এবার কোরবানি হবে তো!
বাজারে গেলে গরুর মাংস কেনার সময় পরিচিত কসাই সাবধান করে দিচ্ছেন অন্তত এক মাস আগে কোরবানির গরু কেনার জন্যে। আর কোরবানির পশু না কিনলেও মাংস কিনে তা ডিপ ফ্রিজে মজুদের পথ বাৎলে দিচ্ছেন তারা। সামনে কোরবানির ঈদ। ভারত গরু দিচ্ছে না, কোরবানির গরুর যোগান কোথেকে আসবে এ দুচিন্তা পেয়ে বসেছে অনেককেই। তাই বলে গরু কিনে রাখার জায়গা তো আর শহরে মিলবে না। ওদিকে কোরবানির পশু নির্দিষ্ট স্থানে জবাইয়ের জন্যে সিটি কর্পোরেশন নির্দেশনা দিয়ে রেখেচে। এর পাশাপাশি কোরবানির ঈদকে সামনে রেখে গরু আনতে বাংলাদেশিদের ভারত সীমান্তে না যাওয়ার আহ্বান জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
রোববার সকালে বিজিবি সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
বাংলাদেশে গরুর মাংসের বিপুল চাহিদা থাকা সত্ত্বেও ভারত থেকে গরু আমদানিতে সরকারের তেমন উদ্যোগ নেই। কিন্তু বাংলাদেশের ইলিশ মাছ ভারতে রপ্তানি হচ্ছে সমারোহেই। ভারতের বিজেপি সরকার কয়েক মাস আগে সেদেশের গরু বাংলাদেশে প্রবেশের ব্যাপারে কঠোর কড়াকড়ি আরোপ করেছে। বিএসএফ এব্যাপারে ব্যাপক বাধা সৃষ্টি করছে। যার ফলে ইতোমধ্যে বাংলাদেশে গরুর মাংসের দাম প্রায় দিগুণ বেড়ে গেছে।
কোরবানির মওসুমে গরুর ব্যাপক চাহিদা থাকে। ভারতের কড়াকড়িতে দেশে বিপুল চাহিদার কারণে গরুর দাম আকাশচুম্বি হয়ে যেতে পারে। ব্যাঘাত ঘটতে পারে পশু কোরবানির আনুষ্ঠানিকতা পালনে। কিন্তু সীমান্ত ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন এমন অনেকেই বলছেন, ভারত গরু বাংলাদেশে না পাঠিয়ে পারবে না। কারণ ভারতের গরুর প্রধান ক্রেতা বাংলাদেশের মানুষ। গরু আসবে না বলে গরুর দাম বাড়াচ্ছে ভারত। এভাবে দাম চড়তে থাকলে কোরবানির অন্তত দিন কয়েক আগে বিপুল পরিমাণ গরু ছেড়ে দেবে ভারত। আর এভাবে বিপুল পরিমাণ গরু বাংলাদেশে এলে এদেশের কৃষকরা গরু বিক্রিতে মার খাবে। কারণ ভারতীয় গরু তখন অপেক্ষাকৃত কম দামে বাংলাদেশে ঠেলে পাঠানো হবে। এজন্যে এখন গরু না দিয়ে দাম চড়িয়ে রাখা হচ্ছে।
ভারত গরুর ওপর কড়াকড়ি আরোপ করার পর এখন পর্যন্ত জাতীয় পর্যায়ে এর চাহিদা লক্ষ্য রেখে কোনো পরিকল্পনা নেয়নি সরকার। ভারত থেকে বৈধভাবে গরু আমদানির সুষ্ঠু ব্যবস্থাও করা হয়নি। দেশে গরু লালন পালনে কৃষকদের বিশেষ ঋণ সুবিধা সহ কোনো উৎসাহমূলক উদ্যোগ সরকারের পাশাপাশি ব্যাংকগুলো নেয়নি। ফলে গরুর জন্যে ভারতের দিকে তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই।
এদিকে আজ সংবাদ সম্মেলনে বিজিবি প্রধান বলেছেন, কোরবানি ঈদকে সামনে রেখে গরু আনতে বাংলাদেশিদের ভারত সীমান্তে না যেতে। সীমান্ত এলাকায় গরু ব্যবসায় জড়িত কয়েক লাখ মানুষ এখন বেকার। সরকারি হিসাবে স্বাভাবিক অবস্থায় গড়ে প্রতি মাসে যেখানে আড়াই লাখ ভারতীয় গরু বৈধভাবে আসে, সেখানে মে মাসে এসেছে মাত্র পঁচিশ হাজার। স্থানীয় গরু ব্যবসায়ীরা মনে করেন, এ অবস্থা চলতে থাকলে আগামী কোরবানি ঈদে দেশে একটি বড় অংশের মানুষের জন্য পশু কোরবানি অনিশ্চিত হয়ে পড়বে।
জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বলছে, প্রতি বছর ভারত থেকে প্রায় ২২ লাখ গরু বৈধভাবে দেশে আসে। আর এ খাতে লেনদেন হয় অন্তত তিন‘শ কোটি টাকা।
তথ্য বলছে, ২০১৩ সালে বাংলাদেশে গরু এসেছে ২৩ লাখ ৭৪ হাজার আর ২০১৪ সালে ২০ লাখ ৩২ হাজার। চলতি বছরের জানুয়ারিতে এসেছে এক লাখ, ফেব্রুয়ারিতে সাড়ে ৪৮ হাজার, আর মার্চে ৪৫ হাজার।
সংশ্লিষ্টরা বলছেন, মে মাসে গরু আসার সংখ্যা পঁচিশ হাজারের বেশি হবে না।











