বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে ‘অতি তৎপর’ ছিল যুক্তরাষ্ট্র
বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারকে সামরিক অভ্যুত্থানে উৎখাতের ষড়যন্ত্র চলছে_ এমন গুজবের মধ্যেই ১৯৭৪ সালে ঢাকা এসেছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। তিনি তখন প্রেসিডেন্ট নিক্সনের ঘনিষ্ঠজন, অমিত ক্ষমতাধর। ঢাকায় পেঁৗছেন তিনি ৩০ অক্টোবর। তার সফরের ১৮ দিন আগে ১২ অক্টোবর 'হোয়াট অ্যাওয়েটস দ্য সেক্রেটারি ইন বাংলাদেশ' শিরোনামের গোপন প্রতিবেদনটি তার কাছে পাঠিয়েছিলেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ইউজিন বোস্টার।
বার্তায় বলা হয়, অভ্যুত্থানের গুজব শোনা যাচ্ছে, তবে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য সুসংহত ও সমন্বিত চেষ্টা দেখা যাচ্ছে না। বার্তায় জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের রাজনৈতিক ও অর্থনৈতিক চিত্র তুলে ধরে বলা হয়, বাংলাদেশ আরও অর্থনৈতিক সংকটে নিমজ্জিত হয়ে পড়েছে। প্রবল বন্যা, অনিশ্চিত খাদ্য সরবরাহ পরিস্থিতি জটিল করেছে। দুর্ভিক্ষের আশঙ্কা রয়েছে।
আওয়ামী লীগ বেশি বেশি করে সমর্থন হারাচ্ছে। কিন্তু মুজিব সরকারের সমালোচকরা ঐক্যবদ্ধ হতে না পারা এবং জনসমর্থন লাভে ব্যর্থতার কারণে দুঃশাসন চলতে পারছে। খাদ্যাভাব প্রকট হতে থাকায় মুজিব সরকারের সমালোচনা অবশ্যই বাড়তে থাকবে। এ অবস্থায় সরকারবিরোধীদের শেখ মুজিবের প্রতি চ্যালেঞ্জ হয়ে ওঠার জন্য পরিস্থিতি আরও ভালোভাবে পর্যালোচনা করতে হবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি এবং ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সহসভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম মনে করেন, বোস্টারের এ বার্তা থেকে পরিষ্কার_ ১৫ আগস্টের ক্যুর পেছনে সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের কতটা ভূমিকা ছিল। বাংলাদেশে সামরিক অভ্যুত্থানসহ বঙ্গবন্ধু সরকারের পতনের যে তীব্র আকাঙ্ক্ষা ছিল তাদের, সেটা এভাবে তুলে ধরা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম মনে করেন, রাষ্ট্রদূত বোস্টারের বার্তা থেকে স্পষ্ট যে, বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি এবং তার কারণে যে খাদ্য ঘাটতি, সেটা তাদের জানা ছিল। কিন্তু তারা খাদ্য সহায়তা দিতে সম্মত হয়নি; বরং বাংলাদেশের জন্য পিএল-৪৮০ চুক্তির অধীনে খাদ্যবাহী জাহাজ তারা ফিরিয়ে নিয়েছিল। বার্তায় বলা হয়েছে, দুর্ভিক্ষ হলে মুজিব সরকারের সমালোচনা বাড়বে। যুক্তরাষ্ট্র কি সেটাই চেয়েছিল? ১৯৭৪ সালে মুজিব সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য সামরিক অভ্যুত্থানের গুজব ছিল। সে সময়ে এ ধরনের কিছু ঘটেনি। তবে ১৯৭৫ সালের ২১ মে সন্ধ্যায় তাকে হত্যার একটি চেষ্টা ব্যর্থ হয়। এ বছরের ১৫ আগস্ট মোশতাক-ফারুক-রশিদ চক্র তাকে নৃশংসভাবে হত্যা করে। এদিনের বিষয়টিকে 'সামরিক অভ্যুত্থান' বলা হলেও প্রকৃতপক্ষে এর পেছনে বাংলাদেশের গোটা সামরিক বাহিনী ছিল না, বরং তা ছিল স্বল্প সংখ্যক লোকের সন্ত্রাসী ধরনের হটকারী পদক্ষেপ। এ হত্যাকাণ্ডে জড়িতদের কেউ কেউ এর আগে যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দূতাবাসে 'অস্ত্র সহায়তার জন্য' অনুরোধ করেছিল_ তেমন খবরও কিন্তু যুক্তরাষ্ট্রের বিভিন্ন দলিল থেকে প্রকাশ পাচ্ছে।
১২ অক্টোবরের গোপন বার্তায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বোস্টারের উপসংহার ছিল দ্ব্যর্থহীন_ এটা প্রায় স্পষ্ট যে, আওয়ামী লীগের ওপর আস্থা প্রায় বিলীন হয়ে গেছে। শেখ মুজিবুর রহমান যদি তার কর্তৃত্ব বাড়াতে কোনো পদক্ষেপ গ্রহণ করেন, তাহলে পরিণতিতে তিনি সম্ভবত তার নিজ দলের অনেকের সমর্থন হারাবেন এবং সম্ভবত আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, এ ধরনের ঘটনার প্রেক্ষাপটে বিরোধীরা হাত মেলানোর সুযোগ পেয়ে যাবে। তিনি সামরিক বাহিনী, রক্ষীবাহিনী, পুলিশ ও প্রশাসনের ওপর আস্থা স্থাপনে বাধ্য হতে পারেন। তবে সামরিক বাহিনীর সঙ্গে রক্ষীবাহিনীর বিরোধ রয়েছে এবং তা বাড়ছে বলেই প্রতীয়মান হয়। বার্তায় এটাও বলা হয়, আগামী দেড় মাসে বাংলাদেশ সরকার চরম হুমকির মুখে পড়বে না, কিন্তু প্রধানমন্ত্রীর ভাবমূর্তি আরও ক্ষুণ্ন হবে। বিশেষ করে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে থাকায় আওয়ামী লীগের ভেতরের একটি অংশ নিজেদের শেখ মুজিবের কাছ থেকে দূরে সরিয়ে নিতে চাইবে। এ অবস্থায় বিরোধীরা সরকারের সঙ্গে সংঘাতে যাওয়ার চেষ্টা করবে। 'ক্যু'র গুজব নিশ্চিতভাবেই আরও বেশি করে শোনা যাবে। তবে এটা বলা যায় যে, সরকারের বিরুদ্ধে ক্ষোভ বিরোধীদের প্রতি সক্রিয় সমর্থন নিয়ে আসবে_ এমন লক্ষণ নেই।
মুজাহিদুল ইসলাম সেলিম মনে করেন, বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। কিন্তু এ হত্যাকাণ্ডের পেছনে যে দেশি-বিদেশি চক্র সক্রিয় ছিল, তারা এখনও রয়ে গেছে নিরাপদ অবস্থানে। সরকারের উচিত, অনতিবিলম্বে এ গুরুত্বপূর্ণ কাজটিতে হাত দেওয়া। একই সঙ্গে ১৫ আগস্ট-সংশ্লিষ্ট যেসব নথি-দলিল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনসহ বিভিন্ন দেশের কাছে রয়েছে; সেসব সংগ্রহ করে দেশবাসীকে জানানোর পদক্ষেপও নিতে হবে।
হেনরি কিসিঞ্জার বাংলাদেশে ছিলেন স্বল্প সময়। তার সফরের মাত্র তিন দিন আগে ২৭ অক্টোবর মুক্তিযুদ্ধকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদকে বঙ্গবন্ধুর মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। বোস্টারের চিঠিতে দুর্ভিক্ষের যে শঙ্কা ব্যক্ত করা হয়েছে, তা থেকে রক্ষা পেতে বাংলাদেশের আর্থসামাজিক কৌশল ও কর্মসূচি প্রণয়নে 'প্যারিস কনসোর্টিয়াম'-এর ভূমিকাও মেনে নেওয়া হয়। কিন্তু তাতে যুক্তরাষ্ট্র ১৯৭১ সালে তাদের ঘনিষ্ঠ স্ট্র্যাটেজিক মিত্র পাকিস্তান ভেঙে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার দল আওয়ামী লীগের 'অপরাধ' সম্ভবত ক্ষমা করতে পারেনি। বিশিষ্ট কলাম লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, কিসিঞ্জার যখন ১৯৭৪ সালের অক্টোবরে ঢাকায় পুরাতন গণভবনে বঙ্গবন্ধুর সঙ্গে আলাপ করছিলেন, সে সময়ে উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল। তিনি ছিলেন অতি দেমাগি। সবচেয়ে খারাপ লেগেছিল, বঙ্গবন্ধু যখন খোশমেজাজে সোফায় বসে কথা বলছিলেন, তখন কিসিঞ্জার চোখ বন্ধ রেখে ঘুমানোর ভঙ্গি করছিলেন। তিনি মনে করছিলেন, বাংলাদেশকে টিকিয়ে রাখতে বঙ্গবন্ধুর সরকার যুক্তরাষ্ট্রের পায়ের ওপর লুটিয়ে পড়বে। কিন্তু বঙ্গবন্ধু যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক চেয়েছেন; তাদের আধিপত্য বরদাশত করেননি।
প্রশ্ন উঠতেই পারে, ১৫ আগস্টের অভ্যুত্থান কি এরই পরিণতি ছিল? হেনরি কিসিঞ্জারের সফরের সাড়ে নয় মাসের মধ্যে সংঘটিত এ নারকীয় হত্যাযজ্ঞ কি তখন নতুন গতি লাভ করে?











