রেড নোটিশেই ঝুলছে বঙ্গবন্ধুর ছয় খুনি
রেড নোটিশেই ঝুলছে বঙ্গবন্ধুর ছয় খুনিজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় খুনিকে গ্রেফতারে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে রেড নোটিশ ঝুলছে দেড় যুগ ধরে। বছরের পর বছর পার হলেও তারা রয়েছেন ধরা ছোঁয়ার বাইরে। তাদের ফিরিয়ে আনতে রয়েছে সরকারের কঠোর অবস্থান, নির্দেশনা ও তৎপরতা। কিন্তু বার বার অবস্থান পরিবর্তন করায় এসব খুনিকে শনাক্ত করে দেশে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন আইন প্রয়োগকারী সংস্থার ঊর্র্ধ্বতন কর্মকর্তারা।
আত্মগোপনে থাকা ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনিরা হলেন সেনাবাহিনীর সাবেক লে. কর্নেল এসএইচএমবি নূর চৌধুরী, লে. কর্নেল এ এম রাশেদ চৌধুরী, লে. কর্নেল শরিফুল হক ডালিম, লে. কর্নেল আবদুর রশিদ, ক্যাপ্টেন আব্দুল মাজেদ ও রিসালদার মোসলেহ উদ্দিন। ১৯৯৭ সালের সেপ্টেম্বরে ইন্টারপোলের মাধ্যমে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ২০১০ সালের জানুয়ারিতে এ গ্রেফতারি পরোয়ানা নবায়ন করে সরকার। পুলিশ সদর দফতর সূত্র জানায়, এদের মধ্যে নূর চৌধুরী বর্তমানে কানাডা এবং রাশেদ চৌধুরী আমেরিকায় অবস্থান করছেন। বাকি চার খুনির অবস্থান সম্পর্কে কোনো তথ্য নেই পুলিশের কাছে। এসব খুনি গ্রেফতার এড়াতে এক দেশ থেকে আরেক দেশে পালিয়ে তাদের অবস্থান পরিবর্তন করছেন বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হয় ২০০৯ সালের ১৯ নভেম্বর। উচ্চ আদালতের রায়ে অভিযুক্ত ১৫ আসামির মধ্যে ১২ জনের মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সেনাবাহিনীর সাবেক লে. কর্নেল এসএইচএমবি নূর চৌধুরী, লে. কর্নেল এ এম রাশেদ চৌধুরী, লে. কর্নেল শরিফুল হক ডালিম, লে. কর্নেল আবদুর রশিদ, ক্যাপ্টেন আবদুল মাজেদ, রিসালদার মোসলেহ উদ্দিন, মেজর বজলুল হুদা, লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ (আর্টিলারি), মেজর একেএম মহিউদ্দিন (ল্যান্সার,) কর্নেল সৈয়দ ফারুক রহমান, কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান ও লে. কর্নেল আবদুল আজিজ পাশা। বাকি তিন অভিযুক্ত আসামি সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন কিসমত হাশমী, ক্যাপ্টেন নাজমুল হোসেন আনসার ও মেজর আবদুল মজিদকে খালাস দেয়া হয়। দণ্ডাদেশপ্রাপ্তদের মধ্যে ৫ জনকে ফাঁসি দেয়া হয় ২০১০ সালের ২৮ জানুয়ারি। তারা হলেন মেজর বজলুল হুদা, লে. কর্নেল ফারুক রহমান, মহিউদ্দিন আহমেদ (আর্টিলারি), শাহরিয়ার রশিদ খান ও এ কে এম মহিউদ্দিন (ল্যান্সার)। বজলুল হুদাকে থাইল্যান্ড ও মহিউদ্দিন আহমেদকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করা হয়। তাদের বিরুদ্ধেও রেড নোটিশ জারি করেছিল ইন্টারপোল। এর আগেই কারাগারে বন্দি ছিলেন বাকি তিন আসামি। আর জিম্বাবুয়ে আত্মগোপনে থাকা আবদুল আজিজ পাশা ২০০১ সালের ২ জুন মারা যান।
এদিকে জাতীয় চার নেতা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন কিসমত হাশমী, ক্যাপ্টেন নাজমুল হোসেন আনসার ও মেজর আব্দুল মজিদও আত্মগোপনে রয়েছেন। এদের মধ্যে হাশমী ও আনসারের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি রয়েছে। তারা দুজনেই বর্তমানে কানাডায় অবস্থান করছেন বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। তবে বাকি আসামি মজিদ সম্পর্কে কোনো তথ্য নেই পুলিশ বিভাগে। পালিয়ে থাকা এই তিন আসামিকে বঙ্গবন্ধু হত্যা মামলা (মৃত্যুদণ্ডাদেশ দেয়া ১৫ আসামির মধ্যে) থেকে খালাস দেয়া হয়। এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ছয় খুনিকে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ নিয়েছে। তাদের গ্রেফতারে খুনিদের ছবিসহ বিস্তারিত তথ্য ইন্টারপোলের মাধ্যমে বিশ্বের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোতে পাঠিয়েছে সরকার। খুনিদের বর্তমান অবস্থান জানতে ও বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। আবারো ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে।
পুলিশ প্রধান আরো বলেন, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রীর নেতৃত্বে গঠিত একটি টাস্কফোর্স এ ব্যাপারে বেশ কয়েকটি বৈঠক করেছে। খুনিদের দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করতে আইনগত ও কূটনৈতিক প্রচেষ্টাও চলছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় এক সেনা অভ্যুত্থানে। ওই বছরের ২৬ সেপ্টেম্বর স্বঘোষিত প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আহমেদ বিচারের হাত থেকে বঙ্গবন্ধুর হত্যাকারীদের রক্ষা করতে কুখ্যাত ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করেন। পরবর্তী সময়ে বিএনপি সরকার ১৯৭০ সালে ইনডেমনিটি আইনের বৈধতা দেয়। ১৯৯৬ সালের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসলে বঙ্গবন্ধু হত্যা বিচারের পথ উš§ুক্ত হয়। ওই বছরের ২ অক্টোবর রাষ্ট্রপতির আবাসিক একান্ত সহকারী (পিএ) এএফএম মোহিতুল ইসলাম ১৫ আগস্ট সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি মামলা করেন? ১৪ নভেম্বর খুনিদের বিচারের হাতে ন্যস্ত করতে পার্লামেন্টে ইনডেমনিটি আইন বাতিল করা হয়? ১৯৯৭ সালের ১৫ জানুয়ারি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি এই মামলায় ২০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। ১২ মার্চ মামলার বিচার কাজ শুরু হয়। ১৯৯৮ সালের ৮ নভেম্বর মামলার রায়ে বিচারক কাজী গোলাম রসুল ১৫ জন সাবেক সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন? পরবর্তী হাইকোর্ট বেঞ্চ বিভক্ত রায় দিলে ২০০১ সালের ৩০ এপ্রিল তৃতীয় বিচারক মোহাম্মদ ফজলুল করিম অভিযুক্ত ১২ জনের মৃত্যুদণ্ডাদেশ নিশ্চিত করেন? এরপর সরকার পরিবর্তন হলে মামলার বিচার কার্যক্রম থেমে যায়। আবার আওয়ামী লীগ সরকার গঠন করলেও ২০০৯ সালের ১৯ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ চূড়ান্ত রায় ঘোষণা করেন।











