তাদের বাঁচানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, রোববার আমরা জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠান করতে চেয়েছিলাম। একমাস আগেই বুকিং দেয়া ছিল। কিন্তু শনিবার বিকালে ফোন করে জানিয়ে দেয়া হয়, আমাদের অনুষ্ঠান করতে দেয়া হবে না। তিনি বলেন, ভাইকে ফিরে পেতে আমরা এখনও হাল ছেড়ে দেইনি। প্রয়োজনে বিশ্বদরবারে যাবো। সুমনের আরেক বোন সাজিদা ইসলাম বলেন, সুমনের মতো সবার ফিরে আসা পর্যন্ত আমরা চেষ্টা চালিয়ে যাব। বাকশালী সরকারের কাছে বিচার না পেলে আন্তর্জাতিক পর্যায়ে যাব। তিনি বলেন, ৫ই জানুয়ারির নির্বাচনে এ সরকার যতই নিজেদের বিজয়ী মনে করুক আসলে তারা ভীষণভাবে নৈতিক পরাজয়ে পরাজিত হয়েছে। মাজেদুল ইসলাম রাসেলের বোন লাবণী আক্তার বলেন, প্রতিদিন ভাবি ভাই ফিরে আসবে এই সংবাদ আসবে। কিন্তু এই সংবাদটা আর আসে না। ছেলে হারানোর বেদনায় বাবা-মা বাকরুদ্ধ হয়ে আছেন। পুলিশের কাছে যখন গিয়েছি তখন নির্বাচনের পর খবর দেওয়ার আশ্বাস দিয়েছে। কিন্তু নির্বাচন দুই বছর হয়ে গেলেও আমরা ভাইয়ের কোন খবর পাইনি। সেলিম রেজা পিন্টুর বোন রেহানা বানু মুন্নি বলেন, আমার ভাইকে যখন প্রশাসনের লোক নিয়ে যাচ্ছিল তখন বলেছিলাম আমার ভাই রাজনীতি করে, সে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত না। তখন বুঝতে পারিনি তখনই ভাইকে আমাদের শেষ দেখা হয়ে যাচ্ছে। আমরা আমাদের ভাইকে ফেরত চাই। ভাইকে ফেরত না পেলে আমাদের বাবা-মা মারা যাবে। তিনি বলেন, ভাইয়ের শোকে আমরা পাথরের টুকরো হয়ে আছি। আমাদের ভেতরে কোন অনুভূতি নেই। সবুজবাগ থানা ছাত্রদল নেতা মাহবুব হাসান সুজনের স্ত্রী তানজিনা আক্তার বলেন, এ কষ্ট আর সহ্য হয় না। যাদের কেউ নিখোঁজ হয় তারাই বুঝে এ কষ্ট কেমন। আমার শিশুটিকে জবাব দিতে পারছি না। আমাদের আর কষ্ট দেবেন না। আমার স্বামীকে ফিরিয়ে দিন। কারাগেট থেকে গুম হওয়া খালিদ হাসানের স্ত্রী সৈয়দা শাম্মী সুলতানা বলেন, আন্তর্জাতিক গুম দিবস যদি পালন করতে দেয়া হবে না তাহলে এ দিবসটি রাখার কি দরকার? আমরা যদি একটু আমাদের কষ্টটাও প্রকাশ করতে না পারি তাহলে ওই দিবসের আর কি প্রয়োজন। তিনি সরকারের উদ্দেশে বলেন, আমাদের কষ্টগুলো বুঝার চেষ্টা করুন। ছাত্রদল নেতা মাহফুজুর রহমানের পিতা শামসুর রহমান বলেন, আমার ছেলে জন্মদিনের ফুল আনার জন্য শাহবাগে গিয়েছিল। সেখান থেকে তাকে আটক করেছে। তার গুমের খবরে তার শ্বশুর পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিছানায়। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই- আপনি তো হজ করেছেন, নামাজ পড়েন, কোরআন পড়েন। তাহলে আমাদের সন্তানদের কেন ফিরিয়ে দিচ্ছেন না। লাকসাম পৌর বিএনপি সভাপতি হুমায়ুন কবির পারভেজের স্ত্রী শাহনাজ আক্তার বলেন, আমার স্বামী ও চাচা শ্বশুর সাবেক এমপি হিরুর সঙ্গে আরেকজনকে আটক করেছিল র্যাব। থানায় তাকে হস্তান্তরও করেছে একজন র্যাব। কিন্তু আমার স্বামী ও চাচা শ্বশুরের বিষয়টি অস্বীকার করেছে। তিনি বলেন, আমার স্বামীর দেনা আছে, কিন্তু তার কোন সম্পদ ব্যবহার করতে পারছি না। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, অন্তত নিয়ম পরিবর্তন করে গুম হওয়া লোকজনের সম্পদ যেন তাদের পরিবার ব্যবহার করতে পারে সে আইন করুন। এছাড়াও লক্ষ্মীপুর জেলা যুবদল নেতা জুয়েলের স্ত্রী মনোয়ারা বেগম, স্বেচ্ছাসেবক দল নেতা আদনানের বাবা রুহুল আমিন চৌধুরী বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের ওপর ‘অনন্ত অপেক্ষা’ নামে ১৩ মিনিটের নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। তথ্যচিত্রটি প্রদর্শনের সময়ে গুম হওয়া পরিবারের সদস্যরা তাদের স্বজনদের ছবি দেখে কান্নায় ভেঙে পড়েন। তাদের কান্নায় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ সময় খালেদা জিয়াকে অশ্রুসজল দেখা যায়। খালেদা জিয়ার সহমর্মিতা জ্ঞাপন অনুষ্ঠানে নেয়াখালীর হাজীরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকের স্ত্রী পারভিন আক্তার, লাকসাম পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজের ছোট ভাই গোলাম ফারুক, মাজহারুল ইসলাম রাসেলের মা খাদিজা বেগম, তেজগাঁওয়ের নাখালপাড়া যুবদলের সভাপতি সাজিদুল ইসলাম সুমনের মা হাজেরা খাতুন ও বোন ফেরদৌসি, মো. ইয়াকুব আলীর ভাই মো. আল আমিন, বিমানবন্দর থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মুন্নার মা ময়ুরী বেগম আবদুল কাদের মাসুমের মা আয়শা আলী, আদনান চৌধুরীর মা কানিজ ফাতেমা, কাওসারের মা কমলা খাতুন, বংশাল থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ হোসেনের স্ত্রী ফারজানা, গুলশান থানা ছাত্রদলের প্রচার সম্পাদক সাইফুর রহমান সজিবের বাবা শফিকুর রহমানসহ অন্য স্বজনহারা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শাহ মোয়াজ্জেম হোসেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, সেলিমা রহমান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট আহমেদ আজম খান, শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, প্রবীণ সাংবাদিক শফিক রেহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন অনুষ্ঠানে আসা গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজ-খবর নেন।








