অগ্নিসন্ত্রাসীরা রেহাই পাবে না : প্রধানমন্ত্রী
গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপি-জামায়াত জোটের আন্দোলনকালে গণপরিবহনে পেট্রলবোমায় নিহতদের পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাসস
রাজনীতির নামে জনগণের ব্যাপক ক্ষতি ও জীবন্ত মানুষ হত্যার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 'জনগণের ক্ষতিসাধনের জন্য দায়ী ব্যক্তিদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। তাদের কেউ রেহাই পাবে না। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শুরু করেছি। কারণ তাদের শাস্তি না হলে আগামীতে তারা আবারও একই ঘটনা ঘটাবে।' বিএনপি-জামায়াত জোটের ৯২ দিনের অবরোধ-কর্মসূচির সময় অগ্নিসন্ত্রাসের শিকার ৩৭ ব্যক্তি ও আত্মীয়স্বজন এবং ১৮৫ ক্ষতিগ্রস্ত পরিবহন মালিকের মধ্যে চেক বিতরণকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার তাঁর কার্যালয়ে এ অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের মধ্যে আট কোটি ৩৭ লাখেরও বেশি টাকার ২২২টি চেক বিতরণ করেন। চেক বিতরণের পর প্রধানমন্ত্রী বলেন, 'আপনাদের যে ক্ষতি হয়েছে তা পূরণ করা সম্ভব নয়। আমরা আমাদের সাধ্যমতো আপনাদের পাশে দাঁড়াতে চাই এবং এই চিন্তাচেতনা থেকে সাহায্য-সহায়তার চেষ্টা করছি।' তিনি বলেন, ব্যক্তিস্বার্থ চরিতার্থের জন্য জনগণের ক্ষতিসাধন ও জীবন্ত মানুষ পোড়ানোর মতো এমন নৃশংসতা কেউ দেখাতে পারে তা কল্পনাও করা যায় না। তিনি বলেন, বিএনপি-জামায়াতচক্র ২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে ৯২ দিনে যে নিষ্ঠুরতা ও তাণ্ডব চালিয়েছে তা বাংলাদেশের মানুষ অতীতে কখনো দেখেনি। শেখ হাসিনা বলেন, তিনি রাজনীতি করেন মানুষের সেবা ও কল্যাণের জন্য। কিন্তু যে রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণ নির্মমতার শিকার হয়, তা আদৌ কোনো রাজনীতি নয়। সেটা মূলত জঙ্গিবাদী ও সন্ত্রাসী কর্মকাণ্ড।
বিএনপি ও জামায়াতের ধ্বংসযজ্ঞ মোকাবিলা ও প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণের সাহসিকতার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের সাহসী ভূমিকা দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে। তিনি বলেন, দেশের মানুষ আর এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও সাধারণ মানুষের প্রাণহানির ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না। একটি পরিবারের একজনের মৃত্যুতে ওই পরিবারের অনেক ক্ষতি হয়। জনগণের পাশে দাঁড়ানোর তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আগামীতে এ ধরনের ধ্বংসাত্মক ঘটনা মোকাবিলায় দলমত নির্বিশেষে সবার সমর্থন ও সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও প্রেসসচিব ইহসানুল করিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের সদস্য, আহত ব্যক্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবহন মালিকদের মাঝে ৯৯৪টি চেকে ৩৩ কোটি ৭৭ লাখ টাকা বিতরণ করেন। কুয়েতকে আরো বিনিয়োগের আহ্বান : বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়েত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং বিভিন্ন খাতে আরো বিনিয়োগ চেয়েছেন। এ ক্ষেত্রে তিনি আশা করেন, কুয়েত ফান্ড ফর অ্যারাবিক ইকোনমিক ডেভেলপমেন্টের (কেএফএইডি) মাধ্যমে কুয়েত অর্থায়ন বাড়াবে। কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত আলী আহমেদ ইব্রাহীম আল-দাফিরি গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান। ঢাকা সফরের জন্য কুয়েতি আমিরকে বাংলাদেশের আমন্ত্রণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা করেন, সুবিধাজনক সময়ে আমির ঢাকা সফরে আসবেন। প্রধানমন্ত্রী বিভিন্ন খাতে বাংলাদেশের অগ্রগতির কথা তুলে ধরেন। রাষ্ট্রদূত শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে বলেন, বাংলাদেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। তিনি আশা করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরো অগ্রগতি অর্জন করবে।১৯৯০ সালে ইরাকের আগ্রাসনের সময় কুয়েতকে সমর্থন দেয় বাংলাদেশ। বাংলাদেশই প্রথম দেশ যে কুয়েতকে সহযোগিতা দেয়।
রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ ও কুয়েতের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা শুরু হচ্ছে এবং বর্তমানে সেনাবাহিনীর প্রায় পাঁচ হাজার সদস্য কুয়েতে পুনর্গঠন কাজ করছে। রাষ্ট্রদূত চট্টগ্রামের আন্দরকিল্লা শাহি জামে মসজিদ সংস্কারের এক মিলিয়ন মার্কিন ডলারের চেক হস্তান্তর করেন।











