বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ওলামা লীগের সভাপতিকে ছুরি মেরে জখম

news-image


* সন্দেহভাজন আনসারুল্লাহ সদস্য আটক 
* ওলামা লীগের অন্য অংশকেও সন্দেহ
 

গতকাল জুমার নামাজের পর বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন ওলামা লীগের একাংশের সভাপতি মাওলানা ইলিয়াস হোসেন বিন হেলালী। আওয়ামী লীগ সমর্থক সংগঠন ওলামা লীগের একাংশের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালীকে ছুরি দিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে তাঁকে পেছন দিক থেকে ছুরিকাঘাত করা হয়। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন সহকর্মীরা। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর ঘাড়, পেট ও হাতে ধারালো অস্ত্রের তিনটি জখমের চিহ্ন পাওয়া গেছে। তিনি পুরোপুরি শঙ্কামুক্ত নন।

এদিকে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার পরপরই মুজাহিদুল ইসলাম (২০) নামে সন্দেহভাজন একজনকে ছুরিসহ আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই যুবক নিজেকে আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য বলে স্বীকার করেছে। পুলিশের ধারণা, এবিটির সদস্যরা ইলিয়াসকে হত্যার চেষ্টা করে। আটক মুজাহিদকে গোয়েন্দা পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওলামা লীগের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে কি না তাও খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ।

পুলিশ কর্মকর্তা ও ইলিয়াসের সহকর্মীরা জানান, ওলামা লীগের দুটি অংশ দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগ কার্যালয়ের ঠিকানা ব্যবহার করে আলাদাভাবে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে আসছে। এর একটি অংশের নেতৃত্বে আছেন ইলিয়াস হোসাইন বিন হেলালী ও মো. দেলোয়ার হোসেন। অন্য অংশটি চলছে আক্তার হোসেন ও আবুল হাসানের নেতৃত্বে। আক্তার ও হাসানের নেতৃত্বাধীন অংশ মৌলবাদীদের পক্ষে বক্তব্য দেওয়ায় ওই অংশের নেতাদের পেছনে হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলামীর মদদ থাকার অভিযোগ করে আসছিলেন ইলিয়াস ও তাঁর অনুসারীরা। গতকাল জুমার নামাজ শেষ করে একুশে আগস্ট গ্রেনেড হামলার স্মরণে বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত সভায় যাচ্ছিলেন ইলিয়াস। মসজিদ থেকে বের হওয়ার পরই হামলার কবলে পড়েন তিনি। গতকাল বিকেল পৌনে ৪টার দিকে হাসপাতালে ইলিয়াসকে দেখতে গিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) শেখ মুহাম্মদ মারুফ হাসান বলেন, আটক মুজাহিদুল ইসলাম নিজেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে দাবি করেছে। এ ব্যাপারে তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করে এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার চেষ্টা চালানো হচ্ছে। এক প্রশ্নের জবাবে মারুফ হাসান বলেন, 'ওই যুবক একা হামলা করেছে, নাকি তার সঙ্গে আরো লোক ছিল তা এখনো স্পষ্ট নয়। একটু সুস্থ হলে মাওলানা ইলিয়াসের সঙ্গে কথা বলা হবে।'

ইলিয়াসের রাজনৈতিক সহকর্মী আবুল আজিজ খান জানান, গতকাল দুপুরে ইলিয়াস ডেমরার নিজ বাসা থেকে এসে বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে বঙ্গবন্ধু এভিনিউয়ে ২১ আগস্টের অনুষ্ঠানে যাওয়ার সময় ২টার দিকে দক্ষিণ গেটে তাঁকে পেছন দিক থেকে আঘাত করে দুর্বৃত্তরা।

ইলিয়াস হোসাইনের গাড়িচালক রুবেল বলেন, 'হুজুরকে বায়তুল মোকাররম মসজিদে নামিয়ে দিয়ে গাড়ি পার্ক করি। নামাজ শেষে দক্ষিণ গেট দিয়ে নেমে জুতা পরার সময় তাকে ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে যাই।'

ওলামা লীগের দপ্তর সম্পাদক মোয়াজ ইবনে মোসাদ্দেক বলেন, 'আগেই হুজুরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। তাঁকে অনুষ্ঠানে যোগ না দেওয়ার জন্য বিভিন্ন সময় ফোনে হুমকি দেওয়া হতো। আজকে এ হামলা চালানো হলো।' পল্টন মডেল থানার ওসি মোর্শেদ আলম বলেন, ঘটনার পরপরই বায়তুল মোকাররম এলাকা থেকে মুজাহিদ নামে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি ছুরিও জব্দ করা হয়েছে। মুজাহিদ হাজারীবাগের বায়তুল রসুল মাদ্রাসার আলিম শ্রেণির ছাত্র। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারে। তার বাবা নজরুল ইসলাম একটি মসজিদের খতিব। মুজাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওলামা লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দাবি করেন, জামায়াত-শিবির ইলিয়াসকে হত্যার জন্য হামলা চালিয়েছে। এই হামলার সঙ্গে ওলামা লীগ দাবি করা অন্য পক্ষ জড়িত থাকতে পারে বলেও সন্দেহ করেন তিনি। ইলিয়াসের অংশ অভিযোগ করে আসছে, আওয়ামী ওলামা লীগকে হেয় করতে দলের নাম ব্যবহার করে কিছু হেফাজতে ইসলামের অনুপ্রবেশকারী দলের ভাবমূর্তি নষ্ট করছে। এরা মূলত জঙ্গি, এরা হেফাজতের টাকায় সরকারবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এ অভিযোগ অস্বীকার করে আক্তার-হাসান অংশ বলে আসছে, ২০০১ সাল থেকেই তারা দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক