দুর্নীতি ঘুণপোকার মতো ভারতকে খেয়ে ফেলছে
ভারতের ৬৯তম স্বাধীনতা দিবসের ভাষণের পর স্কুল শিশুদের সঙ্গে করমর্দন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার দিল্লির রেডফোর্ট ময়দান থেকে তোলা ছবি -এএফপিভারতের ৬৯তম স্বাধীনতা দিবসের ভাষণের পর স্কুল শিশুদের সঙ্গে করমর্দন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার দিল্লির রেডফোর্ট ময়দান থেকে তোলা ছবি -এএফপি
দুর্নীতি ভারতকে ঘুণপোকার মতো খেয়ে ফেলছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্নীতি নির্মূলের দৃঢ় ঘোষণা দিয়ে তিনি বলেন, উপরের পর্যায় থেকে এ সমস্যার শুরু। শনিবার দিল্লির লালকেল্লা থেকে ভারতের ৬৯তম স্বাধীনতা দিবসের ভাষণে মোদি এসব কথা বলেন। দিল্লির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে লালকেল্লা চত্বরে এসে পৌঁছান। এর আগে রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। তার সঙ্গে ছিলেন অরুণ জেটলি, সুষমা স্বরাজ এবং রবিশঙ্কর প্রসাদসহ শীর্ষ কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতারা।
মোদি বলেন, আমি নিশ্চিত করতে চাই যে জাতি দুর্নীতি থেকে মুক্তি পাবে। দেশকে আমরা দুর্নীতিমুক্ত করব। ওপরের পর্যায় থেকে আমাদের এ কাজ শুরু করতে হবে। তিনি বলেন, দুর্নীতি ঘুণপোকার মতো। এটি ছড়ায় ধীরে কিন্তু পৌঁছে যায় সর্বত্র। সময়মতো পদক্ষেপ নিয়ে একে প্রতিরোধ করা সম্ভব। মোদির দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সিনিয়র কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসার পর মোদি ভাষণে এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এবং রাজস্থান ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতি কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। আর এসব অভিযোগ বিশেষ করে মোদির জন্যে খুবই বিব্রতকর। কারণ গত বছরের নির্বাচনে মোদির বিজয়ী হওয়ার অন্যতম কারণ হিসেবে দুর্নীতি নির্মূলে তার অঙ্গীকারকে বিবেচনায় নেয়া হয়েছে। কংগ্রেস নেতৃত্বাধীন সাবেক সরকারের প্রশাসনে একের পর দুর্নীতির পর নির্বাচনী প্রচারণায় মোদি তা থেকে দেশকে মুক্ত করার দৃঢ় অঙ্গীকার করেন।
ভাষণে মোদি আরও বলেন, আমি কেবল ভাষণ দিয়েই ক্ষান্ত হচ্ছি না। এ নিয়ে আমরা কাজ করছি। তিনি বলেন, গত ১৫ মাসে আমার সরকারের বিরুদ্ধে একটি রুপিও তসরুপের অভিযোগ নেই। সুতরাং আপনাদের সহায়তায় আমরা দুর্নীতিমুক্ত ভারত গড়তে পারব।
স্বাধীনতা দিবসের বক্তৃতায় ঐক্যবদ্ধ ভারত গড়ার অঙ্গীকার করেন তিনি। স্বাধীন ও গণতান্ত্রিক ভারতে উগ্র জাতিভেদ ও সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই বলেও সতর্ক করে দিয়েছেন দেশবাসীকে। মোদি বলেন, ভারতে জাতপাত এবং সাম্প্রদায়িকতা সহ্য করা হবে না। যদি ভারতের ঐক্য বিনষ্ট হয় তবে ভারতের জনগণের স্বপ্নও ধ্বংস হবে। তিনি দেশকে সম্পূর্ণভাবে বিদ্যুতায়নের জন্য ঘোষণা দিয়েছেন। ১০০০ দিনের মধ্যে বাকি সব গ্রামকে জাতীয় বিদ্যুৎ গ্রিডের আওতায় আনার জন্য তিনি সংশ্লিষ্ট বিভাগকেও নির্দেশ দিয়েছেন। মোদি বলেন, স্ট্যান্ড আপ ইন্ডিয়া। নতুন ভারত গড়ার এখনই সময়। মোদির দেড় ঘণ্টার ভাষণের প্রায় অধিকাংশ সময়জুড়েই ছিল গরিব এবং কৃষকদের জন্য তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের বিবরণ। এ সময় ‘ভারতের কৃষকরা ভারতের সেনাদের মতোই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন মোদি।











