বাংলাদেশ মিয়ানমার মৈত্রী সড়ক চার লেনে
বাংলাদেশ, ভারত, মিয়ানমার, থাইল্যান্ডসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে 'বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়ক' শিরোনামের প্রকল্পটি অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা। সড়কটি কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী থেকে মিয়ানমারের ঘুনধুম সীমান্তে গিয়ে শেষ হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এশিয়ান হাইওয়েতে যুক্ত হতে এ সড়কটি দুই লেনে নির্মাণের পরিকল্পনা ছিল তাঁদের। সে নকশাতেই গতকালের একনেক সভায় প্রকল্পটি উত্থাপন করা হয়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দেশীয় সংযোগ সড়কটি চার লেনে উন্নীত করার নির্দেশ দেন। তিনি বলেন, ভবিষ্যতে এ সড়কে যানবাহনের চাপ বাড়বে। তখন তা সামলানো কঠিন হবে।চার দেশীয় সংযোগ সড়কটি দুই লেনে করতে খরচ ধরা হয়েছিল ৫৫ কোটি টাকা। দুই কিলোমিটার দীর্ঘ সড়কটি এখন চার লেনে করতে ব্যয় হবে ৮০ কোটি টাকা। পরে চার লেনে উন্নীত করতে এ খরচ বেড়ে ১১০ কোটি টাকারও বেশি হয়ে যেত। এ হিসাব সড়ক বিভাগের। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী অর্থসচিবের উদ্দেশে বলেন, কৃপণতা করে লাভ নেই। টাকা খরচ করেন। এ সড়কটি ভবিষ্যতে চার লেন করতে গেলে খরচ দ্বিগুণ হবে। তাই এখনই ২৫ কোটি টাকা বাড়তি ব্যয় করেন।
২০০৭ সালে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি অনুযায়ী এশিয়ান হাইওয়েতে যুক্ত হতে মোট ২৫ কিলোমিটার সড়ক নির্মাণ করতে হবে। এর মধ্যে বাংলাদেশের অংশ দুই কিলোমিটার। যেটি গতকাল একনেক সভায় অনুমোদন দেওয়া হয়। বাকি ২৩ কিলোমিটার মিয়ানমার অংশে পড়েছে। এ ২৩ কিলোমিটার সড়কও বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে নির্মাণ করবে। এ-সংক্রান্ত আরেকটি প্রকল্প অনুমোদনের জন্য শিগগিরই পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। বিষয়টি গতকালের একনেক সভায় জানান সড়ক পরিবহন ও সেতুসচিব এম এ এন ছিদ্দিক।বৈঠক-পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, সভায় 'বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়ক' প্রকল্পটিসহ ছয় হাজার ৫৫৩ কোটি টাকা ব্যয়ে মোট পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে তিন হাজার ৯৪৮ কোটি টাকা, সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৮ কোটি এবং উন্নয়ন সহযোগীদের কাছ থেকে পাওয়া যাবে দুই হাজার ৫৮৮ কোটি টাকা।
পরিকল্পনামন্ত্রী বলেন, রাজধানীবাসীকে উন্নত পয়ঃসুবিধা দিতে ঢাকা ওয়াসা একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছে। এর আলোকে রাজধানীর খিলগাঁওয়ের দাশেরকান্দিতে ৫০০ এমএলডি ক্ষমতাসম্পন্ন একটি পয়ঃশোধনাগার নির্মাণ করা হবে। এতে ব্যয় হবে তিন হাজার ৩১৭ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে আসবে এক হাজার ১২৩ কোটি টাকা। আর চীন থেকে ঋণ পাওয়া যাবে দুই হাজার ১৮৪ কোটি টাকা। পরিকল্পনামন্ত্রী বলেন, ঢাকা ও পার্শ্ববর্তী শহরগুলোতে মোট ১১টি পয়ঃশোধনাগার নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। প্রথম পর্যায়ে ঢাকায় পাঁচটি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উন্নত পয়ঃসুবিধা নিশ্চিত করা হবে। এগুলো হচ্ছে পাগলা, দাশেরকান্দি, উত্তরা, মিরপুর ও রায়েরবাজার পয়ঃশোধনাগার প্রকল্প। সভায় অনুমোদন পাওয়া অন্য প্রকল্পগুলোর মধ্যে আছে ৪৬৩ কোটি টাকা ব্যয়ে রামপাল বিদ্যুৎকেন্দ্র এলাকার দ্বিতীয় ব্লকের ভূমি উন্নয়ন প্রকল্প, ৪৮২ কোটি টাকা ব্যয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা দ্বিতীয় পর্যায় প্রকল্প, বেগুনবাড়ী খালসহ হাতিরঝিল এলাকার সমন্বিত উন্নয়ন প্রকল্প। দুই হাজার ২৩৬ কোটি টাকা ব্যয় অপরিবর্তিত রেখে এর মেয়াদ দুই বছর বাড়িয়ে ২০১৭ সালে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।











