,

জন্মনিবন্ধন সার্টিফিকেটের নামে চলছে অতিরিক্ত অর্থ আদায়

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় জন্মনিবন্ধন সার্টিফিকেটের নামে চলছে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিযোগিতা। ফলে উপজেলায় নতুন ভোটার ও জাতীয় পরিচয়পত্রের জন্য নিবন্ধন হতে আসা লোকজন চরম বিড়ম্বনার স্বীকার হচ্ছেন প্রতিনিয়ত। অতিরিক্ত টাকা দিতে না পেরে অনেকেই ভোটার ও জাতীয় পরিচয়পত্রের জন্য নিবন্ধিত হতে পারছে না বলে অভিযোগ পাওয়া গেছে। অতিরিক্ত টাকা আদায় করতে গিয়ে ফরদাবাদ ইউনিয়নে পরিষদের সচিব পাপিয়া আক্তারের সাথে গতকাল বৃহস্পতিবার মো. ইয়ামিন নামের এক কলেজ ছাত্রের সাথে বাকবিতন্ডা হয়।    
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা গেছে, উপজেলায় ২৫ জুলাই হতে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে, তা চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। ১৩টি ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সরবরাহকারীরা একযোগে তথ্য সংগ্রহ করছেন। নতুন ভোটার হতে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে জন্মনিবন্ধন সার্টিফিকেট নিতে হয়। জন্ম নিবন্ধন আইনের ২০ ধারায় বলা হয়েছে জন্মের ২ বছর পর্যন্ত বিনামূল্যে ও তৃতীয় বছর থেকে প্রতি বছরের জন্য ৫ টাকা করে এবং বাংলা জন্ম নিবন্ধন সার্টিফিকেটের জন্য ২০ টাকা ও ইংরেজি জন্ম নিবন্ধন সার্টিফিটের জন্য ৫০ টাকা নেওয়ার বিধান রয়েছে। সংশোধনের জন্য ১০ টাকা করে নেওয়ার বিধান রয়েছে। সংশোধনের নামে এক একজনের কাছ ১ থেকে দেড় হাজার টাকা করে আদায় করছেন ইউনিয়ন সচিবরা। ইউনিয়ন পরিষদের সচিবরা এই আইনের তোয়াকে না করে খেয়াল খুশিমত ভোটার ও জাতীয় পরিচয়পত্র নিতে আগ্রহীদের কাছ থেকে ইচ্ছেমতো টাকা আদায় করছেন।
এবিষয়ে ফরদাবাদ গ্রামের রুহুল আমিন(২২) বলেন, “আমার পাসপোর্ট করার জন্য জন্ম নিবন্ধন সংশোধন করতে গিয়েছিলাম, সচিব আপা ঢাকা থেকে সংশোধন করার অজুহাতে আমার কাছ থেকে দেড় হাজার টাকা নিয়েছে। এতো টাকা খরচ লাগেনা জেনেও আপাকে টাকা দিয়েছি। কারণ এইটাতো আর মুদির দোকান না, যে অন্য দোকান থেকে দাম ধর করে কিনে নিমু।” এদিকে পূর্বহাটি গ্রামের কলেজ ছাত্র মো. ইয়ামিন বলেন, “আমি নতুন ভোটার তালিকা অন্তর্ভুক্ত হওয়ার জন্য সচিব আপার কাছে জন্ম নিবন্ধন সার্টিফিকেট নিতে আসছি। আপা আমার কাছ থেকে ১ হাজার টাকা নিছে। আপা আমার মতো এখানে সবার সাথেই খারাপ আচরণ করে।” এদিকে ফরদাবাদ গ্রামের সৌদি প্রবাসী মোখলেছুর রহমান (৬০) অভিযোগ করে বলেন, ‘বিদেশে থাকায় আমি ভোটার হতে পারিনি। তাই এবার ভোটার হতে জন্ম নিবন্ধন
সার্টিফিকেট আনতে সচিব আমার কাছ থেকে ৪৩০ টাকা নিয়েছে, তাও আবার ৫দিন যেতে হয়েছে তার কাছে। মোখলেছুর রহমানের মতো রাসেল, সাইফুল ইসলাম, সালমা আক্তার কয়েকগুন বেশী টাকা দিয়ে জন্মনিবন্ধন সার্টিফিকেট  আনতে হয়েছে। 
এবিষয়ে ফরদাবাদ ইউনিয়ন পরিষদ সচিব পাপিয়া আক্তার বলেন, ‘জন্মনিবন্ধনে যাদের কিছু ত্রুটি আছে তাদের সংশোধনের জন্য ঢাকায় যাতায়াত ভাড়া বাবদ চেয়ারম্যানের সাথে আলোচনা করে খরচ বাবদ অতিরিক্ত টাকা নেওয়ার কথা সিদ্ধান্ত নিয়েছিলাম। পরে দেখলাম এসব নিয়ে এলাকায় সমালোচনা হবে পরে সিদ্ধান্ত বাদ দিলাম। আমার বিরুদ্ধে যারা অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ তুলছে তা সঠিক না। অনেকেই আমাকে অতিরিক্ত টাকা অফার করেছিল, আমি নেইনি। আমার স্বামীর মাধ্যমে তথ্য সেবা কেন্দ্রের জন্ম নিবন্ধন অনলাইনে করাই, আমার বাসায় যখন আমি ব্যস্ত থাকি।” 
এবিষয়ে যোগাযোগ করা হলে ফরদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ বলেন, “আমার সচিব পাপিয়া নিয়ম অনুযায়ী প্রতিজনের কাছ থেকে দেড় থেকে দুইশত টাকা নেয়। বয়স বেশি হলে হয়ত ৩ শত টাকা নেয়। সচিব অতিরিক্ত টাকা নেয় না।” এবিষয়ে যোগাযোগ করা হলে উজানচর ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের পরিচালক আনোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কারো কাছ থেকে অতিরিক্ত টাকা নেইনি। এলাকার কিছু লোক আমার উপর রাগ করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে। প্রয়োজনে চেয়ারম্যান সাহেবের কাছে জানতে পারেন।”
সরেজমিনে বিভিন্ন গ্রামে খোঁজ নিয়ে জানা গেছে, জন্মনিবন্ধন সার্টিফিকেট নিতে নতুন ভোটাররা বিড়ম্বনার স্বীকার হচ্ছেন ফরদাবাদ, উজানচর, রূপসদী, তেজখালী, সোনারামপুর, আইয়ুবপুর ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধনের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ রয়েছে। গতকাল সরেজমিন ফরদাবাদ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, জন্মনিবন্ধন সার্টিফিকেট নিতে আসা প্রতিজনের নিকট থেকে নির্ধারিত ফি এর চেয়ে কয়েকগুন বেশি টাকা নিচ্ছেন ইউনিয়ন পরিষদের সচিব পাপিয়া আক্তার। আবার এসব ক্ষেতে কাউকে কোনো রশিদও দেয়া হচ্ছেনা। 
এবিষয়ে বাঞ্ছারামপুর নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ বলেন, “জন্ম নিবন্ধন ছাড়া ভোটার হওয়া যায় না। এটা সকলের নাগরিক অধিকার। জন্ম নিতে হয়রানি হলে এটা খুবই দু:খজনক। জন্ম নিবন্ধনের কারণে অনেকেই নতুন ভোটার হিসেবে নিবন্ধিত হতে পারছে না।”

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ