ওদের আর ফেরা হয়নি
'ঘূর্ণিঝড় কোমেনের কারণে উত্তাল সাগর। বিরাট বিরাট (প্রচণ্ড) ঢেউ একটার পর একটা আছড়ে পড়ছে আমাগো ট্রলারের ওপর। মনে অইল দুয়ারে মৃত্যুর যম আইছে। মোহে (মুখে) শুধু আল্লাহর নাম লইছি। এক পর্যায়ে ট্রলারের তলা ফাইট্টা গেল। আস্তে আস্তে ডুইব্যা গেলাম আমরা। বাঁশ, পুলুট ও বয়া দিয়ে মাচা বাইন্ধা (বেঁধে) ভাসতে থাকি। সময় বাড়ার লগে লগে (সঙ্গে) একজন একজন কইর্যা সাগরের অথৈ পানিতে তলাইয়া যেতে লাগলাম। তিন দিন ঢেউয়ের লগে লড়াই করে হুঁশ হারাই। জ্ঞান ফিরলে দেহি হাতিয়া উপজেলার জাহাজমারা ঘাটে।' দুর্ঘটনার এই মর্মান্তিক বর্ণনা দিতে গিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন ভোলার মনপুরা উপজেলার মো. জসিম।
তার অপর সঙ্গী মো. সিরাজ জানান, ভাইয়ের ছেলে বিল্লাল তার সঙ্গে দু'দিন সাগরে ভেসে ছিল। একপর্যায়ে শরীর দুর্বল হয়ে পড়ায় চোখের সামনেই ডুবে যায়। বাঁচার জন্য তার জামা খামচে ধরেছিল। নিজে বাঁচার জন্য জামা ছিঁড়ে ফেলেন সিরাজ। ওই জামা ধরেই তলিয়ে যায় বিল্লাল।
কোমেনের আঘাতে গত বৃহস্পতিবার বঙ্গোপসাগরে ৫৩ জেলে নিয়ে ডুবে যায় তিনটি মাছধরা ট্রলার। ৬ জনকে জীবিত ও একজনের লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ হন ৪৬ জেলে। এক সপ্তাহ পরও তাদের খোঁজ মেলেনি। নিখোঁজ জেলেরা ফিরে না আসায় শোকাহত হয়ে পড়েছে তাদের স্বজনরা। জীবিত উদ্ধার হওয়া ৬ জেলে হাসপাতালে চিকিৎসাধীন। তবে দু'দিন পর সন্দ্বীপ উপকূল থেকে উদ্ধার করা হয় মো. রফিকের লাশ। সেখানেই দাফন করা হয় তার মরদেহ। প্রশাসনের পক্ষ থেকে রফিকের লাশটিও তার নিজ বাড়িতে আনার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
গত বৃহস্পতিবার চট্টগ্রামের দক্ষিণে সাগর মোহনায় মাছধরা অবস্থায় ঝড়ের কবলে পড়ে ৫৩ মাঝিমাল্লা নিয়ে ডুবে যায় মনপুরা উপজেলার সাকুচিয়া ইউনিয়নের নীরব মাঝি, শাহ আলম মাঝি ও সালাউদ্দিন মাঝির ৩টি ফিশিং বোট। ফিশিং বোটগুলোর মালিক চট্টগ্রামের হলেও দুর্ঘটনার সময় ট্রলারে থাকা ৫৩ মাঝিমাল্লা সবার বাড়ি মনপুরায়। দুর্ঘটনার বিষয়টি বোট মালিকরা তাৎক্ষণিক জানতে পারলেও নিখোঁজদের উদ্ধারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি আইনি জটিলতা এড়ানোর জন্য স্থানীয় প্রশাসনকেও অবহিত করা হয়নি।
তবে কোস্টগার্ড দক্ষিণ জোনের প্রধান কামান্ডার কাউসার আলম জানান, কোমেনের আঘাতে ডুবে যাওয়া ফিশিং ট্রলারের উদ্ধার অভিযানে কাজ করছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের ২৪ সদস্য। মনপুরা ও সন্দ্বীপ এলাকাসহ ৫টি স্টেশনে থেকে কাজ করছেন তারা। এখন পর্যন্ত স্থানীয় জেলেরা কোস্টগার্ডের সহযোগিতায় পাঁচজনকে জীবিত উদ্ধার করেছেন। তবে নিখোঁজ ট্রলার সম্পর্কে মালিকপক্ষ কোনো তথ্য দিতে পারেনি। একই প্রসঙ্গে আইএসপিআরের নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে তারা কিছুই জানেন না বলে মন্তব্য করেন।
সরেজমিন জানা যায়, দুর্ঘটনার একদিন পর সন্দ্বীপের দক্ষিণ সাগরকূল থেকে মো. রফিকের লাশ উদ্ধার করেন স্থানীয় জেলেরা। ৩ দিন পর রোববার সাগরে ভাসমান মো. সিরাজ, মো. জসিম, ফিরোজ, শাহিন ও শাহাবুদ্দিনকে উদ্ধার করেন হাতিয়ার জেলেরা। সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা ওই চার জেলেকে হাতিয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করার পর দুর্ঘটনার কথা জানতে পারে মনপুরার লোকজন। হাতিয়া থেকে ওই ৪ জনকে মনপুরা হাসপাতাল আনার পর নিহত ও নিখোঁজদের খবর এলাকায় জানাজানি হয়। এরপর থেকে মনপুরার সাকুচিয়ার দুই গ্রামে চলে মাতম। স্থানীয় প্রশাসনকে জানানোর পাশাপাশি অনেকেই নিজ উদ্যোগে ট্রলার নিয়ে দুর্ঘটনাস্থলে ছুটে যান। চেষ্টা চালান জীবিত অথবা মৃত অবস্থায় স্বজনদের উদ্ধারের। সর্বশেষ মঙ্গলবার পটুয়াখালীর মহিপুরের সাগর মোহনা থেকে সালাউদ্দিন মাঝিকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন মহিপুর ঘাটের জেলেরা। তার অবস্থার উন্নতি না হওয়ায় গতকাল বুধবার দুপুরে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ফিরোজ ও শাহীন চোখ মেলে পৃথিবীর আলো দেখতে পারলেও গতকাল বুধবার পর্যন্ত মুখ খুলে কথা বলতে পারছিলেন না। তাদের চিকিৎসক মনপুরা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অমিতাভ দে জানান, নোনা পানি ও ঢেউয়ের আঘাতে তাদের শরীরের চামড়া ওঠে গেছে। পানির বিভিন্ন পোকার কামড়ে শরীর ফুলে উঠেছে। এ ছাড়া দীর্ঘ সময় অনাহারে থাকায় দুর্বল হয়ে পড়েছে।
নীরব মাঝির ট্রলারের বেঁচে যাওয়া একমাত্র জেলে মো. সাহাবুদ্দিন জানান, চট্টগ্রামের পতেঙ্গা ঘাটের আবদুল আজিজের মালিকানাধীন 'শাহ পরান-২' ফিশিং বোট নিয়ে সাগরে মাছ ধরতে যান। ওই বোটের ১৭ জনের মধ্যে একমাত্র তিনিই বেঁচে ফিরেছেন। বয়া নিয়ে ভাসতে ভাসতে অজ্ঞান অবস্থায় এক চরে গিয়ে আটকে যান। সন্দ্বীপের জেলেরা তাকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। তিনি আরও জানান, ডুবে যাওয়ার সময় ওই বোটের মাঝি নীরব, জাকির, কবির, আবদুল হাদি, আলী আজগর, সামসুদ্দিন, সিরাজ, রফিক, ইউনুছ, রুবেল, অলিউল্যাহ, ইব্রাহিম, আজাদ, নুরন্নবী ও মহসিন সাগরে ঝাঁপিয়ে পড়েন। সাহাবুদ্দিনের ধারণা, তারা কেউ আর বেঁচে নেই।
পরিবারে মাতম
গতকাল উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামে গিয়ে জানা যায়, ওই এলাকার ১৭ জন নিখোঁজ রয়েছেন। শুধু সরকারি পুকুরপাড় এলাকার জলিল সরদার বাড়ির ৬ জন নিখোঁজ রয়েছেন। ওই এলাকায় ঢুকতেই ভেসে আসে স্বজনহারাদের বিলাপ। দুই সহোদর কবির ও আ. অহিদ নিখোঁজ রয়েছেন। অহিদের স্ত্রী নাজমা ৬ মাস বয়সী ছেলে আল আমিনকে কোলে নিয়ে আর্তনাদ করছেন। পাশে তার ছোট জা কবিরের স্ত্রী সুরমা তার নবজাতককে কোলে নিয়ে আহাজারি করছেন। শিশুসন্তানদের নিয়ে ওই নারীরা কী করবেন জানেন না। পাশের ঘরেই আহাজারি চলছে বাবা-ছেলের জন্য। গৃহকর্তা মো. সিরাজ ও তার ছেলে আজাদ একসঙ্গেই সাগরে গিয়েছিলেন। দু'জনের কারও খবর নেই এক সপ্তাহ। বেঁচে নেই এমন আশঙ্কা থেকেই পুরো পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নাওয়া-খাওয়া বন্ধ করে সিরাজের সন্তানরা শুধু বিলাপ করে চলছেন। একই অবস্থা পাশের বাড়িতেও। ওই বাড়ির অলি উল্যাহ ও তার ছেলে আজগরও সাগরে গিয়ে আর ফিরে আসেননি। এক ঘরের কান্না থামতেই শুরু হয় আরেক ঘরের কান্না। সরদার বাড়ির পূর্বপাশের নীরব মাঝির বাড়ি। নীরব মাঝি ও রুবেল একই ঘটনায় নিখোঁজ রয়েছেন। ট্রলারডুবির খবর শোনার পর চিৎকার করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন তার স্ত্রী বিবি শাহিনুর। ৩ ছেলের লালন-পালনসহ পরিবারের একমাত্র অবলম্বন ছিলেন নীরব মাঝি। চর গোয়ালিয়ার মতো একই অবস্থা উত্তর সাকুচিয়া গ্রামে। ওই গ্রামের নিখোঁজ ১৮ জরে পরিবারে চলছে মাতম।
মনপুরা উপজেলা নির্বাহী অফিসার এরশাদ হোসেন খান জানান, নিখোঁজদের উদ্ধারে চট্টগ্রামের সঙ্গে প্রশাসনিক যোগাযোগ চলছে। এ ছাড়া আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। মনপুরা থানার ওসি মো. হানিফ সিকদার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা চট্টগ্রাম ও সন্দ্বীপ থানাকে অবহিত করে উদ্ধারের জন্য অনুরোধ জানিয়েছেন।











