৩৯ ধাপের ১৯টিতেই প্রশ্ন ফাঁসের ঝুঁকি
টিআইবির গবেষণা প্রতিবেদন
প্রশ্নপত্র প্রণয়ন, ছাপানো ও বিতরণ- এই তিনটি পর্যায় সম্পন্ন করতে ৩৯টি ধাপ পার হতে হয়। আর এর মধ্যে ১৯টি ধাপেই রয়েছে প্রশ্ন ফাঁসের ঝুঁকি। ছাপানোর পর্যায়েই প্রশ্ন ফাঁসের ঝুঁকি সবচেয়ে বেশি। প্রশ্নপত্র প্রণয়নের ১৩টি পর্যায়ের মধ্যে প্রণয়ন ও মডারেশনে প্রশ্নপত্র ফাঁস হয়। ছাপানোর ১৬টি পর্যায়ের মধ্যে পাণ্ডুলিপি কম্পোজ, প্রুফ রিডিং, পুনঃপ্রুফ রিডিং, কম্পোজার কর্তৃক সংরক্ষণ, মুদ্রণকাজ, প্যাকেটিং তালিকা অনুযায়ী প্যাকেটজাতকরণ এবং বোর্ড কর্তৃক গ্রহণের সময়ও এটি হয়ে থাকে।
আর বিতরণের ১১টি পর্যায়ের মধ্যে থানায় ও ব্যাংকের ভল্টে সংরক্ষণ, পরীক্ষার আগের দিন ট্রাংক খোলা ও প্যাকেট যাচাই, পরীক্ষার দিন সিলগালা খোলা ওই দিনের প্রশ্ন গ্রহণ ও পুনঃসিলগালা করা, পরীক্ষার কেন্দ্র কর্তৃক প্রশ্ন গ্রহণ, রুম অনুযায়ী প্রশ্ন সর্টিং এবং শিক্ষকদের কাছে সরবরাহে প্রশ্ন ফাঁসের ঝুঁকি সবচেয়ে বেশি। তবে সরকারি পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের একাংশের মাধ্যমেও এ ঘটনা ঘটে। এরপর মূলত কোচিং সেন্টার, গাইড বই ব্যবসায়ী, মোবাইল, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ছড়িয়ে যায়। অনেক কোচিং সেন্টার শতভাগ প্রশ্ন পেলেও কেউ যাতে বুঝতে না পারে সে জন্য ৬০-৭০ শতাংশ মিল রেখে সাজেশন আকারে শিক্ষার্থীদের প্রশ্ন দেয়। আর এককভাবে প্রতিটি প্রশ্নের জন্য ২০ টাকা থেকে ১০ হাজার এবং গোষ্ঠীগতভাবে ১০ হাজার থেকে ২০ হাজার টাকা লেনদেন হয়।
গতকাল বুধবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) রাজধানীর ধানমণ্ডির মাইডাস সেন্টারে টিআইবির কনফারেন্স রুমে ‘পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস : প্রক্রিয়া, কারণ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। সেখানেই এসব কথা বলা হয়েছে। এই গবেষণা চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই সময়কালের মধ্যে পরিচালিত হয়। গত চার বছরে (২০১২-২০১৫) বিভিন্ন পাবলিক পরীক্ষায় মোট ৬৩টি প্রশ্ন ফাঁসের অভিযোগের কথা গবেষণায় বলা হয়েছে।
সংবাদ সম্মেলনের শুরুতেই টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আমরা প্রশ্ন ফাঁসের গবেষণা প্রতিবেদনের খসড়া বরাবরের মতো শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে উপস্থাপন করতে চেয়েছিলাম। এ ব্যাপারে আমরা তাদের কাছে লিখিত আবেদনও করেছিলাম। কিন্তু তারা আমাদের সময় দেয়নি। তবে আজ (গতকাল) প্রতিবেদন প্রকাশের পর মিডিয়ার মাধ্যমে দুই মন্ত্রণালয়ই বিষয়টি জানবে বলে আমরা আশা করছি।’
আর সংবাদ সম্মেলনের শেষে ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘প্রশ্ন প্রণয়ন থেকে বিতরণ পর্যন্ত এত বেশি ধাপ থাকায়ই বেশি ঝুঁকি সৃষ্টি হচ্ছে। প্রশ্ন ফাঁসকারীদের মধ্যে সরকারি ও বেসরকারি দুই ধরনেরই ভাগীদার রয়েছে। তবে সরকারি পর্যায়ের একাংশের ভূমিকা ছাড়া এই প্রশ্ন ফাঁস সম্ভব নয়। বেসরকারি ভাগীদারদের মধ্যে সরকারদলীয় রাজনৈতিক ছাত্রসংগঠন, কোচিং সেন্টার, গাইড বই ব্যবসায়ী, ফটোকপির ব্যবসায়ীসহ অনেকেই জড়িত। মূলত এটা নিয়ে একটা ইনফরমাল সিন্ডিকেট কাজ করছে। আর এ ব্যাপারে সুনির্দিষ্ট আইন না থাকলেও যা আছে তারও যথাযথ প্রয়োগ হচ্ছে না। কোচিং বাণিজ্য ও গাইড বই বন্ধে নীতিমালা থাকলেও এ ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেই। আর আমাদের যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে তা স্বীকার করতেও দ্বিধাবোধ করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ফলে অপরাধীরা উৎসাহিত হচ্ছে। আগে সমস্যা স্বীকার করতে হবে, তবেই সমাধানের পথ বের হবে। উট পাখির মতো আচরণ করলে সমস্যার সমাধান হবে না।’
টিআইবির প্রতিবেদনে প্রশ্ন ফাঁস নিয়ে প্রতিবেদন প্রকাশের পর সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রশ্ন ফাঁসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন।
টিআইবির উদ্দেশে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘তাদের গতকাল-আজকের মিডিয়া-পত্রিকা দেখতে বলবেন, ফাঁসকারীদের ধরা হয় কি না, কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? আগে তারা পড়ুক, তারপর মনিটরিং করতে বলবেন।’
সর্বশেষ এসএসসি-এইচএসসিতে প্রশ্ন ফাঁস হয়নি দাবি করে শিক্ষাসচিব নজরুল ইসলাম খান সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, কিছু লোক ভুয়া প্রশ্ন বানিয়ে টাকা-পয়সা আয় করেছে। অবশ্য বিষয়টি মিডিয়ায় প্রকাশ করা হয়নি। আর কারিগরিতে প্রশ্ন ফাঁসের চেষ্টার সঙ্গে জড়িতদের ধরা হয়েছে, মামলাও করা হয়েছে। পাশাপাশি প্রশ্ন ফাঁস স্থায়ীভাবে বন্ধ করতে ছাপার পদ্ধতি পরিবর্তন করে ‘এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেম’ করার কাজেও হাত দেওয়া হয়েছে।
টিআইবি প্রশ্ন ফাঁস রোধে সাত দফা সুপারিশের কথাও উল্লেখ করেছে। এগুলো হচ্ছে, ‘পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) (সংশোধন) আইন, ১৯৯২’-এর ৪ নম্বর ধারা পুনরায় সংশোধন করে শাস্তির মাত্রা চার বছরের পরিবর্তে আগের মতো ১০ বছর নির্ধারণ করতে হবে; কোচিং সেন্টার নিষিদ্ধকরণে সরকারের ‘শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা ২০১২-এর অস্পষ্টতা দূর করা এবং কোচিং বাণিজ্য বন্ধে শিক্ষাপ্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন প্রণোদনাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে। প্রশ্ন ফাঁস রোধ ও সৃজনশীল পদ্ধতির উদ্দেশ্য বাস্তবায়নে গাইড বইয়ের আদলে প্রকাশিত সহায়ক গ্রন্থাবলি বন্ধে প্রচলিত আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। তথ্যপ্রযুক্তি ব্যবহারের ওপর তদারকি বৃদ্ধি ও বিদ্যমান আইনের অধীনে শাস্তি নিশ্চিত করা; ঝুঁকি কমাতে প্রশ্ন প্রণয়ন, ছাপানো ও বিতরণের কাজটি পরীক্ষামূলকভাবে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে হবে। প্রশ্ন ফাঁস নিয়ে গঠিত যেকোনো তদন্ত প্রতিবেদনের ফল জনসমক্ষে প্রকাশ এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রশ্ন ফাঁস রোধে বহুনির্বাচনী (এমসিকিউ) প্রশ্নব্যবস্থা ক্রমান্বয়ে তুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।
টিআইবির প্রতিবেদনে প্রশ্ন ফাঁসের কারণ হিসেবে বলা হয়েছে, একই শিক্ষক প্রতিবছরই প্রশ্ন প্রণেতা ও মডারেশনকারী হিসেবে নিয়োগ পান। তাঁরা প্রশ্নপত্র প্রণয়নকে পুঁজি করে নিজ নিজ স্কুল ও কোচিং সেন্টারে অর্থের বিনিময়ে সাজেশন বিতরণ করেন। ম্যানুয়ালি গণনা ও প্যাকেট করা, কম্পোজ ও সংরক্ষণের সময়, প্রশ্ন এন্ট্রি করার সময়, ভুলত্রুটি পরিমার্জনের সময় দায়িত্বপ্রাপ্ত মডারেটর মোটামুটি নিশ্চিত হয়ে যান যে তাঁর প্রশ্নগুলো নির্বাচিত। এ ছাড়া কম্পোজের পর প্রুফ দেখার সময় এবং ছাপানোর কাজে সংশ্লিষ্ট ব্যক্তিদের এককভাবে বা দলগতভাবে প্রশ্ন মুখস্থ করা এবং বোর্ডের একাংশের মাধ্যমে প্রশ্ন ফাঁস হয়ে থাকে। এ ছাড়া নির্ধারিত সময়ের আগে প্যাকেট খুলে শিক্ষকদের একাংশ কর্তৃক প্রশ্নের ছবি তুলে মোবাইল ফোন, ই-মেইল, ফেসবুক, ভাইবারের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে সমাধান করে পাঠানো হয়। আর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) মাত্র এক সেট প্রশ্ন হয় বলে তা ফাঁস হলেও বিকল্প থাকে না।
প্রশ্ন ফাঁসপ্রক্রিয়ায় সম্ভাব্য অংশীজনের বিষয়ে গবেষণায় বলা হয়েছে, প্রশ্ন ফাঁস, ছড়ানো এবং বাজারজাতকরণে সম্ভাব্য অংশীজনের মধ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান জড়িত রয়েছে। সরকারি অংশীজনের মধ্যে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডগুলো, জেলা ও উপজেলা প্রশাসন, পরীক্ষাকেন্দ্র, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকরা জড়িত। আর বেসরকারি অংশীজনের ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের নেতাকর্মীদের একাংশ জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন কোচিং সেন্টার, গাইড বই ব্যবসায়ী, ফটোকপিয়ার, শিক্ষার্থী, অভিভাবক, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন এবং মোবাইল ফোন, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রশ্ন ফাঁস হয়ে থাকে। কোচিং সেন্টারের কাছে ফাঁস হওয়া শতভাগ প্রশ্ন থাকলেও তার যাতে ৬০-৭০ শতাংশ মিলে যায় এমনভাবে পরীক্ষার আগের দিন সন্ধ্যায় শিক্ষার্থীদের কাছে সাজেশন সরবরাহ করা হয়। তারা নিরাপদ অবস্থানে থাকতেই এভাবে প্রশ্ন ফাঁস করে। বহুনির্বাচনী পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও ছড়ানোর বিষয়টি অপেক্ষাকৃত সহজ হওয়ায় এই অংশের প্রশ্ন বেশি ফাঁস হয়। প্রশ্ন হাতে পাওয়ার আগে, প্রশ্ন হাতে পাওয়ার পর এবং পরীক্ষায় প্রশ্ন মিলে যাওয়ার পর এককভাবে সর্বোচ্চ ১০ হাজার টাকা এবং দলগতভাবে ১০ হাজার থেকে ২০ হাজার টাকা লেনদেন হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির উপনির্বাহী পরিচালক ড. সুমাইয়া খায়ের ও পরিচালক (রিসার্চ অ্যান্ড পলিসি) মোহাম্মদ রফিকুল হাসান। গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন রুমানা শারমিন ও নিহার রঞ্জন রায়।











