হজক্যাম্পে হট্টগোল ৪৪৬ পাসপোর্ট জব্দ
হজ নিয়ে চলছে নজিরবিহীন কারসাজি। প্রকৃত হজযাত্রীরা সুযোগ না পেলেও ভুয়া হজযাত্রীরা সুযোগ পাচ্ছে দেদারছে। আর এসব নিয়ন্ত্রণ করছে খোদ ধর্ম মন্ত্রণালয়, হজ অফিস এবং অফিসের আইটি বিভাগের সমন্বয়ে গড়ে ওঠা একটি শক্তিশালী সিন্ডিকেট। এবারের হজ মওসুমের শুরুতেই কোটাবঞ্চিত হজ এজেন্সির মালিকরা বরাবরই এ ধরনের অভিযোগ করে আসলেও আমলে নেয়নি কর্তৃপক্ষ। অবশেষে মঙ্গলবার রাতে হাতেনাতে ধরা পড়ে এ সিন্ডিকেটের কয়েকজন। পুলিশ ওইদিন গভীর রাতে জব্দ করে ৪৪৬ ভুয়া হজযাত্রীর পাসপোর্ট। ইতিমধ্যে বিপুল সংখ্যক ভুয়া হজযাত্রী সৌদি আরবে প্রবেশ করেছে বলেও অভিযোগ ওঠেছে। মঙ্গলবার রাতে জব্দ করা পাসপোর্টের মধ্যে অনেক রোহিঙ্গার পাসপোর্ট রয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে। তবে পুলিশের গাফিলতিতে এ চক্রের মূলহোতা ধর্ম মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের ছেলে পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শী এজেন্সির মালিকরা অভিযোগ করেছেন। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল দিনভর আশকোনা হজক্যাম্পে উত্তেজনা বিরাজ করে। বিকালের দিকে উত্তেজিত এজেন্সির মালিকরা হজ অফিসের আইটি বিভাগ ঘেরাও করে। একপর্যায়ে আইটি অফিসে ঢুকে পড়েন তারা। এ সময় হট্টগোলের সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
সূত্র জানায়, এ বছরের হজ মওসুমের শুরুতেই নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করে আসছে কোটাবঞ্চিত হজ এজেন্সির মালিকরা। ডাটাবেজে অনেক ভুয়া নাম অন্তর্ভুক্ত হয়েছে বলে সেগুলো যাচাইয়ের দাবি তোলে। তাদের দাবির প্রেক্ষিতে ধর্ম মন্ত্রণালয়বিষয়ক স্থায়ী কমিটি একটি যাচাই বাছাই কমিটি করে দেয়। ওই কমিটির তদন্তে বিপুল অনিয়ম ও ভুয়া নাম তালিকাভুক্ত হওয়ার প্রমাণ মেলে। পরে সংশ্লিষ্ট অফিস থেকে প্রত্যেক হজযাত্রীর বিপরীতে ডিও লেটার নেয়ার জন্য বলা হয়। কোটাবঞ্চিত এজেন্সির মালিকদের অভিযোগ আইটি বিভাগ সারাদিনে তেমন কোন কাজ না করলেও রাত ২টার পর থেকে ভোর পর্যন্ত ভুয়া হজযাত্রীদের পাসপোর্ট এন্টি বা পরিবর্তন করে থাকে। গতকাল ছিল ডিও লেটার নেয়ার জন্য আবেদনের শেষ তারিখ। মঙ্গলবার গভীর রাতে ভুক্তভোগীরা জানতে পারেন আশকোনা হজ এজেন্সির পাশে হলিডে এক্সপ্রেস নামে একটি হোটেলে বিপুল টাকার বিনিময়ে ভুয়া হজযাত্রী সংগ্রহ করা হচ্ছে। এমনকি সৌদি আরবে পাঠাতে প্রত্যেক ভুয়া হজযাত্রীর কাছ থেকে আড়াই লাখ টাকা করে নেয়া হচ্ছে। এ খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এজেন্সির মালিকরা ওই হোটেলের পাশে অবস্থান নেয়। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, তাদের জানামতে প্রায় ১ হাজারের মতো পাসপোর্ট সংগ্রহ করে। রাত দুইটার দিকে তারা দক্ষিণখান ও এয়ারপোর্ট থানায় বিষয়টি জানায়। কিন্তু পুলিশ পৌঁছে প্রথমে অভিযান চালাতে গড়িমসি করে। পুলিশ তাদেরকে জানায়, যেহেতু এ ব্যাপারে পূর্বে কোন অভিযোগ নেই তারা অভিযান চালাবে না। পরে উপস্থিত হজ এজেন্সির মালিকদের চাপে তাদের এবং ঘটনাস্থলে উপস্থিত একটি বেসরকারি টিভি চ্যানেলের প্রতিনিধিকে বাইরে রেখে পুলিশ হোটেলের ভেতরে প্রবেশ করে। অনেকক্ষণ পরে পুলিশ কাউকে আটক না করেই ফিরে আসে। পরে সবাই একসঙ্গে হোটেলে প্রবেশ করে। প্রত্যক্ষদর্শী একজন এজেন্সির মালিক জানান, তারা ঢুকেই ধর্ম মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের ছেলেকে পালিয়ে যেতে দেখেন। তার মালিকানাধীন এজেন্সির নাম ‘সোবহান আল্লাহ’। হোটেলের ৫০২ নম্বর কক্ষ থেকে দেড়শ’র মতো পাসপোর্ট জব্দ করে সেগুলো আইটি বিভাগে নিয়ে গিয়ে যাচাই করেন। কিন্তু দেখা যায় এগুলোর একটির এন্ট্রি নেই। পরে তাদের দাবির প্রেক্ষিতে পুলিশ আবারও হোটেলে অভিযান চালায়। অভিযানে পুলিশ এ ৪ জনকে আটক করে। একই সঙ্গে ৪টি ব্যাগভর্তি ৪৪৬টি পাসপোর্ট জব্দ করে।
আটককৃতরা হলো- সাজিদ ট্রাভেলস-এর মালিক ওহিদুল আলম ভূঁইয়া। মদিনা ট্রাভেলস-এর পার্টনার আবদুল্লাহ আল হাফিজ, গোল্ড জয় ট্রাভেলস-এর সামছুল হক। এদের বিরুদ্ধে বিভিন্ন সময় নানা জনের কাছ থেকে সৌদি আরবে পাঠানোর কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। এছাড়া, ওহিদুলের বিরুদ্ধে গতবার টাকা আত্মসাতের অভিযোগে ১ কোটি টাকার ফৌজদারি মামলাও হয়েছিল। ক্ষুব্ধ কোটাবঞ্চিতরা আরও অভিযোগ করেন খোদ মন্ত্রণালয়ের সচিবের গাড়িতে এসব পাসপোর্ট বহন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আটককৃতরা রাতে জানিয়েছিল তাদের সঙ্গে সরকারের কর্তাব্যক্তিরা এবং আইটি বিভাগের যোগসাজশ রয়েছে। তবে মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটলে বুধবার রাত পর্যন্ত তাদের বিরুদ্ধে কোন মামলা হয়নি।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল দিনভর উত্তেজনা ছিল আশকোনা হজক্যাম্পে। বিকাল সাড়ে ৫টার দিকে উত্তেজিত এজেন্সির মালিকরা আইটি অফিস ঘেরাও করে। এ সময় তারা আইটি বিভাগের প্রধান মিতুলের বিরুদ্ধে স্লোগান দেন। তাকে গ্রেপ্তারের দাবি জানান। এক পর্যায়ে অফিসের ভেতরে ঢুকে পড়েন বিক্ষুব্ধরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিক্ষুব্ধরা সচিব ও মন্ত্রীর পদত্যাগ দাবি করে ক্যাম্পের ভেতরে স্লোগান দিতে থাকেন। আত তাবলীগ এজেন্সির মালিক আবদুস সালাম বলেন, আইটি বিভাগ স্বেচ্ছাচারের মতো কাজ করছে। হজ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুপারিশ ও স্বাক্ষরের পরও তারা কাজ করে দেয় না।
ঘটনার বিষয়ে বিমানবন্দর থানার ওসি কামাল উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে ৪৪৬টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বেশকিছু এজেন্সির কোন কোটা ছিল না। আমরা অভিযোগ পেয়েছিলাম আইটি বিভাগ এবং হজ কর্মকর্তারা নতুন করে এই পাসপোর্টধারীদের ডাটাবেজে অন্তর্ভুক্ত করবেন।








