শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চালকদের অবরোধ : অটোরিকশা সিএনজি নিয়ে ভোগান্তি

news-image

দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে সিএনজি অটোরিকশা চালকদের অবরোধ। জেলায় জেলায় বিক্ষোভ করেছে চালকরা। টঙ্গীর কলেজগেট এলাকায় সিএনজি অটোরিকশা চালক ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৬ শ্রমিক আহত হয়েছে। এছাড়া রূপগঞ্জে সিএনজি চালকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করলে আহত হয় অন্তত ৯ চালক। নারায়ণগঞ্জের শিমরাইল মোড় এলাকায় সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে সিএনজিচালকরা। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিস্তারিত স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদেও পাঠানো প্রতিবেদনে-

স্টাফ রিপোর্টার, বগুড়া থেকে জানান, বগুড়ায় মহাসড়কে সিএনজিচালিত অটো রিকশা চলাচলের দাবিতে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় মানববন্ধন করেছে মালিক শ্রমিকরা। এর আগে তারা মহাসড়ক অবরোধ করে রাখে। 

বগুড়ার সবগুলো উপজেলার অটোরিকশা ও সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিকরা গাড়ি চালানো বন্ধ রেখে সাতমাথায় মানববন্ধনে অংশ নেয়। বগুড়া জেলা অটোরিকশা ও সিএনজি অটোরিকশা পরিবহন সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সংগঠনের সভাপতি আসাদুর রহমান দুলু বলেন, সরকার রোড পারমিশন দিবে অথচ মহাসড়কে গাড়ি চলতে পারবে না এটা হতে পারে না। মানববন্ধন থেকে বলা হয়, মঙ্গলবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হবে। বুধবার মহাসড়কের বনানীতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হবে। মহাসড়কে অটোরিকশা ও সিএনজি অটোরিকশা চলাচল করতে না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

স্টাফ রিপোর্টার, টঙ্গী থেকে জানান, টঙ্গীর কলেজ গেইট এলাকায় গতকাল সকালে সিএনজি অটোরিকশা চালক ও পুলিশের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৬ শ্রমিক আহত হয়েছে। 

মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দেয়ার প্রতিবাদে শ্রমিকরা সকাল ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ মিছিলকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে চাইলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কমপক্ষে ৬ জন শ্রমিক আহত হয়েছেন বলে তারা দাবি করেন। 

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ থেকে জানান, সিএনজিচালিত অটোরিকশাসহ অযান্ত্রিক যান চলাচল বন্ধে মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন।

জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাসহ অযান্ত্রিক যান চলাচল বন্ধের তৃতীয় দিন সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে  গজারিয়া থানার ও হাইওয়ে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। গতকাল সকালে মহাসড়কের গজারিয়া অংশের একাধিক পয়েন্টে গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় একাধিক যানবাহনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। মহাসড়কে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলে পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি)  ফারজানা জামান বলেন, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে চলমান থাকবে ভ্রাম্যমাণ আদালত।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান,  ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার বিভিন্ন সড়কে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে সিএনজি গাড়ির চালকরা। সিএনজিচালকরা গতকাল সকাল থেকে উপজেলা সদরে শ’ শ’ রিকশার চাকা পাংকচার করে দেয়। তারপর তারা সড়ক ও মহাসড়কের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এবং দিন ভর গাড়ি ভাঙচুর করে। মদনগঞ্জ-নরসিংদী সড়কের প্রভাকরদী, মারুয়াদী, মীরের টেক ও বস্তল এলাকায় ব্যাপক গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এতে যোগ দেয় আড়াইহাজারের সিএনজিচালকরা। সরকার কর্তৃক মহাসড়কে সিএনজি চলাচল বন্ধের প্রতিবাদে এ পরিস্থিতির সৃষ্টি করেছে বলে জানায় সিএনজি তারা। এদিকে রাস্তায় কোন যানবাহন না থাকায় যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান,  রূপগঞ্জে সিএনজিচালকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করলে আহত হয় অন্তত ৯ চালক। সোমবার সকালে উপজেলার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের কাঞ্চন পৌরসভার বিভিন্ন পয়েন্টে এই ঘটনা ঘটে।

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি জানান, মহাসড়কে আলফা, মাহেন্দ্র, টেম্পো. মিশুক, অটোরিকশা, ইজিবাইক, নসিমন, করিমন চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবিতে গতকাল সকালে বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ডে ওইসব যানবাহনের মালিক-শ্রমিকরা প্রায় দেড়ঘণ্টা ধরে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন কমসূচি পালন করেছে। এ সময় মহাসড়কের উভয় দিকে শ’ শ’ দূরপাল্লার যানবাহন আটকা পড়ে। এতে হাজার হাজার যাত্রী ও পথচারী চরম দুর্ভোগের শিকার হন। 

নাটোর প্রতিনিধি জানান, মহাসড়কে চলাচল বন্ধের প্রতিবাদে নাটোরে লাগাতার ধর্মঘট শুরু করে দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সিএনজি থ্রি-হুইলার চালক-মালিকরা। এরপরও দাবি না মানলে সকল চালক-মালিকদের স্ত্রী সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি দেন সংগঠনের নেতৃবৃন্দ। শহরে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন থেকে এ কর্মসূচি ঘোষণা করাসহ পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সব নানা কর্মসূচিতে শহরে কয়েক ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। এদিকে ধর্মঘটের কারণে নানা বিড়ম্বনায় পড়েন সাধারণ যাত্রীরা।

গতকাল সকাল ১০টার দিকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নিতে শহরের মাদ্‌রাসা মোড় সিএনজি স্টেশনে সারা জেলার সিএনজি চালকরা জড়ো হতে থাকে। বেলা ১১টার দিকে শহরের হরিশপুর বাইপাস কর্মসূচিতে যোগ দিতে আসা কয়েকটি সিএনজি পুলিশ আটকে দিয়েছে এমন খবরে সিএনজি চালক মালিকরা কালো ব্যাজ ধারণ করে বাইপাসের দিকে বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি সেখান থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের কানাইখালী এলাকায় নাটোর প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান,  তিন চাকার যানবাহন চলাচলের অনুমতির দাবিতে গতকাল বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উল্লাপাড়ার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে সিএনজিচালিত অটোরিকশা, অটোটেম্পো ও মিশুকের চালক ও মালিকেরা বিক্ষোভ সমাবেশ করে। সিরাজগঞ্জ জেলা মালিক ও শ্রমিক সমিতি যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত কর্মসূচি চলাকালে আয়োজিত সংগঠনের নেতৃত্ববৃন্দ তাদের পরিবার- পরিজনের বেঁচে থাকার প্রয়োজনে অবিলম্বে মহাসড়কে এই যানবাহন চলাচলের অনুমতি প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানান। 

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে সিএনজি থ্রি হুইলার পরিচালনায় সরকারের গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে সোমবার ফুলপুরে সিএনজি থ্রি হুইলার মালিক ও শ্রমিক কল্যাণ সমিতির উদ্যোগে র‌্যালি ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এতে নেতৃত্ব দেন আবদুুল খালেক, নজরুল ইসলাম, তফাজ্জল হোসেন, মকবুল হোসেন, ইস্‌্রাফিল, তাজুল ইসলাম, মতিউর রহমান প্রমুখ।