শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সহজ মোরগ রান্না (রেসিপি ফ্রম হার্ট)

news-image

জীবনকে যত সহজ করে সাজাতে চাই, সে সাজে না! জীবন তার পথে হেঁটেই আমাকে কষ্টের গলিতে নিয়ে চলে, বার বার! আমি আবার মুক্ত হই, সে আবারো একই কাজ করে! জানি এভাবেই সে আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে বাধ্য করবে! মনে একটা আক্ষেপ নিয়েই আমাকে চলে যেতে হবে যে, আমি যা হতে চেয়ে ছিলাম, তা হতে পারি নাই! শত বাঁধার দেয়াল আমি ভাঙতে পারি নাই!

যাই হোক, জীবনের কথা বলে আর কি হবে? দুষ্টু একটা! তবে এই জীবনকে বাঁচাতে হলে খেতেই হবে, খাবারের পূর্বে রান্না করতেই হবে। রান্না না জানলে কিংবা টাকা না থাকলে এই জীবনকে বাঁচানো মুশকিল! তাই চলুন, আজকে একটা রান্না দেখি। এর চেয়ে সহজ রান্না আর কি হতে পারে। আগেই বলে নেই, এই রান্নাটা নুতন মোরগ/মুরগী রান্নাকারীদের জন্য দেয়া হয়েছে। কারন রান্না করতে গেলেই প্রথমে যে রান্না প্রয়োজন তা হচ্ছে মাংশের কোন একটা আইটেম, এই আইটেম না থাকলে খাওয়া চলে না! আর মশলা, খুব কম মশলা দেয়া হয়েছে এবং যা দেয়া হয়েছে তা নিশ্চয় আপনাদের কিচেনে বা ফ্রীজে আছেই আছে!

চলুন দেখে ফেলি! কি আছে এই জীবনে। যারা এখন রান্না করছেন না, আসুন, দেখুন রান্না কত সহজ এবং কত সুন্দর। কত সহজে রান্না করা যায়। আপনি প্রবাসী হলে উপকরণ গুলো যে কোন সাধারন গ্রোসারী থেকেই কিনে নিতে পারেন। মনে রাখুন, রান্না হচ্ছে ভালবাসা! আপনি যাকে ভালবাসেন তাকে এই ভালবাসা দিয়েও জয় করতে হবে!

প্রয়োজনীয় উপকরনঃ
– চিকেন, এক কেজি (কিছু কম বেশী হবে বলে মনে হয়েছিল)
– পেঁয়াজ কুঁচি, মাঝারি ৩/৪টা
– আদা বাটা, দুই টেবিল চামচ
– রসুন বাটা, দুই টেবিল চামচ
– জিরা বাটা, এক টেবিল চামচ
– গরম মশলা (এলাচি কয়েকটা, দারুচিনি, লং কয়েক পিস)
– মরিচ গুড়া, বুঝে এক চা চামচ
– হলুদ গুড়া, এক চা চামচ বা সামান্য বেশি
– লবন, পরিমান মত (দিতে হবে দুই দফায়)
– কয়েকটা আস্ত কাঁচা মরিচ, রান্নার মাঝামাঝি সময়ে দিতে হবে
– তেল, ৪/৬ টেবিল চামচ (কম তেলে রান্না ভাল, তা ছাড়া চিকেনেও কিছু তেল বের হবে)
– পানি (দেড় কাপ, আগুন কম হলে পানি তেমন একটা লাগে না)

প্রস্তুত প্রনালীঃ (ছবি কথা বলে)

ছবি ১, পাতিলে তেল গরম করে হাফ চামচ লবন দিয়ে পেঁয়াজ কুঁচি ভাঁজুন।


ছবি ২, গরম মশলা দিন। ভাঁজুন।


ছবি ৩, এবার আদা, জিরা, রসুন বাটা দিন। ভাঁজুন।


ছবি ৪, হাফ কাপ পানি দিন। এবার কষিয়ে নিন। আগুন মাঝারি আঁচে থাকবে।


ছবি ৫, এবার মরিচ গুড়া ও হলুদ গুড়া দিন। মশিয়ে নিন।


ছবি ৬, তেল উঠে আসবে (কম তেলে রান্না করলে চোখে পড়বে কম)।


ছবি ৭, এবার মোরগের মাংশ দিয়ে দিন।


ছবি ৮, ভাল করে নাড়িয়ে মিশিয়ে নিন।


ছবি ৯, আগুন নিন্ম আঁচে থাকবে।


ছবি ১০, ব্যস, ঢাকনা দিয়ে দিন। মাংশ শক্ত হলে সময় লাগবে, নুতবা মিনিট ২০/২৫ লাগবে, আগুন কম থাকলে। তবে চুলার ধার ছেড়ে চলে যাবেন না, মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে।


ছবি ১১, মাংশ শক্ত থাকলে হাফ কাপ গরম পানি দিতে পারেন (ঠান্ডা দিলেও কিছু যায় আসে না, আগুনের কাছে সবই সমান!)


ছবি ১২, ব্যস এবার কাঁচা মরিচ গুলো দিয়ে দিন। মিশিয়ে নিন।


ছবি ১৩, ফাইন্যাল লবন দেখুন। লাগলে দিন, না লাগলে ‘ওকে’ বলে আগে বাড়ুন।


ছবি ১৪, ঝোল কেমন রাখবেন তা নিজেই ভেবে নিন। যদি ঝোল শুকাতে চান তবে ঢাকনা তুলে আগুন বাড়িয়ে দিন। কয়েক মিনিটেই ঝোল কমে যাবে। চুলার ধার ছেড়ে যাবেন না! সামান্য ভুলে রান্না পুড়ে যেতে পারে!

ব্যস, এই তো, হাড়ি সহ টেবিলে নিয়ে চলুন। আপনার ঘর, আপনার সংসার, আবার আপনার রান্না, আপনাকে আবার কে কি বলবে? কার এত বুকের পাটা! না, রান্না ভাল হলে সবাই আপনার প্রসংসা করবেই। আর রান্না খারাপ হলে সামনে কিছু না বললেও পিছনে নিরবে একটা গাল দিবেই! হা হা হা, এটাই জগতের নিয়ম! ফলে রান্না ভালবাসুন এবং সুস্বাদু রান্না করুন। আমি আপনার সাথে আছি।