মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বন্যায় পানিবন্দী লাখো মানুষ

news-image

দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন লাখ মানুষ। কোথাও পানি ওঠার কারণে আবার কোথাও আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহূত হওয়ার জন্য শতশত স্কুল বন্ধ হয়ে গেছে। কোন কোন স্থানে পানি কমার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে ভাঙ্গন। বন্যা ও ভাঙ্গন কবলিত মানুষ বাঁধের রাস্তা, স্কুলসহ উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছেন। গতকাল ভোর রাতে নওগাঁ-আত্রাই আঞ্চলিক সড়কের ৫০ ফুট পানির তোড়ে ভেঙ্গে প্রায় ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। আত্রাই-নওগাঁর সকল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।flood
 
জামালপুর প্রতিনিধি জানান, জামালপুর জেলায় বন্যার পরিস্থিতি অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে জানান, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী নব কুমার। বন্যা কবলিত হওয়ায় অন্তত ৬০টি স্কুল বন্ধ হওয়ার খবর পাওয়া গেছে। দেওয়ানগঞ্জ, বকসিগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ী ও জামালপুর সদর এই সাতটি উপজেলার ৬৮টি ইউনিয়নের মধ্যে কমপক্ষে ৩৬টি ইউনিয়নের প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়ছে লাখ-লাখ মানুষ।
 
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, যমুনা নদীতে গত কয়েক দিন ধরে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর এবং চৌহালী থানার সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। নদীর পানি এ পয়েন্টে ১৯ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৫৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ১০টি ইউনিয়নের অন্তত অর্ধশত গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। টিউবঅয়েল তলিয়ে যাওয়ায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
 
বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, যমুনায় পানি বৃদ্ধিতে গত দুইদিনে উপজেলার পৌর এলাকাসহ তিনটি ইউনিয়নের প্রায় ৫ হাজার পরিবার  পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান ও হাট-বাজারসহ হাজার হাজার একর আবাদি জমি ডুবে গেছে।
 
বগুড়া প্রতিনিধি জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বগুড়া অংশে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। পানিবন্দী জীবন যাপন করছে প্রায় ১৫ হাজার মানুষ। কয়েকদিনে জেলার সারিয়াকান্দিতে একে একে ডুবে গেছে ৬৫টি বিদ্যালয়। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয় ৫৯টি। বাকি ৬টি মাধ্যমিক বিদ্যালয়। এরমধ্যে পাঠদান বন্ধ রয়েছে ৫০টি স্কুলে। কোন কোন বিদ্যালয়ে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। বাঁধের ধারে কিংবা উঁচু জায়গায় হাতে গোনা কয়েকটি বিদ্যালয় খোলা রাখা হলেও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় সেসব স্কুলেও কমেছে শিক্ষার্থীদের উপস্থিতি। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যার্ত মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটছে। বন্যায় উঠতি  রোপা আমন, পাট ও আখসহ বিভিন্ন ফসলের জমি তলিয়ে গেছে। দ্রুত পানি নেমে না গেলে এসব ফসলের ব্যাপক ক্ষতি হবে। 
 
গাইবান্ধা প্রতিনিধি জানান, ব্রহ্মপুত্র, যমুনা, ঘাঘট ও করতোয়া নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গাইবান্ধায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। জেলার ৪ উপজেলায় প্রায় ৮৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে দুর্ভোগ পোহাচ্ছে। ৫৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে পানি উঠে পড়ায় সোমবার থেকে এগুলোর পাঠদান বন্ধ করে দেয়া হয়েছে। ১৮ হাজার হেক্টর জমির ফসল পানিতে ডুবে গেছে। ব্রহ্মপুত্রের পানি গত ২৪ ঘণ্টায় ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন বিপদসীমার ২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঘাঘট নদীর পানি গত ২৪ ঘণ্টায় ১১ সেন্টিমিটার এবং করতোয়ার পানি ৪৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি এসে দাঁড়িয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। এদিকে রংপুর-সুন্দরগঞ্জ সড়কের বামনডাঙ্গার ঘাঘট নদীর স্লুইস গেটটি এখন হুমকির মুখে রয়েছে। সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই মিল্টন জানান, ঘরবাড়িতে পানি ওঠায় জরুরি ভিত্তিতে উপজেলার ১৫টি ইউনিয়নে ১২টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। প্রায় ৩ হাজার বন্যা কবলিত মানুষ গবাদি পশুসহ এসব কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
 
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রাম জেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। কুড়িগ্রাম জেলার ৫৫ ইউনিয়নের প্রায় ২৭২ গ্রামের পৌনে দুই লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে। দুর্গত এলাকায় ত্রাণ না পৌঁছায় দুর্ভোগে পড়েছে বানভাসিরা। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও গবাদি পশুর খাদ্য সংকট। সোমবার বিকেলে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১১ সেন্টিমিটার এবং ধরলা নদীর পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।
 
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, কুড়িগ্রামের উলিপুরে ১৭ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ব্রহ্মপূত্র ও তিস্তা নদীর অব্যাহত ভাঙনে গত ২ সপ্তাহের ব্যবধানে ৮ ইউনিয়নের প্রায় ১ হাজার পরিবারের ঘর-বাড়ি নদী গর্ভে চলে গেছে। ভাঙনে শিকার পরিবারের মানুষ বাঁধের রাস্তাসহ উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে।
 
চাটমোহর (পাবনা) সংবাদদাতা জানান, পাবনার চাটমোহর উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। প্লাবিত হয়েছে ঘর-বাড়ি, রাস্তা-ঘাট, স্কুল। প্রতিদিনই পানি বাড়ছে। তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। উপজেলার হান্ডিয়াল, নিমাইচড়া ও ছাইকোলা ইউনিয়নের বিভিন্ন জনপদ ও রাস্তা ডুবে গেছে। স্কুলে পানি ওঠায় লেখাপড়া ব্যাহত হচ্ছে। বেড়েছে বড়াল ও গুমানী নদীর পানি।
 
নওগাঁ প্রতিনিধি : উজান থেকে নেমে আসা পানিতে নওগাঁর আত্রাই উপজেলায় মির্জাপুর নামক স্থানে গতকাল ভোর রাতে নওগাঁ-আত্রাই আঞ্চলিক সড়কের ৫০ ফুট ভেঙে প্রায় ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে আত্রাই-নওগাঁ সকল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বন্যায় হাজার হাজার লোক পানিবন্দী হয়ে পড়েছেন। বন্য কবলিত এলাকার অনেক পরিবার রাস্তার উপর আশ্রয় নিয়েছেন।
 
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা জানান, আত্রাই নদীর পানি বৃদ্ধির কারণে চার স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় উপজেলার প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
 
মান্দা-আত্রাই (নওগাঁ) সংবাদদাতা জানান, শত শত বিঘা ফসলি জমির ধান ডুবে গেছে। সবজির ক্ষেত তলিয়ে গেছে।
 
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, ফটিকছড়িতে হালদার ভাঙনের মুখে কয়েক শতাধিক পরিবার আতঙ্কে দিন যাপন করছে। চলতি বর্ষায় হালদার ভাঙন বিভিন্ন পয়েন্টে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এরই মধ্যে উপজেলার প্রায় শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে।
 
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা জানান, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পাহাড়ি ঢলে রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, ভেঙে এ উপজেলা বিধ্বস্ত জনপথে পরিণত হয়েছে।
 
সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা জানান, জামালপুরের সরিষাবাড়ীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সরিষাবাড়ী জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে । ১৭টি গ্রাম প্লাবিত হয়েছে । পিংনা ইউনিয়নের কয়েকটি গ্রাম প্রবল স্রোতে ও ভাঙনে যমুনা গর্ভে তলিয়ে গেছে।
 
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা জানান, জামালপুরের মেলান্দহ উপজেলার ১১টি ইউনিয়ন এবং পৌরসভার আংশিক এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে। ফসলী জমি তলিয়ে গেছে। উপজেলা শিক্ষা অফিসার জুয়েল আশরাফ জানিয়েছেন-বন্যার কারণে ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
 
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, পদ্মা-যমুনার পানি আরিচা পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ১৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার মাত্র ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আজ মঙ্গলবারের মধ্যে তা বিপদসীমা অতিক্রম করবে বলে পানি উন্নয়ন বোর্ড আরিচা অফিস সূত্র জানিয়েছে। এদিকে, নদীতে অব্যাহত পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট নৌ-রুটে ফেরি, লঞ্চ, কার্গো, ইঞ্জিন চালিত নৌকা চলাচল মারাত্মক ব্যাহত হচ্ছে। পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় পণ্যবাহী অসংখ্য যানবাহন আটকে পড়ায় উভয় ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
 
এদিকে, নদীতে পানি বৃদ্ধি ও প্রবল ঢেউয়ে পদ্মা-যমুনার তীরবর্তী এলাকায় তীব্র ভাঙনের সৃষ্টি হয়েছে। শিবালয়ের দুর্গম চরাঞ্চল চরশিবালয়ে প্রায় দু’বছর আগে কোটি টাকা ব্যয়ে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের প্রায় ১শ’ টিনশেড ঘর ও জাফরগঞ্জ গোয়াড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বি-তল ভবন যমুনা গর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে।
 
কাউখালী (রাঙ্গামাটি) প্রতিনিধি জানান, সাম্প্রতিক প্রবল বর্ষণ এবং ইছামতি ও কাউখালী খালের অব্যাহত ভাঙনের ফলে কাউখালী উপজেলা কেন্দ্রীয় কবরস্থান বিলীন হতে চলেছে। জরুরি ভিত্তিতে ভাঙন রোধ করা না গেলে যেকোন সময় পুরো কবরস্থান ইছামতি ও কাউখালী খালের মধ্যে বিলীন হয়ে যাবে। ফলে উক্ত কবরস্থানে কবর দেয়া কয়েকশ লাশ খালের পানিতে ভেসে যাওযার আশংকা প্রকাশ করছেন স্থানীয়রা।

এ জাতীয় আরও খবর

প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

ঈদে অতিথি আপ্যায়ন

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

হাদি হত্যা : ভারতে গ্রেপ্তার হওয়াদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি

ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ

সন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ

নতুন ভিসি পেল ৭ বিশ্ববিদ্যালয়

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাড়ছে যানবাহনের চাপ

হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করতে কিছু দেশ খুব একটা আগ্রহী নয়: ট্রাম্প

আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয়: তারেক রহমান