শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রীরা অসহায়, সরকার নির্বিকার সিএনজির জুলুম আর কত দিন?

news-image

রাজপথে একটি অটোরিকশাশনিবার দুপুর। রাজধানীর নতুনবাজার মোড়। ভাড়া নিয়ে সিএনজিচালক ও যাত্রীর মধ্যে চলছে বাকবিত-া। কাছে এগিয়ে গিয়ে পরস্পরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করতে থাকেন যাত্রী ও সিএনজিচালক। মোহাম্মদপুরগামী যাত্রী মকবুল হোসেন ডিগ্রি কলেজের ছাত্র সৈকত হাসনাত বলেন, 'নতুন বাজার থেকে মোহাম্মদপুরে যেতে ভাড়া চায় ৩০০ টাকা। মিটারে যেতে চাইলে বলে বাড়তি ৫০ টাকা দিতে হবে।' এরপরে সিএনজি অটোচালক আলামিনের সোজা সাপটা জবাব: 'মালিকেরে ১২শ' টাকা জমা দেওন লাগে। মিটারে চললে আর পেট চালানো লাগবে না।' ভাড়া নিয়ে যাত্রী বাকবিত-া শুধু নতুনবাজারেই সীমাবদ্ধ নয়_ নগরজুড়েই এ দৃশ্য নিত্যদিনের। রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, নগরীতে দুই ধরনের সিএনজি চলে। একটি হচ্ছে ঢাকা মেট্রোপলিটন এরিয়ার আওতায়; অপরটি ঢাকা জেলার আওতায়।
দুই ধরনের সিএনজি অটোচালকের জমা নিয়ে চলছে সমন্বয়হীনতা। অনেক সিএনজি অটোচালক মালিককে প্রতিদিন ৭০০, ৮০০ ও এক হাজার টাকা জমা দিয়ে থাকেন। সিএনজির জমা নিয়ে এ ধরনের সমন্বয়হীনতা ও নৈরাজ্য চলছে নগরীর সর্বত্র। যাত্রীর পকেট থেকে অতিরিক্ত টাকা আদায় করে জমার টাকার ব্যবস্থা করছেন চালকরা। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন এলাকায় মোট নিবন্ধিত সিএনজি অটোর সংখ্যা ১৩ হাজার। চালকের কাছ থেকে মালিকদের দৈনিক জমার হার ৬০০ টাকা নির্ধারণ করে দেয়া হয়।
সরকার সিএনজির ভাড়া দুই কিলোমিটারের জন্য ২৫ টাকা, পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য ৭ টাকা এবং বিরতিকালে প্রতি মিনিটের চার্জ এক টাকা ২৫ পয়সা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু এসব কোনো মালিকই মানেন না।
অনেক মালিক একাধিক সিএনজি অটোর মালিক বনে যান অল্প দিনে। একাধিক চালকের হাতে এগুলো তুলে দিয়ে বাড়তি জমার টাকা আদায় করেন তারা। এতে করে আর্থিক দুর্ভোগের শিকার হন মূলত যাত্রীরা। যাত্রীর কাছ থেকে বাড়তি ভাড়া আদায় প্রসঙ্গে বাড্ডার সিএনজি অটোচালক আসাদুল বলেন, 'সরকারি রেট ৬০০। কিন্তু মালিককে আমাদের জমা দেওন লাগে এক হাজার ট্যাকা। বাড়তি ট্যাকা পামু কই!' সরেজমিন ঘুরে দেখা গেছে, সিএনজি অটোগুলো ঢাকা মেট্রোপলিটন এরিয়ার এবং ঢাকা জেলার আওতায় নিবন্ধিত। ঢাকা মেট্রোপলিটন এরিয়ার সিএনজি অটোগুলোকে সরকার নিয়ন্ত্রণ করছে। ঢাকা জেলার আওতায় সিএনজিগুলো ব্যক্তিমালিকানায়। অনেকে নিজে ব্যবহারের নামে একাধিক সিএনজি কিনে ব্যবসা করছেন। এসব সিএনজির কোনো মিটার নেই। সরকার প্রতিদিন ৬০০ টাকা ভাড়া বেঁধে দিলেও চালকের কাছ থেকে বাড়তি জমা আদায় করা হচ্ছে। অধিকাংশ সিএনজি আবার শিফট হিসেবে চলে। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা ৭০০ টাকা এবং সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত সিএনজি অটোচালককে মালিককে জমা দিতে হয় ৫০০ টাকা। চালকের খরচা বলতে প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকার গ্যাস।
এই প্রসঙ্গে বিআরটিএ-সচিব মুহা. সৈকত আলী বলেন, 'চালকের কাছ থেকে অতিরিক্ত জমা আদায় করা হয়, ঢালাওভাবে বললেই তো হবে না! সুনির্দিষ্ট প্রমাণ থাকতে হবে। কোনো চালকের কাছ থেকে কোনো মালিক অতিরিক্ত জমা রাখছেন এমন লিখিত অভিযোগ করলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবো।'
তিনি আরো বলেন, 'অতিরিক্ত জমা আদায়ের বিষয়ে আমরা মানুষের মুখ থেকে অভিযোগ শুনেছি। তবে আমাদের কাছে এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ আসেনি।'    মালিক অতিরিক্ত জমা আদায় করে বলে মিটারে সিএনজি চালাতে অপারগতা প্রকাশ করছেন চালকরা। ফরিদপুর ভাঙ্গা থানার বাসিন্দা সিএনজি অটোচালক মিজান বলেন, 'একবেলা দৈনিক জমা এক হাজার টাকা। গ্যাস খরচা ২৫০ টাকা, নিজের খাওয়া খরচ ২০০ টাকা। সব খরচ বাদ দিলে দিনে ৪০০ টাকা আয় করতে গিয়ে জীবন যায়। বাড়ি ভাড়ার পাশাপাশি সব জিনিসের দাম বাড়তি। মিটারে যাবো ক্যামনে?' 
অন্যদিকে যাত্রীদের সব অভিযোগ সিএনজিচালিত অটোরিকশা চালকদের বিরুদ্ধে। তাদের বক্তব্য, সিএনজির জুলুম আর কত দিন?
এর আগে রাত বৃহস্পতিবার মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে অটোরিকশা খুঁজতে দেখা যায় লুৎফুল হায়াৎকে, যাবেন মতিঝিল। অফিসের সময় হয়ে গেছে, তাই বার বার মোবাইল ফোন বের করে সময় দেখে নিচ্ছিলেন। 'মিটার থেকে বাড়িয়ে দেব', 'আড়াইশ দেব'- নানা কথা বলেও মন গলাতে পারছিলেন না চালকদের। উত্তর এলো 'ভাই, অফিস টাইমে ওইখানে অনেক জ্যাম থাকে, যামু না', কেউ আবার বললেন- 'সাড়ে তিনশ দিলে আসেন'। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে ক্ষোভ ঝরলো লুৎফুলের কণ্ঠে: 'এমনিতেই বাসে ওঠা দায়। দেখছেনই তো একটা অটোরিকশাও মিটারে যেতে চায় না। বেশি করে ভাড়া দিতে চাইলাম, তাও যাবে না। তাহলে আমরা সাধারণ মানুষ যাব কোথায়? কেউ কি দেখার নেই?'
শুধু লুৎফুল হায়াৎ নন, এ অভিযোগ ঢাকার রাস্তার সব যাত্রীই। বেসরকারি ব্যাংকের কর্মকর্তা মিতা হক বললেন, 'গত একঘণ্টা ধরে সিএনজি খুঁজছি। দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো সিএনজি। কিন্তু কেউ যাবে না। যত টাকা চাইবে তত টাকা দিলেই কেবল তারা রাজি।'
'মিটারের কথা বললে উল্টো শুনতে হয় ঢাকায় কি নতুন আসছেন নাকি?', বলেন মিতা।
ঢাকায় জন্ম নেয়া এই নারীর প্রশ্ন: 'তাহলে কি সিএনজি চালকদের কাছে ঢাকার বাসিন্দা হওয়ার সার্টিফিকেট দিতে হবে? এমনিতেই সবক্ষেত্রে আমরা সাধারণরা জিম্মি। এখন সিএনজি চালকদের দৌরাত্ম্যে খুব অসহায় মনে হয়।' চালকদের বিরুদ্ধে যাত্রীদের অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের কাছে।
তিনি বলেন, 'অটোরিকশাগুলো যে মিটারে চলে না এর জন্য সরকারের পলিসির ভুল রয়েছে। যখন এগুলো রাস্তায় নামানো হয়, সে সময় এগুলোর ইকোনমিক লাইফ (আয়ুষ্কাল) ছিল ৯ বছর। তখন সরকার জমা নির্ধারণ করেছিল ৬০০ টাকা। মালিকরা এখন দু'বেলা ৭০০ টাকা করে মোট ১৪০০ টাকায় দুজন চালকের কাছে অটো দেন। বেশিরভাগ দিনই দেখা যায় মালিকের জমা উঠে আসে না। আর বিআরটিএ বা সরকার চালকদের উপরে বিভিন্ন সময় অভিযান চালালেও কখনো কোনো মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।' মেয়াদ শেষ হয়ে যাওয়া অটোরিকশাগুলোর 'রিপ্লেসমেন্ট' না হওয়ায় এ সমস্যা সৃষ্টি হয়েছে বলে দাবি তার। তবে মালিক সংগঠনের কথা ঠিক তার উল্টো। তারা অটোরিকশার 'অরাজকতার' জন্য চালকদেরই দায়ী করেছেন। ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক এমএইচ ইকবাল মিরাজ বলেন, 'চালকরা সব সময়ই বলেন তাদের জমার টাকা উঠে আসে না। অনেক চালক স্বল্প দূরত্বে যেতে রাজি হয় না। বেশিরভাগ সময় গাড়ি যেহেতু চালকের হাতে থাকে, এতে আমাদের (মালিকদের) কিছু করার থাকে না।'
জমা বেশি নেয়ার বিষয়ে চালকদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, 'যদি জমা প্রতিদিন ৩০০ টাকা করেও নেয়া হয়, তারপরও তারা এমনটা করবে। এটা তাদের একটা অভ্যাস হয়ে গেছে। যেহেতু বাজারে প্রতিযোগিতা নেই, এ কারণে তারা ইচ্ছামতো ভাড়া আদায় করে থাকেন।'
প্রয়োজন অনুসারে রাস্তায় সিএনজি অটোরিকশা চালানোর অনুমোদন দিলে 'চালকদের জুলুম' থেকে যাত্রীরা পরিত্রাণ পাবে বলে মনে করেন তিনি। জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বলেন, 'সম্প্রতি মন্ত্রণালয়ের বৈঠকে ৫ হাজার সিএনজি অটোরিকশা চালকদের মালিকানায় চলাচলের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই ৫ হাজার সিএনজি নামলে আশা করা যায় যাত্রীদের ভোগান্তি কিছুটা হলেও কমবে।' বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. সারোয়ার জাহানও মনে করেন ঢাকায় চাহিদার তুলনায় অটোরিকশার সংখ্যা অনেক কম।
তিনি বলেন, 'ঢাকায় গণপরিবহন ব্যবস্থার কোনো পরিকল্পনা নেই। একটি শহরে লোকজনকে বিভিন্ন স্থানে পরিবহনের জন্য বাস থাকা উচিত। এখানে তা নেই। নেই পর্যাপ্ত বিকল্প পরিবহন ব্যবস্থাও।'
পার্শ্ববর্তী দেশ ভারতের দিলি্ল, ব্যাঙ্গালুরু ও কলকাতার উদাহরণ দিয়ে তিনি বলেন, 'এ শহরগুলোতে বিকল্প পরিবহন হিসেবে প্রায় ৬০ থেকে ৭০ হাজার সিএনজি অটোরিকশা রয়েছে। ঢাকায় যে পরিমাণ সিএনজি চলাচল করে এর থেকে কয়েকগুণ বেশি থাকা উচিত।'
সিএনজি অটোরিকশার কারণে ভোগান্তির বিষয়ে বিআরটিএ পরিচালক (প্রশাসন) মো. মশিয়ার রহমান বলেন, 'আমরা বিভিন্ন সময় রাস্তায় আমাদের তিনটি মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে থাকি। কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না। চালকরা বিভিন্ন সময় মালিকদের বিষয়ে অভিযোগ তোলেন। কিন্তু যখন অভিযান চলে তখন কেউ কোনো কথা বলতে চান না। এ কারণে অনেক ক্ষেত্রে অন্যায় করেও অনেকে পার পেয়ে যাচ্ছেন।' মিটারে যেতে না চাওয়া অটোরিকশার বিরুদ্ধে অভিযানের সময় যাত্রীদের 'অসহযোগিতা' পাওয়ার কথাও বলেন তিনি। বায়ুদূষণের হাত থেকে ঢাকাকে বাঁচাতে চলতি শতকের শুরুতে দুই স্ট্রোক ইঞ্জিনের অটোরিকশা তুলে দিয়ে রাজধানীতে চারস্ট্রোক ইঞ্জিনের অটোরিকশা চালুর উদ্যোগ নেয়া হয়। 'বেবিট্যাক্সি' নামে পরিচিত হলুদ রঙের অটোরিকশাগুলোকে বিদায় করে ২০০২ সালে রাস্তায় নামে সবুজ রঙের সিএনজিচালিত অটোরিকশা। ইঞ্জিনের 'ইকোনমিক লাইফ' হিসাব করে সেই সময় ৯ বছরের জন্য অটোরিকশার লাইসেন্স দেয়া হলেও মালিক ও চালকদের দাবির কারণে আরো দুই বছর বাড়ানো হয় এর মেয়াদ।
বর্তমানে সবুজ ও ছাই রঙের অটোরিকশা চলাচল করতে দেখা যায়। সবুজ সিএনজি বাণিজ্যিক আর ছাইগুলো ব্যক্তিগত।