সুইডেন জীবনের গল্প
খুব ছোট বেলায় দেখেছি, আমাদের ড্রইংরুমের দেয়ালে বরফে মোড়া ধূসর পর্বতমালার বড় পেইন্টিং ঝুলতে। পর্বতমালার ঠিক মাঝ খানটায় একটুখানি সোনালি আলো এসে পড়েছে। ঐ একটুখানি আলোর জন্যই ছবিটার প্রতি দুর্দান্ত আকর্ষণ ছিল আমার। বারবার মনে হত, অবাক হয়ে ভাবতাম তুষার কি করে এত সুন্দর হয়!
আমার সেই শৈশবের মুগ্ধতা হয়ত জমা ছিল স্মৃতির কোন এক খুপড়িতে।সুইডেন আসার পর টের পেলাম স্মৃতির পাতায় জমানো ছবিটি মিথ্যা ছিল না। সুইডেনে জুন জুলাই এবং আগস্টের কিছু সময়কে গ্রীষ্ম কাল হিসাবে ধরা হয়। সহজ করে বললে, তীব্র শীতের প্রকোপ কমে খানিকটা উষ্ণ আবহাওয়ার আমেজ পাওয়া যায়। তাপমাত্রা অঞ্চলভেদে ১০ থেকে ২০ ডিগ্রিতে ওঠানামা করে।
তখন পুরো সুইডেন রঙে রঙে ভরে ওঠে। অসংখ্য ফুলের পসরা সাজিয়ে হাজির হয় প্রকৃতি। স্থানীয়রা ছোট-বড় উৎসব করে, কেউ ঘুরতে বেড় হয়, কেউ নতুন জীবন শুরু করে, কথা হল বছরের এই সময়টা তারা বেশ উপভোগ করেই কাটায়। আর আমরা যারা গরমের দেশে বেড়ে উঠেছি তারা ভারি কাপড়ের ভারমুক্ত হয়ে তুলামূলক হালকা কাপড় পরার সুযোগ পাই। কফির মগ হাতে বারান্দায় দাড়িয়ে ভাবি, আহা! সময়টা দারুণ! জুনের মাঝামাঝি সময়ে সুইডিশরা তাদের ঐতিহ্যবাহী উৎসব ‘মিড সামার’ পালন করে। আমাদের দেশের পহেলা বৈশাখের সঙ্গে মিড সামারের অদ্ভুত মিল। এখানেও মেলা বসে, আমাদের মাটির পুতুল, মুড়িমুড়কির বদলে এখানে দেখা মেলে তুলতুলে কাপড়ের পুতুল, পপ কর্ণ আর সাদা গোলাপি ক্যান্ডি ফ্লস’র। পৃথিবীর সব দেশের বাচ্চারাই মনে হয় আসলে একরকম!সুইডিশ বাচ্চারা যখন দলবেঁধে বালুতে গড়াগড়ি খায়, গাছ থেকে মাটিতে লাফ দেয়, লুকোচুরি খেলে, তখন মনে হয় আমার শৈশবই যেন দেখছি! বড় শহর থেকে ছোট শহরগুলোতে তুলনামূলক মানুষের ভিড় কম।স্থায়ী বসবাসের জন্য এই শহরগুলো বেশ আরামদায়ক। আমার অভিজ্ঞতায় সুইডিশদেরকে মিষ্টিভাষী এবং আন্তরিক বলেই মনে হয়েছে।পশুপাখির প্রতি এদের ভালবাসা সীমাহীন। কুকুর বিড়াল পোষা এদের জীবনেরই একটা ‘বড়’ অংশ। এখানকার আবহওয়ার মেজাজ মর্জি ভারি অদ্ভুত। কখন সেই গোমড়ামুখো খিলখিলিয়ে হাসবে আঁচ করা কঠিন। এই ঝকঝকে আকাশ তো এই টিপটিপ বৃষ্টি। কড়কড়া রোদেও হিমশীতল বাতাসের ঝাপটা মিললে অবাক হবার কিছু নেই! এখানকার আকাশ কেমন জানি ঠিক আমাদের দেশের মত না। আকাশের রঙ নীলচে আকাশী আর মেঘেদের রঙ যান্ত্রিক সাদা! এত পরিপাটি মেঘ দেখে কেমন যেন প্রাণহীন মনে হয়। হয়ত আমি অভ্যস্ত নই তাই এমন লাগে, কিন্তু খুব গোছালো আকাশ দেখতে কেমন যেন নিষ্প্রাণ লাগে। মনে হয় কোন পাঁচতারা হোটেলের দেয়ালে ঝোলান দামি চিত্রকর্ম!
সমুদ্রের পাশের শহরগুলোর সমুদ্রতীরে অনেক সিগাল পাখির দেখা মেলে।এছাড়াও নানা ধরনের হাঁস তো রয়েছেই।এখানকার পাখিরা খানিকটা ‘ডাকাত’ ধরনের! মালমোতে দেখেছি সাদা সিগালের দল রীতিমত খাবার ছিনতাই করে। ওদের অধিকার এখানে যেন মানুষের চেয়েও বেশি!
প্রতীকী ছবি/রয়টার্স প্রতীকী ছবি/রয়টার্স ফাস্টফুডের দোকানগুলোতে এরা নির্ভয়ে ঢুকে যায়। বেশ রাগী ভঙ্গীতে খাবার চায়! কেউ ‘ঝাড়ি’ দিলে উল্টো তাকেই ‘ঝাড়ি’ মারে। আদরে যেন বাঁদর হয়েছে এখানকার পাখিগুলো! তবুও ওরা সুন্দর। ওরা মানুষ কে ভয় পেতে শেখেনি। মানুষ আর পাখিদের এই মেলবন্ধনে এক ধরণের নির্মল আনন্দ আছে।
এখানে ঝোপেঝাড়ে প্রচুর খরগোশের দেখা মেলে। এরা মানুষ দেখে একদম ভয় পায় না। মাঝে মাঝে ওরা দলবেঁধে রাস্তা পার হয়। তখন রাস্তার গাড়িগুলো চুপচাপ দাড়িয়ে ওদের পার হতে দেয়। কেউ হর্ন বাজালে ওরা মহা বিরক্ত হয়ে তাকায়। দৃশ্যটা বেশ লাগে।
শুরুতেই বলেছিলাম বরফের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। শীতের সময়টাতে পুরো সুইডেন জুড়েই বরফের দেখা মিলবে কিন্তু গ্রীষ্মে বরফ দেখতে হলে এই দেশের উত্তরাঞ্চলে যেতে হবে। এখানকার উত্তরাঞ্চলে কখনোই তাপমাত্রা তেমন উষ্ণ হয় না। সারা বছরই বরফ থাকে আর তাই গ্রীষ্মেও তাপমাত্রা ৭ থেকে ১৪ ডিগ্রির মধ্যেই ওঠানামা করে। দূর পাহাড় চূড়ায় কিংবা বনের ভেতর হাটতে হাটতেই ছোট ছোট বরফগলা নদীর দেখা মিলবে, হাল্কা স্রোতের সঙ্গে সেখানে টুকরো টুকরো বরফ ভাসতে দেখা যায়।
বরফেমোড়া পর্বত চূড়ায় যখন সূর্যের আলো এসে পরে, তখন প্রতিবিম্ব তৈরি হয়। সোনালী আলোতে চারদিক ঝলমল করে ওঠে। বিশেষ করে একপশলা বৃষ্টির পরে যখন মেঘের আড়াল থেকে সূর্য উঁকি দেয় তখন অর্ধবৃত্ত রংধনুর সৃষ্টি হয়, সেই আলোতে বরফরাশিও বর্ণিল দেখায়। তখন পুরো জায়গাকে মনে হয় ঠিক যেন রূপকথার গল্পের সেই পরীদের রাজ্য!











