সাতক্ষীরায় ম্যাজিস্ট্রেটের বাসায় গৃহকর্মী নির্যাতন
সাতক্ষীরা শহরের টাউনবাজার ব্রিজের বিপরীতে পলাশপোল মহল্লার একটি বাড়ি। বেলা প্রায় ১টা। বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে ‘পানি দাও, পানি দাও’ বলে আকুতি জানায় দশ বছরের একটি মেয়ে। শক্তিহীন হাড্ডিসার দেহ তার। শরীরের অনেক জায়গায় ছ্যাঁকা আর আঘাতের ক্ষত। চোখে-মুখে ভয় আর আতংকের ছাপ। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। কিন্তু ঘরের দরজা বন্ধ থাকায় তারা মেয়েটিকে কোনো সাহায্য করতে না পেরে পুলিশে খবর দেন। এরপর পুলিশ এসে তাকে উদ্ধার করে।
মেয়েটির নাম বীথি ইসলাম। সে সাতক্ষীরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূরুল ইসলামের গৃহকর্মী। দু’মাসেরও বেশি সময় ধরে তার ওপর চলে অমানবিক নির্যাতন। তার গায়ে পোড়া, ছ্যাঁকা ও আঘাতের ৩০টিরও বেশি চিহ্ন রয়েছে। তবে আতংকিত বীথি তার ওপর কোনো ধরনের নির্যাতনের কথা অস্বীকার করে। এমনকি দগদগে ক্ষতচিহ্নগুলো দেখাতেও আপত্তি জানায় সে। বুধবার বিকালে বীথিকে উদ্ধারের পর সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা ও পুলিশ জানান, বেলা ১টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্টেট নূরুল ইসলাম আদালতে ছিলেন। তখন গৃহকর্মী বীথি বাসার ব্যালকনিতে দাঁড়িয়ে ‘পানি দাও, পানি দাও’ বলে কাঁদছিল। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ একদল পুলিশ নিয়ে সেখানে আসেন। কিন্তু নূরুল ইসলামের স্ত্রী নাতাশা ঘরের দরজা খুলতে রাজি না হলে তারা বিপাকে পড়ে যান। এ সময় সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার সাঈদ এবং সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ আবদুল সাদী ঘটনাস্থলে পৌঁছান। একই সময়ে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিতাই চন্দ্র সাহা ও তার সহকর্মী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল কুমার বিশ্বাসও সেখানে যান। তাদের সঙ্গে অভিযুক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূরুল ইসলামও ছিলেন। বিকাল সাড়ে ৪টার দিকে দরজা খোলেন নাতাশা। এরপর পুলিশ মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
শহরের টাউনবাজার ব্রিজের বিপরীতে পলাশপোল মহল্লায় মো. আকরাম হোসেনের বাড়িতে ভাড়া থাকেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূরুল ইসলাম। তার বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায়। প্রতিবেশীরা জানান, বীথিকে কাজের সময় ছাড়া দিনে-রাতে সব সময় ওই ব্যালকনিতে কাটাতে হতো। নূরুল ইসলাম ও তার স্ত্রী নাতাশা প্রায়ই শিশুটির ওপর নির্যাতন করতেন। তারা প্রায়ই মেয়েটির চিৎকার শুনে এগিয়ে আসতেন। কিন্তু তার সঙ্গে তারা কথা বলতে দিতেন না। দিনভর ঘরের দরজা বন্ধ থাকত। উদ্ধারের সময় থেকে বীথি ছিল আতংকিত। তার মাথার চুল কামানো ছিল। সে তার ক্ষতচিহ্ন দেখাতে বারবার অস্বীকৃতি জানায়। সে জানায়, সে তার খালার মেয়ে রেহানকে দেখাশোনা করে। তাকে কেউ নির্যাতন করেনি। দাগগুলো সব মশার কামড়ের। বারবার সে এ কথাই বলতে থাকে। সে জানায়, সে ভালো আছে। কেউ তাকে মারধরও করেনি। খালা ও খালু তাকে খুব ভালোবাসেন। পরে উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম ও নারী নেত্রী নাসরিন খান লিপির অনুরোধে সে ক্ষতচিহ্নগুলো দেখায়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিতাই চন্দ্র সাহা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরা তা প্রত্যক্ষ করেন। প্রায় ৩০টির মতো ক্ষতচিহ্ন তার দেহে। ম্যাজিস্ট্রেট নূরুল ইসলাম এ সময় সেখানে নির্বিকার দাঁড়িয়ে ছিলেন। বীথি জানায়, তার বাবার নাম রসুল আলী। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বড় আমিয়ান গ্রামে তাদের বাড়ি। ক্লাস থ্রিতে পড়ার সময় তার বাবা তার মাকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করে। মেয়েটি আরও জানায়, তার বাবা ৪টি বিয়ে করে। সাতক্ষীরা আদালতের কর্মচারী তার কাকা সম্পর্কের সোহরাব হোসেন তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূরুল ইসলামের বাড়িতে কাজের মেয়ে হিসেবে দিয়ে যান।
প্রতিবেশীরা জানান, নূরুল ইসলাম ও তার স্ত্রী নাতাশা একে অন্যকে প্রায়ই মারধর করেন। গভীর রাতে প্রায়ই তাদের ওই ভাড়া বাড়িতে হুলস্থুল পড়ে যায়। কয়েকদিন আগেও নাতাশা তার স্বামী নূরুল ইসলামকে মারধর করেছেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূরুল ইসলাম মেয়েটিকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে জানান, গত ২৪ মে তার ছেলে তানজিম আহমেদ (৩) ঘরে রাখা টেলিভিশনের ট্রলিতে চাপা পড়ে মারা যায়। তার কিছুদিন পর বীথিকে কাজের মেয়ে হিসেবে তার বাড়িতে নিয়ে আসা হয়। তবে প্রতিবেশীদের অভিযোগ, সে দিনের ওই ঘটনা কোনো দুর্ঘটনা ছিল না। এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিষয়টি নিয়ে কেউ ঘাঁটাঘাঁটি না করায় ঘটনাটি বেশি দূর গড়ায়নি। তারা আরও জানান, এ ঘটনার পর তার ছোট শিশু রেহানকে নূরুল ইসলামের শাশুড়ি তার কাছে নিয়ে যান। সম্প্রতি তাকে এ বাড়িতে আনা হয়েছে। তবে এসব অভিযোগ নিয়ে নূরুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি। নূরুল ইসলামের স্ত্রী নাতাশা বাড়ির মধ্যে একটি কক্ষে দরজা বন্ধ করে বসে থাকেন। তাই তার বক্তব্য পাওয়া যায়নি। সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিতাই চন্দ্র সাহা সাংবাদিকদের বলেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ম্যাজিস্ট্রেট নূরুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার সাঈদ বলেন, মেয়েটির দেহে অনেক ক্ষতচিহ্ন পাওয়া গেছে। পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি আরও নিশ্চিত করে বলা যাবে। যেহেতু প্রাথমিকভাবে বীথি তার ওপর নির্যাতনের কথা স্বীকার করেনি সে জন্য আপাতত ম্যাজিস্ট্রেট ও তার স্ত্রীর ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়া যাচ্ছে না। মেয়েটির জবানবন্দি রেকর্ড করার পর এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।











