বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে বাস থামিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

news-image

দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যবসায়ী নুরুল ইসলাম, পাশে তার স্বজনদের আহাজারিদুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যবসায়ী নুরুল ইসলাম, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফিল্মি স্টাইলে ককটেল বোমা ফাটিয়ে যাত্রীবাহী বাস থামিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ওই ব্যবসায়ীর কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে পুনরায় ককটেল ফাটিয়ে মুহূর্তেই এলাকা ত্যাগ করে খুনিরা। সোমবার রাত পৌনে ১০টায় ফতুল্লার মাহমুদপুরে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যবসায়ীর নাম নুরুল ইসলাম (৪০)। ঢাকার পরীবাগে মোতালেব প্লাজায় ‘পপুলার ইলেকট্রনিক্স’ নামে মোবাইল ফোনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার। সাধারণত চীন থেকে মোবাইল ফোন আমদানি করে থাকেন তিনি। পাশাপাশি বিদেশ থেকে স্বর্ণ আনার (ক্যারিয়ার) ব্যবসা করতেন। নুরুল ইসলামের বাড়ি ফতুল্লার স্টেশন রোড এলাকায়। তিনি ওই এলাকার হাজী হানিফের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজন মোহাম্মদ আবু সাঈদ জানান, মোতালেব প্লাজার দোকান বন্ধ করে নুরুল ইসলাম উৎসব পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো ব-১১-১৭৩৭) করে নারায়ণগঞ্জে আসছিলেন। তিনি ও নুরুল ইসলাম পাশাপাশি সিটে বসা ছিলেন। রাত পৌনে ১০টার দিকে মাহমুদপুরে সামাদবানু ফিলিং স্টেশনের সামনে আসামাত্র বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে।
এ সময় গাড়িটি থামিয়ে দিলে ৬-৭ যুবক গাড়িতে উঠেই যাত্রীদের মারধর করতে থাকে এবং সবাইকে মাথানিচু করে থাকতে বলে। ভয়ে তখন সবাই মাথানিচু করে ফেলে। যুবকদের সবার হাতে আগ্নেয়াস্ত্র ছিল। যুবকদের মধ্যে দু’জন সরাসরি নুরুল ইসলামের কাছে এসে তাকে বলে, ‘তোর ব্যাগ দে’। নুরুল ইসলাম ব্যাগ দিতে না চাইলে দুর্বৃত্তরা তার বুকে পিস্তল তাক করে একটি গুলি করে। সঙ্গে সঙ্গেই ব্যাগ নিয়ে বাস থেকে নেমে পড়ে যুবকরা। এ সময় তারা আবারও ককটেল বিস্ফোরণ ঘটায়।
সাইদ জানান, ঘটনার আকস্মিকতায় সবাই বাস থেকে নেমে পড়েন। আমি দেখি, নুরুল ইসলাম লুটিয়ে পড়েছেন। তখন আমরা কয়েকজন বাসে করেই তাকে শহরের খানপুর ৩শ’ শয্যা হাসপাতালে নিয়ে আসি। কিন্তু ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন নুরুল ইসলামের স্বজনরা। স্ত্রী ও দুই শিশুসন্তান এবং অন্য স্বজনদের আহাজারিতে চারদিক ভারি হয়ে উঠে।
নুরুল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, ব্যবসার টাকা নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। ওই টাকা নেয়ার জন্যই হয়তো তাকে খুন করা হয়েছে। কারণ তার কোনো শত্রু নেই। কাছের কেউ হয়তো টাকার বিষয়টি জানতে পেরে এ ঘটনাটি ঘটিয়েছে।
একই কথা বলেন নুরুল ইসলামের আরেক স্বজন জেলা যুবলীগের সহসভাপতি জাকিরুল আলম হেলালও। তিনি বলেন, ‘নুরুল ইসলাম মোবাইলের ব্যবসার পাশাপাশি বৈধভাবে বিদেশ থেকে স্বর্ণ এনে ব্যবসা করতেন। তার কাছে হয়তো টাকা বা স্বর্ণ ছিল এবং এ তথ্য খুনিরা জেনেই ওই বাস থামিয়ে তাকে হত্যা করেছে। ছিনতাইকারী হলে অন্য যাত্রীর ব্যাগ না নিয়ে সরাসরি তার কাছে ব্যাগ চাইত না। এটি একটি পরিকল্পিত হত্যা’।
ফতুল্লা থানার ওসি আসাদুজ্জামান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়েছি। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। খুনিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
ওসির সঙ্গে ঘটনাস্থল ঘুরে আসেন এসআই আরাফাত জাহান, এসআই জয়নাল ও এএসআই কামরুল হাসানও। তারা জানান, লাশ শহরের ৩০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে আছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাম্মদ আলী জানান, বুকের বাম পাশে একটি গুলির ক্ষত রয়েছে। গুলিতেই তার মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী সাইদ আরও বলেন, রাত সাড়ে ৮টায় বাসটি ঢাকা থেকে ছেড়ে আসে। বাসে ৬০ জনের মতো যাত্রী ছিলেন।
 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক