শতাধিক মেশিন অকেজো
তথ্যপ্রযুক্তির অপরিসীম অগ্রগতির যুগে মুদ্রণব্যবস্থা প্রতিনিয়ত আধুনিক হচ্ছে। কিন্তু সরকারি মালিকানা ও ব্যবস্থাধীন বিজি প্রেসে এখনও চলছে সেকেলে হটমেটাল মেশিনে। বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদফতরের কাজের প্রচুর চাপ থাকলেও বিজি প্রেসকে আধুনিকায়নে ন্যূনতম উদ্যোগ নেই। সরকারি এই মুদ্রণালয়ের কর্মকর্তারা বলেন, বার্ষিক বাজেট, প্রতিটি মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন, ডিসি সম্মেলন, বিভিন্ন নির্বাচনের ব্যালট পেপার, পরীক্ষার প্রশ্নপত্র, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শুভেচ্ছা কার্ড ও বিভিন্ন দিবসের পোস্টার ছাপাতে গিয়ে সারাবছরই বিজি প্রেসে কাজের স্তূপ জমে থাকে।
প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতি জরি ট্যাগযুক্ত কাজ করতে হয় বিজি প্রেসকে। প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির দফতর, অর্থ মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রশ্নপত্র তৈরির অতি গোপনীয় কাজসহ প্রায় সব মন্ত্রণালয় বেশকিছু স্পর্শকাতর কাজ করতে দেয় বিজি প্রেসকে। বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বিজি প্রেস কোনো কাজ সময় মতো সরবরাহ করতে পারে না। নির্দিষ্ট সময়ে কোনো কাজ পাওয়া যায় না। মন্ত্রণালয়ের অতি গুরুত্বপূর্ণ কাজের সময় বিজি প্রেস এবং মুদ্রণ ও প্রকাশনা অধিদফতরের সঙ্গে বারবার যোগাযোগ করতে হয়। অনেক সময় বারবার যোগাযোগ করার পরও অপারগতা জানায় বিজি প্রেস কর্তৃপক্ষ।
বিজি প্রেসের উপপরিচালক (উপসচিব) মো. নজরুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, বিজি প্রেসে দীর্ঘদিন যাবৎ শতাধিক মেশিন অকেজো হয়ে পড়ে আছে। মাত্র ১৫ থেকে ১৬টি সিঙ্গেল কালারের মেশিন রয়েছে বিজি প্রেসের সাধারণ শাখায়। আর গোপনীয় শাখায় রয়েছে সিঙ্গেল কালারের ৮ থেকে ১০টি মেশিন। এ মেশিনগুলো ঘন ঘন বিকল হয় বলে ঘন ঘন মেরামতও করতে হয়। মেশিনগুলো বারবার নষ্ট হওয়ায় চাহিদা অনুযায়ী উৎপাদন করা যায় না। বিজি প্রেসের সহকারী পরিচালক সরদার মহিতুল ইসলাম বলেন, মন্ত্রণালয়গুলোর চাহিদা অনুযায়ী কাজ করার জন্য ডাবল কালারের একটি মাত্র মেশিন রয়েছে। ওই মেশিন দিয়ে প্রায় সব কাজ করতে হয়। অথচ সব মন্ত্রণালয়গুলো ডাবল কালারের মেশিনে কাজ করতে চায়। এ মেশিনটি ২০১০ সালে জাপানের হাইডেল বার্গ কোম্পানির নিকট থেকে কেনা হয়েছে। মন্ত্রণালয়গুলোর চাহিদা অনুযায়ী বিজি প্রেসে স্বাভাবিকভাবে কাজ করার জন্য ডাবল ও ফোর কালারের ন্যূনতম ২০টি মেশিন প্রয়োজন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (মুদ্রণ ও পরিবহন অধিশাখা) মো. সামসুল কিবরিয়া চৌধুরী বলেন, বিজি প্রেস এখনও একটি মেশিনও অকেজো হিসেবে ঘোষণা করেনি। কোনো মেশিন অকেজো হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা অকেজো হিসেবে ঘোষণা করতে হবে। এরপর বিক্রির জন্য নিলাম দরপত্র আহ্বান করতে হবে। তারপর তারা নিয়মানুযায়ী নতুন মেশিন ক্রয়ের উদ্যোগ নিতে পারবে।
মুদ্রণ ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ. কে. এম মানজুরুল হক বলেন, প্রেসটি সংস্কার ও আধুনিকায়নের জন্য ২৫ কোটি টাকার কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তবে জাপানের হাইডেল বার্গ কোম্পানির ডাবল কালারের একটি মেশিনের দাম তিন থেকে সাড়ে তিন কোটি টাকা। আর ফোর কালারের একটি মেশিনের দাম সাত থেকে সাড়ে সাত কোটি টাকা। এতে প্রায় ১শ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেলে বিজি প্রেসের মেশিন সংকট থাকবে না।











