বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি পরামর্শে চলছে বিএনপি?

news-image

দেশে রাজনীতি এখন স্থবির। সরকারবিরোধী কোনো আন্দোলন নেই। অনেকের মতে, সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে পথে নামা তো দূরের কথা, বক্তৃতা-বিবৃতি দেওয়ার মতো সাহস দেখানো লোকও এখন খুঁজে পাওয়া মুশকিল। অনেক জাঁদরেল নেতা আত্মগোপনে। যাঁরা প্রকাশ্যে আছেন, তাঁরাও চলছেন গা বাঁচিয়ে। আর বাকিরা টানছেন জেলের ঘানি। দলের এই রুগ্ণদশা সত্ত্বেও নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী বিএনপির কেউ কেউ।

এর কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা গেছে, দলটি বর্তমানে নিজেদের কর্মকৌশলকে যতটা না গুরুত্ব দিচ্ছে, তার চেয়ে ঢের বেশি উদ্যোগী বিদেশিদের মনোভাব বুঝে চলার বিষয়ে। বিএনপির কোনো কোনো নেতার মতে, দলের বেশির ভাগ নীতিনির্ধারণী সিদ্ধান্ত এখন নেওয়া হচ্ছে আন্তর্জাতিক বন্ধুদের পরামর্শমতো। আর এ কারণেই আন্দোলন ক্ষান্ত দিয়ে দলটি আপাতত চুপ থাকার পথ ধরেছে। উদ্দেশ্য, একদিকে নেতাকর্মীদের কারামুক্ত করে দল পুনর্গঠন, অন্যদিকে অরাজকতা থেকে সরে এসে বিশ্বকে এটা দেখানো, সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যাপারে ভাববার সময় তারা সরকারকে দিচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব এবং জাতিসংঘের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বেশি মনোযোগী এখন দলটি। অনানুষ্ঠানিক বিভিন্ন আলাপচারিতায় ওই সব দেশ ও সংস্থার কূটনীতিকরা যেসব পরামর্শ দিচ্ছেন, তা-ই শুনছে বিএনপি।

দলটির সর্বস্তরের নেতাকর্মীরা বিশ্বাস করেন, যে অবস্থায় এখন দেশ চলছে, তাতে এভাবে আর কিছুদিন গেলে বাদবাকি জনপ্রিয়তাও খোয়াবে সরকার। একপর্যায়ে অস্থিরতা দেখা দেবে। তখন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব ও জাতিসংঘ সক্রিয় হলে সরকার বেকায়দায় পড়ে যাবে।

বিএনপি আশায় রয়েছে, এখন পর্যন্ত বাংলাদেশ প্রশ্নে অবস্থান না বদলালেও এ দেশের জনগণের মনোভাব বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষেই অবস্থান নেবে ভারত। ফলে নতুন দিল্লি অসন্তুষ্ট হয় এমন কাজ বা উদ্যোগ থেকেও দলটি বিরত আছে। পর্দার আড়ালে ক্ষমতাসীন বিজেপিসহ দেশটির 'ক্ষমতার কেন্দ্র' বলে পরিচিত প্রতিষ্ঠান ও তাদের প্রতিনিধিদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপি। ভারত-বিরোধিতা থেকে সরে এসে কোন কোন ইস্যুতে দেশটির সঙ্গে তাদের সমস্যা রয়েছে তাও খতিয়ে দেখছে দলটি। ভারতের সমর্থন পেতে প্রয়োজনে বিএনপি তাদের এত দিন মেনে চলা নীতিতেও 'ছাড়' দিতে রাজি। অনেকের মতে, 'ক্ষমতায় গেলে বিএনপি প্রতিহিংসার রাজনীতি করবে না'- দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ দেওয়া এ বক্তব্যও বিদেশিদের লক্ষ্য করে। কারণ দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বা সুষ্ঠু পরিবেশের পক্ষেই প্রভাবশালী দেশগুলোর অবস্থান।

খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির নীতি-নির্ধারক পর্যায়ের গুরুত্বপূর্ণ ছয়জন নেতা এ মুহূর্তে দেশের বাইরে। তাঁদের অন্তত চারজনের মূল উদ্দেশ্য দলের পক্ষে কূটনৈতিক তৎপরতা চালানো। চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক প্রায় তিন মাস হলো ওয়াশিংটনে অবস্থান করছেন। তাঁর এই পুরো সময়টাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও জাতিসংঘের দক্ষিণ এশিয়াসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে কাটছে বলে জানা গেছে। আর সম্প্রতি লন্ডনে কিছু কূটনৈতিক তৎপরতা শেষে গত ১৮ আগস্ট যুক্তরাষ্ট্র গেছেন দলের স্থায়ী কমিটির অন্যতম নেতা ড. আবদুল মঈন খান। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অত্যন্ত ঘনিষ্ঠজন বলে পরিচিত তিনি। এ ছাড়া ঢাকার কূটনৈতিক অঙ্গনে আরেক পরিচিত মুখ আবদুল আউয়াল মিন্টুও সম্প্রতি চিকিৎসার জন্য দেশের বাইরে গেছেন। তাঁর পারিবারিক সূত্রের দাবি, চিকিৎসার জন্যই মূলত তিনি ব্যাংককে গেছেন। কিন্তু বিএনপির ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, এরপর তিনি লন্ডন ও যুক্তরাষ্ট্র যাবেন। আর এর আড়ালেও রয়েছে মূলত দলের পক্ষে কূটনৈতিক তৎপরতা। দুই সপ্তাহ আগে মিন্টুর ছেলে তাবিথ আউয়ালও যুক্তরাষ্ট্রে গিয়ে বাংলাদেশ বিষয়ে সেখানকার গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। চিকিৎসার জন্য আগে থেকেই যুক্তরাষ্ট্রে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা।

বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী লন্ডন গেছেন। কূটনৈতিক অঙ্গনে এই নেতারও ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।জানতে চাইলে ওয়াশিংটন থেকে টেলিফোনে ড. ওসমান ফারুক কালের কণ্ঠকে জানান, বিএনপি বিদেশিদের পরামর্শমতো চলছে, বিষয়টি ঠিক তা নয়। তবে বর্তমান বিশ্বব্যবস্থায় প্রভাবশালী দেশ বা জাতিসংঘ কী চায় সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। তাঁর মতে, বিদেশিরা বাংলাদেশে কাউকে ক্ষমতায় বসিয়ে দেবে না এটি যেমন ঠিক; পাশাপাশি সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রের প্রশ্নে তাঁরা যা বলেন, তা অবজ্ঞা করাও ঠিক হবে না।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে গিয়ে সমস্যার কোনো সমাধান খুঁজে পাওয়া না গেলে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো কেন সেখানে যাবেন? তবে বাংলাদেশ বিষয়ে জাতিসংঘ পুরোপুরি 'কনসার্ন' বলে তিনি দাবি করেন।

বিদেশে যাওয়ার আগে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান বিশ্বে কোনো দেশ বা সরকারের পক্ষে বিচ্ছিন্ন হয়ে থাকা সম্ভব নয়। তাই বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায় কী ভাবে, বলে সেটি অবশ্যই বিবেচনায় নিতে হবে। তা ছাড়া বিদেশিরা তো এখানে খারাপ কিছু চাইছেন না। তাঁরা উন্নত গণতান্ত্রিক সংস্কৃতির কথা বলছেন। ফলে একসময় না একসময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে সরকারকে ভাবতেই হবে। বিএনপির পররাষ্ট্রবিষয়ক কমিটির আহ্বায়ক লেখক শফিক রেহমান অবশ্য মনে করেন, বিএনপি অন্য কোনো দেশের দিকে মুখিয়ে নেই। কারণ জনসমর্থন প্রশ্নে এ দলটি অনেক শক্তিশালী অবস্থায় রয়েছে। তাঁর মতে, বরং জনসমর্থনহীন সরকার অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে। তাই তারাই বিদেশের দিকে তাকিয়ে থাকে। নানা ছুতোয় সুযোগ পেলেই প্রধানমন্ত্রী ভারতে যাচ্ছেন। দুর্বল বলেই এম কে আনোয়ার, শওকত মাহমুদ বা প্রবীর সিকদারের মতো অনেককে সুযোগ পেলেই জেলে ভরা হচ্ছে। সরকার সবল হলে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন দিয়ে দেওয়া হতো।

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক