শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকৃতি ও জীবন

news-image

কিউই পাখি
 

নিউজিল্যান্ডের জাতীয় পাখি কিউই। বিপন্ন এই পাখি শুধু নিউজিল্যান্ডেই পাওয়া যায়। কিউই পাখি হলেও স্তন্যপায়ী প্রাণীদের অনেক বৈশিষ্ট্যের সঙ্গে এদের মিল রয়েছে। শরীরের পালক স্তন্যপায়ীদের শরীরের লোমের মতো পাতলা ও চিকন, মানুষের মতো এদেরও অস্থিমজ্জা থাকে। সারা বিশ্বে এটিই সম্ভবত একমাত্র পাখি যার নাসারন্ধ্র অবস্থিত চঞ্চুর একদম শেষ প্রান্তে। এদের দৃষ্টিশক্তি খুব ক্ষীণ, দিনের বেলায় মাত্র ২ ফুট দূরত্বে দেখতে পারে। আর এ কারণেই অত্যন্ত প্রখর ঘ্রাণশক্তির মাধ্যমে এরা খাদ্য খুঁজে বের করে। এদের শরীরে পাখনা থাকলেও উড়তে পারে না। অন্যান্য পাখির একটিমাত্র গর্ভাশয় থাকলেও স্ত্রী কিউই পাখির গর্ভাশয় দু’টি। quie bird

এরা নিশাচর প্রকৃতির পাখি। এদের প্রধান খাদ্য কেঁচো হলেও শামুক, ঘুণপোকা, মাকড়সা, বিছেসহ বিভিন্ন উদ্ভিদের বীজ, ফল ইত্যাদি খেয়ে থাকে। এরা সাধারণত ৮০০ গ্রাম থেকে ১ কেজি পর্যন্ত হয়ে থাকে এবং স্ত্রী পাখি পুরুষ পাখির চেয়ে আকারে বড়। মজার বিষয় হল- অন্যান্য পাখির সঙ্গে তুলনা করলে শরীরের আকারের পরিপ্রেক্ষিতে এরা সবচেয়ে বড় ডিম পাড়ে।

 
 প্রজাপতির পাখা
প্রজাপতির মূল আকর্ষণ তার পাখায়। হাজারো বর্ণে বর্ণিল এক একটি প্রজাপতির পাখায় এত রঙ কীভাবে এল তা এখনও প্রায় অজানা। মজার বিষয় হল- প্রজাপতির পাখা দেখতে বর্ণিল হলেও এটি আসলে স্বচ্ছ। এই পাখা কাইটিন নামক প্রোটিন দিয়ে তৈরি, যা অন্যান্য কীটপতঙ্গের শরীরের বাইরের খোলস তৈরির মূল উপাদান। এই কাইটিনের স্বচ্ছ পর্দার উপরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র আঁইশের প্রলেপ থাকে। এ কারণেই আলোর প্রতিফলনে বিভিন্ন রঙের ছটা এসে আমাদের চোখে ধরা দেয়।
batter fly

প্রজাপতির পাখার আরেকটি চমকপ্রদ দিক হল- প্রজাপতির পাখা শক্তির উৎস হিসেবে কাজ করে। ব্যাপারটি অনেকটা সোলার প্যানেলের মতো। কারণ, একটি প্রজাপতি সারাদিনে যা খায়, তা তার ওড়ার জন্য প্রয়োজনীয় শক্তির জোগান দিতে পারে না। তাই বেশিরভাগ প্রজাপতিকেই দেখা যায় দিনের আলোতে পাখা ছড়িয়ে রোদ পোহাতে। সূর্যের আলো এদের পাখায় পড়লে সেখানে শক্তি সঞ্চয় হয় এবং সেই শক্তিতেই তারা উড়তে পারে।
 

বর্জ্যভুক পাখি
 পৃথিবীতে প্রায় নয় হাজার প্রজাতির পাখি রয়েছে। প্রজাতি ভেদে এদের খাদ্যাভাসে ভিন্নতা দেখা যায়। যেমন কোনো প্রজাতি ফুলের মধু খেয়ে কিংবা পাকা ফল খেয়ে বেঁচে থাকে। আবার কোনো কোনো প্রজাতির পাখি উচ্ছিষ্ট বা বর্জ্য খেয়ে বেঁচে থাকে। খাদ্য হিসেবে বর্জ্য গ্রহণকারী এসব পাখিকে বর্জ্যভুক পাখি বলে। গৃহস্থালি বর্জ্য, কলকারখানার বর্জ্য, মরা পশুপাখিসহ নানা ধরনের বর্জ্য প্রতিদিন আমাদের চারপাশে জমা হয়। বায়ু দূষণ ও বিভিন্ন রোগজীবাণু বিস্তারের অন্যতম মাধ্যম এই বর্জ্য। আমাদের অসচেতনতা ও অব্যবস্থাপনার ফলে যে বর্জ্য নিত্যদিন জমা হচ্ছে, বর্জ্যভুক এই পাখিরা তা খেয়ে পরিবেশকে নির্মল রাখছে।
falcon

প্রকৃতিতে সবচেয়ে উপকারী বর্জ্যভুক পাখি হল শকুন। লোকালয়ে বা গভীর জঙ্গলের মৃত পশুপাখি খেতে শকুনের কোনো জুড়ি নেই। কিছু দিন আগেও কোথাও কোনো মৃত প্রাণীর খোঁজ পেলে ঝাঁকে ঝাঁকে শকুন উপস্থিত হয়ে চোখের পলকে খেয়ে পরিষ্কার করে ফেলত। বর্তমানে শকুনের সংখ্যা একেবারেই কমে যাওয়ায় এদের খুব বেশি দেখা যায় না।
আরেক বর্জ্যভুক পাখি হল চিল। বাংলাদেশে তিন প্রজাতির চিল দেখা গেলেও এদের মধ্যে ভুবন চিল বর্জ্য পরিষ্কারক হিসেবে পরিচিত। এদের দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর হওয়ায় উড়ন্ত অবস্থায় প্রায় ৪ মাইল দূর থেকেও মরা প্রাণী দেখতে পারে। শহরের কসাইখানা বা বর্জ্যস্তূপ থেকে এরা নানা ধরনের খাদ্য খেয়ে শহরকে পরিষ্কার রাখে।
বর্জ্যভুক আরেক উপকারী পাখি হল কাক। বাংলাদেশে দু’প্রজাতির কাক রয়েছে। বড় ঠোঁটযুক্ত ও কালো রঙের দাঁড় কাক এবং একটু ছোট আকারের ধূসর রঙের পাতি কাক। খাদ্যাভ্যাসের দিক দিয়ে উভয় প্রজাতি বিভিন্ন খাবারের সঙ্গে কমবেশি বর্জ্য খেয়ে থাকে। পাতিকাক মানুষের আশপাশেই থাকতে অভ্যস্ত এবং লোকবসতির মধ্যেই বাসা বানায় ও বংশবৃদ্ধি করে। ময়লা-আবর্জনায় উপচেপড়া ডাস্টবিন থেকে খাদ্য সংগ্রহ করে। বর্জ্য পরিষ্কারক হিসেবে এদের জুড়ি নেই। বিভিন্ন প্রজাতির শালিকও বর্জ্যভুক। এদের মধ্যে ভাত শালিক, পাকরা শালিক ও গাঙ শালিক অন্যতম। সবচেয়ে বেশি বর্জ্য খেয়ে থাকে পাকরা শালিক।
গাছের ফল, পোকামাকড়, ফুলের মধু ইত্যাদি প্রাকৃতিক খাদ্য কমে আসায় পাখিদের নতুন ধরনের খাদ্যাভ্যাস গড়ে উঠছে, যা মানব সমাজের জন্য আর্শীবাদ। মানুষের অবহেলার কারণে যেসব বর্জ্য সুষ্ঠুভাবে পরিশোধন হচ্ছে না, বর্জ্যভুক পাখিরা সে কাজ করছে প্রাকৃতিকভাবে। সুন্দর পরিবেশ নিশ্চিত করতে এরা পরোক্ষভাবে কাজ করে যাচ্ছে।
লেখক : বন্যপ্রাণী গবেষক
 

নীলকণ্ঠ পাখির খোঁজে

২৯ মার্চ ২০১৫। গ্রামে এসেছি বেশ ক’দিন হল। গতরাতেই ঠিক করে রেখেছিলাম, সকালে উত্তরের মাঠ দিয়ে সোজা হাঁটব অচেনা কোনো পাখির খোঁজে। সঙ্গে আমার দু’ভাই সোহান আর শাহেদ। ওদের নিয়েছি কারণ একজোড়া কান ও চোখের চেয়ে একাধিক চোখ-কানে সুবিধা অনেক বেশি।চৈত্রের তপ্ত দুপুর। গরম হয়ে উঠছে চারপাশ। অনেক পাখি দেখলাম। সব চেনা। আমরা এগিয়ে চলেছি, হঠাৎ সোহান ফিসফিস করে বলল, ‘ভাইয়া ওই যে, কী পাখি দেখেন?’ দেখলাম কলা পাতায় বসে আছে অদ্ভুত সুন্দর নীল রঙের পাখি। আগে কখনও দেখিনি। ট্রাইপড নামিয়ে ক্যামেরা ফোকাস করতেই পাখিটা উড়ে গেল ক্রাক… ক্রাক… ডাকতে ডাকতে। চষা জমির মধ্য দিয়ে মিনিট পাঁচেক হাঁটলাম। পাশেই একটা বাগান। আবার সেই ক্রাক… ক্রাক… ডাক। সঙ্গে একাধিক পাখির ডাক। পাশেই চার-পাঁচটা খেজুর গাছ। সেখানে একটার বদলে এক জোড়ার দেখা পেলাম। ক্যামেরা ট্রাইপডে লাগানোই ছিল। ফোকাস করে দূর থেকে ক্লিক। কিছুদূর এগিয়ে আরও দুটো। মনোপূত হল না ছবি। ট্রাইপড নিয়েই মুগ ক্ষেতের মধ্য দিয়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে গেলাম সামনের দিকে। বড্ড চঞ্চল পাখি। একটা উড়ে গিয়ে বসল খেজুর গাছে। অন্যটা সেখানে হাজির হল জ্বালাতন করতে। বাধ্য হয়ে পাখিটা আরেক গাছে উড়ে গিয়ে বসল। এরপর কোথা থেকে হাজির হল আরও দুটো। মোট হল চারটা। একটা হঠাৎ করে উপরে উঠে গেল জেট বিমানের মতো। কিছুদূর গিয়ে মন ভোলানো একটা ড্রাইভ দিল। বিমান ক্র্যাশ হওয়ার মতো ডানা ছড়িয়ে পড়ে যাচ্ছিল মাটিতে। পড়ন্ত পাখিটা ঠিক মাটি ছোঁয়ার আগেই মাথা ঘুরিয়ে আবার উঠে গেল আকাশে। তারপর কয়েকটা ড্রাইভ দিয়ে উড়ে গিয়ে বসল স্ত্রী পাখিটার পাশে। পরে জেনেছি এ ধরনের কাজ করে পুরুষ পাখি স্ত্রী পাখির মন জয় করতে।bird
এতক্ষণ নীলকণ্ঠ পাখির কথাই বলছিলাম। এদের স্থানীয় নামগুলো হল- নীলকণ্ঠ, কাঁচপাখি, বাংলা নীলকান্ত। ইংরেজি নাম : Indian Roller. বৈজ্ঞানিক নাম : Coracias benghalensis. পূর্ণবয়স্ক নীলকণ্ঠের দৈর্ঘ্য এক ফুটের কাছাকাছি। পাখার রঙ নীল। মাঝে কালো রঙের লম্বা একটা পট্টি। মাথার চাঁদি ও লেজের রঙও নীল। কিন্তু বুক-পিঠ-গলা খয়েরি। তবে এদের নাম নীলকণ্ঠ কেন? ‘নীলকণ্ঠ’ মানে তো ‘নীলগলা’। যুগ যুগ ধরে এ পাখিদের মানুষ নীলকণ্ঠ বলেই ডেকে আসছে।
নীলকণ্ঠের খাবার তালিকায় রয়েছে পোকা, কেঁচো, টিকিটিকি, ব্যাঙ। এরা গাছের ডালে চুপচাপ বসে থাকে শিকার ধরার জন্য। মাটিতে পোকা দেখলে ঝাঁপিয়ে পড়ে জেট বিমানের মতো। গ্রীষ্মকালে কৃষক কেটে নেয়া ধান-গম ক্ষেতে আগুন দেয়। আগুনের হাত থেকে বাঁচতে পোকার দল লাফিয়ে লাফিয়ে এদিক ওদিক ছুটতে থাকে জীবন বাঁচাতে। সেই পোকা খাওয়ার জন্য ভিড় করে নীলকণ্ঠ। তাই আগুন লাগা ক্ষেতের আশপাশে এদের দেখা মেলে।
গ্রীষ্মকালে স্ত্রী-পুরুষ নীলকণ্ঠ মিলে বাসা বাঁধে গাছের কোটরে কিংবা পুরনো দালানের ফোকড়ে। এক মৌসুমে স্ত্রী নীলকণ্ঠ ৩ থেকে ৫টি ডিম পাড়ে। ডিম ফুটে বাচ্চা হতে সময় লাগে ১৭ থেকে ২০ দিন। আরও ২০ থেকে ২৫ দিন সময় লাগে বাচ্চার ওড়া শিখতে।
লেখক : প্রকৃতিবিষয়ক লেখক

 

 বাঘের বসতিতে লোকালয়

সুন্দরবনের একটি বাঘ লোকালয়ে নিয়মিত হানা দিয়ে একাধিক মানুষ মেরেছে এবং গৃহস্থদের অনেক গরুও তাদের খাদ্যের সংস্থান করেছে- এমন একটি খবর প্রকাশ হয়েছিল বিভিন্ন সংবাদপত্রে। গৃহস্থের বড় সম্পদ গরু। নিজের জানের মতোই মূল্যবান। গ্রামবাসী দল বেঁধে পাহারা দেয়। প্রয়োজনে বাঘ মারতে অস্ত্র শানায়।tiger

শৈশব থেকে অনেক বছর জেনেছি বাঘ শিকার বড়ই গর্বের। এমন লেখাও পড়েছি যে বন্দুক দিয়ে বাঘ মেরে তার মরদেহের ওপর পা রেখে ছবি তোলা- শিকারিদের জন্য এর চেয়ে গর্বের চিত্র আর কিছু হতে পারে না। বনে বাঘ শিকারের জন্য গরু-ছাগল টোপ হিসেবে বেঁধে রাখার ঘটনাও আমরা জানি। ‘ঘাইহরিণী’ শব্দটি জীবনানন্দ দাশ তার কবিতায় ব্যবহার করেছেন। অসমিয়া শব্দ ঘাই, অন্য পাখিকে ফাঁদে ফেলে ধরার জন্য টোপ হিসেবে ব্যবহার করা পাখিকে বোঝানোর জন্য এর ব্যবহার। হরিণ শিকারের জন্যও কোনো কোনো শিকারি হরিণীকে টোপ হিসেবে ব্যবহার করে। পোষা হরিণীর কামার্ত ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসা পুরুষ হরিণ শিকার করার জন্যই এ ফাঁদ।
এত ভয়ঙ্কর অপরাধ। আমরা মন্দ কিছু বোঝাতে ‘পাশবিক’ শব্দ ব্যবহার করি। ভুল করে মানুষ, অপরাধ করে মানুষ। কিন্তু দায় চাপিয়ে দেই পশুর ওপর। এ কেমন মনোভাব? সুন্দরবনের বাঘের লোকালয়ে হানার খবর নিয়ে গণমাধ্যমে লেখার সময় আমি একটু ভিন্নভাবে বিষয়টি নিয়ে চিন্তা করি এবং সে কারণেই লিখি এভাবে- বনের বাঘ লোকালয়ে, না-কি বাঘের বসতিতে লোকালয়? প্রকৃতই কিন্তু আমাদের সুন্দরবন ছোট হয়ে আসছে। এ কারণে বাঘের আলয় বা আবাসের এলাকাও কমে আসছে। কমছে তাদের নিরাপদে অবস্থানের স্থল এবং একই সঙ্গে খাবারের সংস্থানও কঠিন হয়ে উঠছে। তাদের হানা দেয়া যে স্থানকে আমরা লোকালয় বলছি, সেটা এক সময়ে তাদেরই অর্থাৎ বনের প্রাণীদের আলয় ছিল। তারা তো নিজের এলাকাতেই শিকার করছে। একবার সুন্দরবনের করমজলে গিয়েছিলাম।
tiger2

সরকারি এ সংরক্ষিত এলাকায় কুমিরের প্রজননের মাধ্যমে প্রকৃতিতে ছেড়ে দেয়া হয়। এর দেখাশুনা করেন যে ব্যক্তি, তিনি জানালেন স্বপ্নের কথা- সুন্দরবনের নদ-নদীতে শত শত কুমিরের ছানা ছেড়ে দিতে চান। আমি প্রশ্ন করি- তাতে নদীতে অবগাহনে মানুষের সমস্যা হবে না? তিনি পাল্টা প্রশ্ন রাখেন- মানুষ কেন এখানের নদীতে নামবে? তাদের স্নানের জন্য অনেক নদী, পুকুর, জলাশয় রয়েছে। ধনবানদের সুইমিংপুল আছে। এখানের নদী অভয়ারণ্য হবে মাছ ও কুমিরের জন্য। কুমির চাষ পরিকল্পিতভাবে করা গেলে রফতানি বাজারের জন্য অঢেল পণ্য মিলবে বলেও তার ধারণা। তিনি করমজলে কুমিরের একটি জাদুঘর তৈরি করেছেন, যেখানে দেখা গেল চামড়া থেকে নখ- কুমিরের সবকিছু দিয়েই বানানো যায় আকর্ষণীয় মূল্যবান পণ্য। সুন্দরবনকে পর্যটকদের জন্য ঢালাওভাবে উন্মুক্ত করে দেয়াতেও তার প্রবল আপত্তি। কারণ এতে বনের ক্ষতি, পরিণতিতে পরিবেশের ক্ষতি এবং দেশের ক্ষতি।
কেবল সুন্দরবন নয়, আমরা পার্বত্য চট্টগ্রাম এলাকার পাহাড় ধ্বংস করছি। অন্যান্য এলাকার পাহাড়েও গড়ে উঠছে বসতি। ফলে বন উজাড় হচ্ছে। বনের প্রাণীদের জন্য অভয়ারণ্য কমে যাচ্ছে। রাঙ্গামাটিতে একটি সফরের পর সম্প্রতি লেখা একটি প্রতিবেদনের শিরোনাম দিয়েছিলাম- ‘এ রাঙ্গামাটি আমি চিনি না’। সেখানের সব সুন্দর প্রাকৃতিক দৃশ্য হারিয়ে যাচ্ছে বাণিজ্যের আগ্রাসনে। কক্সবাজারে সৈকতের কাছেও এখন কেবল ইট-সিমেন্ট-রডের সমাহার। সমুদ্র সরে যাচ্ছে দূরে।

tiger3
সংবাদপত্রে এবং বেতার-টিভিতে এখন নিয়মিত খবর থাকে- লোকালয়ে হাতির হানা। হাতির দল এ খবর পড়তে পারে না। কিন্তু বনে পর্যাপ্ত খাবার না মিললে যে মানুষের বসতিতে চেষ্টা করতে হবে, সেটা ঠিক বুঝতে পারে। বাঘও বুঝতে পারে- মানুষের বসতি এলাকায় চেষ্টা করলে কিছু তো মিলতে পারে। এতে যে ঝুঁকি আছে, সেটাও তারা বোঝে। আর এ কারণে তারা ওঁৎ পেতে থাকে সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে আসার জন্য।
পরিবেশ ও প্রকৃতি নিয়ে নতুন করে ভাবনার যুগে বাঘ-হাতি-হরিণদের জন্য মানুষের মনোভাব বদলাচ্ছে, সেটা তারা উপলব্ধি করতে শুরু করেছে কীনা জানা নেই। এখন অনেক দেশেই বন্যপ্রাণীদের প্রতি সহানুভূতিশীল একদল লোক গড়ে উঠছে। গণমাধ্যমও তাদের হয়ে বলছে বা লিখছে। প্রকৃতি-পরিবেশ এখন গণমাধ্যমকে আকৃষ্ট করছে। একবার লঞ্চে ঢাকা থেকে বরিশাল যাওয়ার সময়ে লঞ্চে লেখা দেখলাম- ‘ময়লা-আবর্জনা ডেকে না ফেলে নদীতে ফেলুন’। নদীর প্রতি এমন অবজ্ঞা সইতে পারিনি। ঢাকায় ফিরে পত্রিকায় লিখি- ‘নদী কি ময়লা ফেলার স্থান?’ তাতে কাজ হয়। কিছুদিন পর বরিশাল যাওয়ার সময় লঞ্চে এমন সর্বনাশা বাক্য আর লেখা দেখিনি। লঞ্চের কর্মীদের এ বিষয়ে জিজ্ঞেস করলে তারা জানায়- পত্রিকায় খবর বের হওয়ার পর মালিক সরিয়ে ফেলেছে।
বহু বছর আমাদের ভূখণ্ডে ধারণা বদ্ধমূল ছিল যে নদীতে চর পড়লেই মানুষের সুবিধা। এখন ধারণা বদলাচ্ছে। নদী কেবল আমাদের নৌযান চলাচলের জন্য নয়, নদীতে মেলে মাছ, নদীর পানি দরকার পড়ে সেচের কাজে এবং এই নদীই রক্ষা করে আমাদের পরিবেশ। এ মনোভাব বেড়ে ওঠার পেছনেও কাজ করছে গণমাধ্যমের ভূমিকা।
বাঘ শিকারের মতোই পাখি শিকারও জনপ্রিয়। আমাদের শৈশবে দেখেছি বরিশালের গৈলা গ্রামের গোলার দীঘিতে বন্দুক দিয়ে পাখি শিকার। এক গুলিতেই অনেক পাখি মারা পড়ত। শীতকালে প্রচুর পাখি বসত বিশাল এ দীঘিতে। তখন বুঝিনি, এখন বুঝি যে এসব ছিল পরিযায়ী পাখি।
সংবাদপত্র ও টিভিতে বুড়িগঙ্গা-শীতলক্ষ্যা বাঁচানোর আবেদন থাকে। কর্ণফুলী নিয়ে উদ্বেগ থাকে। দেশে অনেক নদী শুকিয়ে গেছে। এটা যে ভালো খবর নয়, সেটা তুলে ধরছে বিভিন্ন পরিবেশবাদী দল। তাদের মাধ্যম সংবাদপত্র। এসবই ভালো খবর। এমন খবর বেশি চাই, না-কি কম? খবর বেশি থাকাটা পরিবেশ-সচেতনতার যেমন প্রমাণ, তেমনি তাতে উদ্বেগেরও কারণ হয়। প্রকৃতি-পরিবেশের যত ক্ষতি হচ্ছে, তত বেশি খবর থাকছে যে!
আমরা পরিবেশ রক্ষায় যত্নবান ও উদ্যোগী, এমন খবর বেশি বেশি করে দেখতে চাই। এ প্রত্যাশা মিটবে নিশ্চয়ই। গণমাধ্যম আছে না! প্রকৃতি ও জীবন আছে না!
লেখক : সাংবাদিক
 


 

এ জাতীয় আরও খবর

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা