শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছিটমহলবাসীকে ভোটার করতে ইসির উদ্যোগ

news-image

বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া ছিটমহলবাসীকে জাতীয় পরিচয়পত্র প্রদান ও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। দু-একদিনের মধ্যে কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট শাখাকে প্রয়োজনীয় তথ্যসহ ফাইল উপস্থাপনে জরুরি নির্দেশনা দিয়েছে বলে ইসি’র দায়িত্বশীল একটি সূত্র নিশ্চিত করেছে। কবে নাগাদ সেখানে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করা হবে এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীন বলেন, ছিটমহলে ভোটার তালিকা হালনাগাদের জন্য বিশেষ ব্যবস্থায় সবকিছু প্রস্তুত রাখা আছে। চুক্তি বিনিময় বাস্তবায়িত হলে সীমানা পুনঃনির্ধারণ করা হবে। তারপর সেখানে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করা হবে। ইসি কর্মকর্তারা জানান, ছিলমহলবাসীকে ভোটার করতে অনেক আগেই পরিকল্পনা নেয়া হয়েছে। ছিটমহল বিনিময় হওয়ায় সেই অনুযায়ী নাগরিকদের ভোটার করতে এগুচ্ছে ইসি। বাংলাদেশ-ভারতের মধ্যকার স্থলসীমান্ত চুক্তির দলিল হস্তান্তরের মধ্য দিয়ে উন্মোচিত হয়েছে ছিটমহলবাসীর ভোটার হওয়ার দ্বার। এখন চুক্তি অনুযায়ী ছিটমহল বিনিময় হওয়ায় ছিটমহলবাসীকে ভোটার তালিকায় বিশেষ ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত করা হবে। একই সঙ্গে ছিটমহলবাসীকে নাগরিকত্বের অন্যতম দলিল জাতীয় পরিচয়পত্রও দেয়া হবে। ইসি কর্মকর্তারা আরও জানান, কমিশনের নির্দেশে ছিটমহলবাসীর ভোটার করার বিষয়ে একটি ফাইল তৈরি করা হয়েছে। দু-একদিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। এ বিষয়ে ইসি’র উপ-সচিব আবদুল ওদুদ জানান, নানা জটিলতায় এতদিন ছিটমহলবাসীকে ভোটার করা সম্ভব হয়নি। এখন ছিটমহল বিনিময় হওয়ায় সেখানে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করা হবে। এ জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে কমিশন। যাতে দ্রুততর সময়ের মধ্যে ছিটমহলবাসীকে ভোটার করা যায়। ছিটমহল বিনিময় চুক্তি অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ১৬২টি ছিটমহলের মধ্যে ১১১টি ছিটমহলের বাসিন্দারা বাংলাদেশ এবং ৫১টি ছিটমহলের বাসিন্দারা ভারতের নাগরিকত্ব পেয়েছেন। পরবর্তীতে যারা পুরনো আবাসস্থল বদলে ভারতে চলে যেতে চান তারা সেখানে যেতে পারবেন আগামী ১লা থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত। ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহলের মধ্যে কুড়িগ্রাম জেলার অধীনে ১৮টি ও লালমনিরহাট জেলার অধীনে ৩৩টি। এগুলো ভারতের কোচবিহার জেলার প্রশাসনিক সীমানার ভেতরে। অপরদিকে, বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতের ১১১টি ছিটমহল পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার। এগুলোর মধ্যে কুড়িগ্রাম জেলায় ১২টি, লালমনিরহাট জেলায় ৫৯টি, পঞ্চগড় জেলায় ৩৬টি এবং নীলফামারীতে রয়েছে ৪টি। এদিকে চলতি বছরের ৬ই জুলাই থেকে ১৬ই জুলাই পর্যন্ত যৌথ জনগণনা অনুযায়ী ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহলের লোকসংখ্যা প্রায় সাড়ে ১৪ হাজার এবং বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতীয় ১১১টি ছিটমহলের লোকসংখ্যা প্রায় সাড়ে ৪৪ হাজার। ছিটমহল বিনিময়ের ফলে প্রায় ১৭ হাজার ১৬০ একর জমির মালিকানা পেয়েছে বাংলাদেশ সরকার। ইসি সূত্রে জানা যায়, ইসি এর আগে ছিটমহলবাসীদের ছবিসহ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য কয়েক দফা উদ্যোগ নিয়েছিল। ছিটমহলে প্রবেশের ক্ষেত্রে শিথিলতা থাকায় সর্বশেষ ১৯৯০ সালে ছিটমহলবাসীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। ওই সময়ে ৩৩টি ছিটমহলের বাসিন্দাকে ভোটার তালিকার আওতাভুক্ত করা সম্ভব হয়েছিল। তার মধ্যে কুড়িগ্রামের ১৮টি, পঞ্চগড়ের ১১টি এবং লালমনিরহাটের ৪টি ছিটমহল ছিল। এসব ছিটমহলের ভোটার সংখ্যা ছিল প্রায় ৪০ হাজার। দহগ্রাম-আঙ্গরপোতা ২৪ ঘণ্টা খোলা থাকায় এ ছিটমহলে প্রবেশের কোন বাধা না থাকায় সেখানকার অধিবাসীদের হালনাগাদ কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া ২০০৮ থেকে শুরু করে ২০১২ এবং ২০১৪ সালের ভোটার তালিকা হালনাগাদের সময় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছিলো। ভারতের সঙ্গে বাংলাদেশের ছিটমহল বিনিময় সংক্রান্ত এবং চলমান বিষয়টি বাংলাদেশ-ভারত স্থলসীমানা বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত দ্বিপক্ষীয় এবং চলমান বিষয়ের মধ্যে সক্রিয় বিবেচনাধীন আছে জানিয়ে সম্মতি দেয়নি মন্ত্রণালয় দুটি। গত ৬ই জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু’দেশের স্থলসীমান্ত চুক্তির দলিল হস্তান্তর করে। এর মধ্য দিয়ে ছিটমহলবাসীর দীর্ঘ ৬৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটে।