শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের ক্যান্টিনে।

news-image

একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক এক হাজার ৮০০ ক্যালরির খাদ্য প্রয়োজন। কিন্তু হল ক্যান্টিনের এক টুকরা মাংস ও মাছে সে চাহিদা পূরণ হয় না। নিম্নমানের চালের ভাত আর ডালের নামে হলুদ রঙের পানি খাওয়ানো হয়। তাই হলের শিক্ষার্থীরা অপুষ্টিজনিত রোগে ভুগবে এটাই স্বাভাবিক। তাদের জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা করার কেউ নেই। বিভিন্ন হলের ক্যান্টিন ঘুরে দেখা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করা হয়। অপরিচ্ছন্ন টেবিল ও প্লেট। খাবারের ওপর মাছি ভনভন করে। স্যাঁতসেঁতে রান্নাঘরে রান্না করা হয়; চারপাশে ময়লা ছড়ানো-ছিটানো।

হাজী মুহম্মদ মুহসীন হলের ক্যান্টিনে ঢুকতেই উৎকট গন্ধ এসে নাকে লাগে। খাবারের টেবিল পরিষ্কার করা হচ্ছে অপরিষ্কার ন্যাকড়া দিয়ে। রান্নাঘর খুবই নোংরা। এখানে-ওখানে ময়লা-আবর্জনা ছড়িয়ে আছে। রান্নাঘরের মেঝে স্যাঁতসেঁতে। প্রতিবছরই খাবারের দাম বাড়ে; কিন্তু মান বাড়ে না। এক বেলার খাবার খরচ ৪৫-৫০ টাকা।

ফাও খেয়ে মান শেষ

শিক্ষার্থীদের অভিযোগ, ক্যান্টিনে ইলিশের নামে খাওয়ানো হয় বড় চাপিলা মাছ; গরুর মাংসের নামে মহিষের মাংস। দেওয়া হয় নিম্নমানের মোটা চালের ভাত; ডালের নামে হলুদ মেশানো পানি। মাছের মানও ভালো নয়। পচা মাছ নিয়ে ম্যানেজারদের সঙ্গে ছাত্রদের প্রায়ই তকাতর্কি হয়। নষ্ট সবজিও খাওয়ানো হয় বলে অভিযোগ তাদের। ছাত্রী হলের অবস্থাও একই। শামসুন নাহার হলের চতুর্থ বর্ষের ছাত্রী রওশান আরা নিতুল জানান, হল ক্যান্টিনের অবস্থা মোটেও ভালো নয়। নিম্নমানের খাবার; অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে পরিবেশন করা হয়। তবে অনেকেই নিজেরা রেঁধে খায়। অনুসন্ধানে জানা গেছে, হলের খাবারের নিম্নমান ও দাম বাড়ার পেছনে রয়েছে 'ফাও' খাওয়া। ম্যানেজাররা জানান, প্রতিদিন তিন বেলায় ছাত্রনেতাদের কক্ষে খাবার পৌঁছে দিতে হয়। প্রতি হলে প্রতি বেলায় ২৫-৩০ জন নেতার কক্ষে খাবার পাঠাতে হয়। কখনো খাবার না দিলে রুমে ডেকে নিয়ে হুমকি-ধমকি দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্যান্টিন ম্যানেজার বলেন, সারা মাসই খায় নেতারা। মাঝে মাঝে কিছু টাকা ধরিয়ে দেয়; দামের তুলনায় খুবই সামান্য। তাই ক্ষতি পোষাতে খাবারের দাম বাড়ানো হয়। আর বাজারে জিনিসপত্রের দামও তো বেড়েছে।

হল ক্যান্টিনের খাবারের মান যাচাই করার এবং ব্যবস্থাপনায় নজরদারি করার জন্য আবাসিক শিক্ষক রয়েছেন। অভিযোগ রয়েছে, বিভিন্ন সুবিধা নিলেও খাবারের মান নিয়ে কথা বলেন না তাঁরা। কারো কারো বাসায় ভালো ভালো খাবার পাঠিয়ে তাঁদের সন্তুষ্ট রাখেন ক্যান্টিন ম্যানেজাররা। বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের সিনিয়র মেডিক্যাল অফিসার শাহজাহান কামাল বলেন, একজন পূর্ণবয়স্ক মানুষের যে পরিমাণ ক্যালরি প্রয়োজন তা হলের খাবার থেকে আসে না। শিক্ষার্থীরা অপুষ্টিজনিত রোগে ভোগে। জন্ডিস, আমাশয়, উদরাময় প্রভৃতি রোগে ভোগে তারা।

পরিষেবা সমস্যা : হলের শিক্ষার্থীদের জন্য চালু রয়েছে বিভিন্ন পরিষেবা ব্যবস্থা। লন্ড্রি, সেলুন, ফ্রি ওয়াই-ফাই এবং অসুস্থ ছাত্রদের দেখাশোনার জন্য স্বাস্থ্যকর্মী প্রভৃতি। কিন্তু শিক্ষার্থীরা কোনো সেবাই ঠিকভাবে পায় না বলে অভিযোগ রয়েছে। কাপড় লন্ড্রিতে নেওয়ার জন্য রয়েছে ওয়ার্ডবয়। ধোয়া ও ইস্ত্রি শেষে রুমে রুমে পৌঁছে দেওয়াও তাদের কাজ। হলের প্রতিটি ফ্লোরে একজন করে ওয়ার্ডবয় থাকে। কিন্তু নিয়মিতভাবে তাদের পাওয়া যায় না। লন্ড্রি থেকে কাপড় হারানো বা ছিঁড়ে যাওয়ার ঘটনাও ঘটে। প্রতিটি হলেই সেলুন আছে। কিন্তু সেগুলো অপরিচ্ছন্ন। বেশির ভাগ শিক্ষার্থী হলের বাইরে গিয়ে চুল-দাড়ি কাটায়। বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা 'ওয়াই-ফাই' হলগুলোতে চালু করা হয়েছে। তবে কোনো হলেই তা ঠিকমতো কাজ করে না। গতি খুবই কম। প্রতিটি হলেই রয়েছেন স্বাস্থ্যকর্মী। শিক্ষার্থীদের দেখাশোনা, ওষুধ, খাবার প্রভৃতি সরবরাহ করার দায়িত্ব তাঁদের। কিন্তু যথাসময়ে তাঁদের পাওয়া যায় না। হলের প্রবেশপথে দারোয়ান বসে থাকলেও প্রায়ই বাইসাইকেল ও অন্যান্য জিনিস খোয়া যায়। পাঠাগারে সমস্যার শেষ নেই : প্রতিটি হলেই রয়েছে একটি করে পাঠাগার ও পাঠকক্ষ। কিন্তু অতিরিক্ত শিক্ষার্থীর চাপে পড়তে বসার জায়গাই মেলে না। আছে কিছু পরিচিত বই। প্রতিবছর নতুন বই কেনার বাজেট থাকলেও কেনা হয় না তেমন। পুরনো বই-ই পড়তে হয়। অনেক সময় দরকারি বই খুঁজে পাওয়া যায় না। সহশিক্ষা কার্যক্রম : শিক্ষাতিরিক্ত কর্মকাণ্ডের জন্য রয়েছে হল ছাত্র সংসদ; অধিকার আদায়ের প্লাটফর্মও এটি। ছাত্র সংসদের জন্য একটি কক্ষ বরাদ্দ থাকে। এর জন্য শিক্ষার্থীদের কাছ থেকে বছরে ৬০ টাকা করে নেওয়া হয়। কিন্তু নিয়মিত নির্বাচন না হওয়ায় ছাত্র সংসদের কোনো কাজ নেই; নির্দিষ্ট কক্ষটিও অব্যবহৃতই থাকছে। তবে একেবারেই অব্যবহৃত নয়; ক্ষমতাসীনদের সমর্থকরা এটি দখল করে রাখে। হলগুলোতে সাংস্কৃতিক কর্মকাণ্ড নেই। বছরে একটি প্রকাশনা হওয়ার কথা থাকলেও সেটা হয় না। অবশ্য ছাত্র সংসদ না থাকলেও ডিবেটিং ক্লাব রয়েছে। স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের নিয়মিত কার্যক্রম রয়েছে। ভালো ফলের জন্য বৃত্তির ব্যবস্থাও রয়েছে। নামমাত্র বার্ষিক খেলাধুলা : পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিয়মিত খেলাধুলার ব্যবস্থা করার বিধান রয়েছে। কিন্তু হলগুলোতে নিয়মিত খেলাধুলা অনুষ্ঠিত হয় না। প্রতিবছর লোক দেখানো ক্রীড়ানুষ্ঠান হয় কেন্দ্রীয়ভাবে। তবে শিক্ষার্থীরা নিজেরা কিছু খেলার আয়োজন করে। প্রতিটি হলেই একজন ক্রীড়াশিক্ষক রয়েছেন। তাঁর তৎপরতা যদিও চোখে পড়ে না।

গোসলখানা ও টয়লেট : অতিরিক্ত শিক্ষার্থীর চাপে হলের টয়লেটগুলো সব সময় অস্বাস্থ্যকর ও নোংরা থাকে। প্রতিদিন পরিষ্কার না করায় উৎকট গন্ধ ছড়ায়। বাথরুমের পাশের কক্ষগুলোতে থাকা কষ্টকর। এফ রহমান হলের বাথরুমে গিয়ে দেখা গেছে, সাদা কমোডগুলো হলুদ রং ধারণ করেছে। টয়লেট ও গোসলখানার দেয়ালে জমে আছে সবুজ শ্যাওলা। ঘিনঘিনে পরিবেশ। মাঝে মাঝে পরিষ্কার করা হলেও তা মানসম্মত নয়। প্রশাসনের বক্তব্য : বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) জীবন কুমার মিশ্র বলেন, প্রতিবছর বিভাগ বাড়ছে। বাড়ছে শিক্ষার্থীর চাপও। হলের বিভিন্ন সমস্যা সমাধানের জোর চেষ্টা চলছে।