দেশে গড় আয়ু ৭০.৪ বছর
দেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭০ বছর ৪ মাসে দাঁড়িয়েছে বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে উঠে এসেছে। ২০০৯ সালে এটি ছিল ৬৭ বছর ২ মাস। একইসঙ্গে গুরুত্বপূর্ণ আর্থ-সামাজিক সূচকেও বাংলাদেশ অনেক এগিয়েছে।
বিবিএস পরিচালিত বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ পরিসংখ্যানের তদারকি (এমএসভিএসবি) শীর্ষক জরিপ-২০১৩ এ এসব তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ওই জরিপের তথ্য প্রকাশ করেছে বিবিএস।
বিবিএসের হিসাবে, গত কয়েক বছরে ধারাবাহিকভাবে দেশের মানুষের গড় আয়ু বেড়েছে। বর্তমানে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের তুলনায় দেশের মানুষের গড় আয়ু বেশি। পাঁচ বছর আগে ২০০৯ সালে মানুষের গড় আয়ু ছিল ৬৭ বছর ২ মাস; সেটি ২০১০ সালে বেড়ে দাঁড়ায় ৬৭ বছর ৭ মাস। এরপরের বছর এটি ৬৯ বছর হয়ে যায়। এরই ধারাবাহিকতায় ২০১৩ সালে গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭০ বছর ৪ মাস।
তবে পুরুষের চেয়ে নারীরা অনেক বেশি দীর্ঘায়ু। পুরুষরা যেখানে গড়ে ৬৮ বছর ৮ মাস বাঁচে, সেখানে নারীরা বাঁচে ৭১ বছর ২ মাস।
জনসংখ্যা বিশেষজ্ঞ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূর উন নবী মনে করেন, গড় আয়ু বৃদ্ধির মূল কারণ দারিদ্র্য বিমোচন। দারিদ্র্য কমলে মৃত্যুহার কমে। আর মৃত্যুহার কমলে মানুষের আয়ু বাড়ে। দেশে শিক্ষার হার বাড়ছে। মানুষের মধ্যে সচেতনতাও বাড়ছে। নারীর ক্ষমতায়ন হচ্ছে। এসব অগ্রগতি আয়ুষ্কাল বৃদ্ধির জন্য সহায়ক। এছাড়া সরকারের নেওয়া বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিও এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে বলে তিনি মনে করেন। রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে জরিপের তথ্য প্রকাশের জন্য আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আবদুল ওয়াজেদ। প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব সফিকুল ইসলাম ও বিবিএসর অতিরিক্ত মহাপরিচালক বাইতুল আমিন ভূঁইয়া। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমএসভিএসবি প্রকল্পের পরিচালক এ কে এম আশরাফুল হক।পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা বলেছেন, 'বিশ্ববাসীর কাছে বাংলাদেশ এমডিজি অর্জনে প্রতিজ্ঞাবদ্ধ। এর মধ্যে কিছু অগ্রগতির চিত্র উঠে এসেছে। এর মাধ্যমে মানুষের জীবনমান পরিবর্তনের একটি ইতিবাচক চিত্র পেয়েছি। এ প্রতিবেদনটি অনেকখানি গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য। এ অর্জন একটি ভালো অর্জন।'
এমএসভিএসবি প্রকল্পের আওতায় নমুনা নিবন্ধকীকরণের মাধ্যমে প্রতি বছর আর্থ-সামাজিক সূচকগুলো তৈরি করে বিবিএস। প্রতি ১০ বছর পর আদমশুমারি করা হয়। তবে আদমশুমারি হতে শুমারি পরবর্তী বছরভিত্তিক জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচকের পরিবর্তনের হিসাব পাওয়া যায় না। তাই এমএসভিএসবি প্রকল্পের মাধ্যমে জনসংখ্যা ও জনতাত্ত্বিক সম্পর্কিত তথ্য সংগ্রহ করে বার্ষিক ও পঞ্চবার্ষিক পরিকল্পনা তৈরিতে সহযোগিতা করে বিবিএস।
এ প্রকল্পের পরিচালক এ কে এম আশরাফুল হক বলেন, 'দেশে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার, গড় আয়ুষ্কাল, শিক্ষার হার, বয়স্ক শিক্ষা, জন্ম, মৃত্যু, বিবাহ, আগমন, নির্গমন, বহির্গমন, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি, প্রতিবন্ধী, এইচআইভি/এইডসসহ গুরুত্বপূর্ণ আর্থসামজিক সূচকের তথ্য সংগ্রহ করা হয় এমএসভিএসবি প্রকল্পের মাধ্যমে; যা ব্যাপক তদারকি করা হচ্ছে। যাতে সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে নেয়ার ক্ষেত্রে কোনো ধরনের ভুল না হয়।'
জরিপের মরণশীলতার প্রতিটি সূচক বিশ্লেষণে দেখা গেছে, পুরুষের মৃত্যুহার নারীদের চেয়ে বেশি। মরণশীলতার এই অবস্থা শহরের তুলনায় পল্লীতে বেশি। পাঁচ বছরের নিচে শিশুমৃত্যু হার শহরে যেখানে হাজারে ৩৫ জন সেখানে পল্লীতে ৪৩ জন। এ বয়সী শিশুদের মধ্যে হাজারে ৪৫ জন মারা যায়। সেখানে নারীশিশু মারা যায় ৪১ জন।
মাতৃমৃত্যুর হার কমেছে বলেও বিবিএসের প্রতিবেদনে উঠে এসেছে। বর্তমানে মাতৃমৃত্যুর হার দাঁড়িয়েছে ১ দশমিক ৯৭ শতাংশ; যা ২০১২ সালে ছিল ২ দশমিক শূন্য তিন শতাংশ। আর্থ-সামাজিকের অন্যান্য সূচকেও বাংলাদেশ অনেক এগিয়েছে। বিবিএসের প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, পাঁচ বছরের নিচে শিশুমৃত্যুর হার কমেছে। বর্তমানে শিশুমৃত্যু হার কমে দাঁড়িয়েছে গড়ে ৪১ জন। ২০০৯ সালে প্রতি হাজারে শিশুমৃত্যুর ঘটনা ঘটত ৫০টি।
দেশে শিক্ষারহার বেড়েছেও বলে জরিপে উঠে এসেছে। বিবিএসের হিসাব অনুযায়ী, দেশে শিক্ষার হার (১৫ বছর বা তদূর্ধ্ব মানুষ) ৬১ শতাংশ, ২০০৯ সালে ছিল ৫৮ দশমিক চার শতাংশ। প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, পুরুষের ক্ষেত্রে সাক্ষরতার হার দাঁড়িয়েছে ৬৪ দশমিক ২ শতাংশ ও নারীদের ক্ষেত্রে সাক্ষরতার হার ৫৭ দশমিক ৮ শতাংশ। এছাড়া দেশে আলোর উৎস বিদ্যুৎ ব্যবহার করছে শতকরা ৬৬ দশমিক নয় শতাংশ মানুষ। তবে বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি হলেও জনসংখ্যা বৃদ্ধির হার ২০১২ সালের তুলনায় ২০১৩ সালে কিছুটা বেড়েছে। এ হার দাঁড়িয়েছে বার্ষিক এক দশমিক ৩৭ শতাংশ, যা ২০১২ সালে ছিল এক দশমিক ৩৬ শতাংশ।











