শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন সুন্দরবন

news-image

বিশ্ব ঐতিহ্যের অন্যতম ম্যানগ্রোভ সুন্দরবনের পরিধি বেড়ে চলেছে। আর এরই অংশ হিসেবে সুন্দরবনের মূল ভূ-খণ্ড থেকে প্রায় শত কিলোমিটার উত্তরে বাগেরহাটের চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের সীমান্ত ঘেঁষে বয়ে যাওয়া চিত্রা নদীর বিস্তীর্ণ চর ও আশপাশের ১০-১৫টি গ্রাম জুড়ে এখন গড়ে উঠেছে নব্য মিনি সুন্দরবন। যদিও বাঘ-হরিণের উপস্থিতি এখানে নেই, তবে সুন্দরী, গোলপাতা, কেওড়া, ওড়াসহ বিভিন্ন প্রজাতির গাছে ভরপুর। এ ছাড়া অসংখ্য প্রকার সুন্দরবনের উদ্ভিদ জন্মেছে এখানে। দিন দিন এর ব্যাপকতা বেড়ে যাওয়ায় অনেকটা বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে বলে অভিমত প্রকাশ করেছেন কেউ কেউ। এতে একদিকে যেমন গ্রামবাসীর মধ্যে আশার আলো দেখা দিয়েছে অন্যদিকে  সংশয় প্রকাশ করেছেন অনেকে। 
সরজমিনে ঘুরে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার সীমান্ত ঘেঁষে বয়ে যাওয়া চিত্রা নদীর আশপাশের রায়গ্রাম, শুরিগাতী, খিলিগাতী, করাতদিয়া, ডুমুরিয়া, আড়ুলিয়া, খড়িয়াসহ গ্রায় ১০-১৫টি গ্রাম ও নদীর বিস্তীর্ণ চর জুড়ে এখন নব্য সুন্দরবন গড়ে উঠেছে। মাত্র কয়েক বছরের ব্যবধানে এসব গ্রাম এখন বনাঞ্চলে পরিণত হয়েছে। এখানকার অধিকাংশ বাড়ির আঙিনাসহ আশপাশে আবাদি-অনাবাদি জমিতেও এখন গোলপাতা ,কেওড়া, ওড়া, সুন্দরীসহ নানা প্রজাতির গাছ বেড়ে উঠছে। এ ছাড়া নদীর দুই কূল জুড়ে চিত্রা নদীর  বিস্তীর্ণ চর এলাকায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে গাছের সংখ্যা। বাঘ-হরিণসহ বিভিন্ন সুন্দরবনের বন্য প্রাণীর দেখা এখানে না মিললেও মাথা তুলে দাঁড়িয়েছে অরণ্য। ঠিক যেন সুন্দরবনেরই একটা অংশ বলে মনে করা হচ্ছে এটিকে।  বর্তমানে এলাকার লোকজন তাদের নিজেদের চাহিদা মিটিয়ে  হাজার-হাজার টাকার গোলপাতা বিক্রি করছেন এখান থেকে। এ ছাড়া জ্বালানিসহ প্রয়োজনীয় কাঠের চাহিদা মেটানো হচ্ছে এসব গাছ থেকে। পাশাপাশি এখানকার মনোরম দৃশ্য মুগ্ধ করছে অনেককে। বর্তমানে এখানকার প্রাকৃতিক পরিবেশ পুরোপুরি  রূপ নিয়েছে সুন্দরবনে। প্রকৃতির এক অপরূপ লীলা ভূমিতে পরিণত হচ্ছে এলাকাটি।  যদিও দর্শনার্থীদের উপস্থিতি এখানে এখনো তেমনভাবে গড়ে ওঠেনি তবে এলাকার লোকজন অনায়াসে বাড়িতে বসে সুন্দরবনের মনোরম দৃশ্য উপভোগ করছেন। এ অঞ্চলের বিভিন্ন বাড়ির আঙিনাসহ আশপাশে সুন্দরীসহ নানা প্রজাতির বনের গাছ জন্ম নেয়ায় আশার আলো দেখছেন লোকজন। তবে মাত্র কয়েক বছরের মধ্যে এভাবে বনাঞ্চল বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন বন্যপ্রাণি ও বিষধর সাপের উপদ্রব বেড়ে যেতে পারে বলে গ্রামবাসীদের মধ্যে এক প্রকার সংশয় দেখা দিয়েছে।
উপজেলার ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রকৃতিপ্রেমী হরেন্দ্র নাথ রানা তার অনুভূতি প্রকাশ করে জানান, এখন বাড়িতে বসে সুন্দরবনের দৃশ্য উপভোগ করতে পারছি। চিত্রা নদীর কারণে সুন্দরবন যেন নতুন রূপে এখানে প্রাণ ফিরে পেয়েছে। নদীর দুই পাড়ে এখন সবুজের হাতছানি কেবলই কাছে টানছে ।     
উপজেলার করাতদিয়া গ্রামের চিত্রা নদীর পাড়ের বাসিন্দা  প্রবীণ বিষ্ণুপদ অধিকারী জানান, প্রতিবছর বর্ষা মওসুমে নদী পাড়ের অধিকাংশ গ্রাম প্লাবিত হয়। সুন্দরবন থেকে উঠে আসা বিভিন্ন নদী চিত্রা নদীর সঙ্গে যোগ হয়েছে। সুন্দরবনের বিভিন্ন গাছের বীজ নদীতে ভেসে সরাসরি এখানে চলে আসে। এসব বীজ থেকে মূলত আপনা থেকে গাছের জন্ম হচ্ছে। এতে গ্রামগুলো দিন দিন বন-জঙ্গলে ঘিরে যাচ্ছে। অনেকটা বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে বলেও উল্লেখ করেন। বর্তমানে এখানকার দৃশ্য পাল্টে যাচ্ছে। এভাবে গাছ-পালা বাড়তে থাকলে আগামী কয়েক বছর পর এখানে বসবাসের উপযোগী থাকবে না বলেও অভিমত ব্যক্ত করেন তিনি। চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন জানান, তার ইউনিয়ন ঘেঁষে বয়ে গেছে চিত্রা নদী। এখানে নদীর পাড়ে বেড়িবাঁধ ভেঙে প্রতি বছর প্লাবিত হয় অসংখ্য গ্রাম। আর এসব গ্রামেই বর্তমানে সুন্দরবনের নানা গাছপালা জন্ম নিচ্ছে। সুন্দরবন থেকে উঠে আসা বিভিন্ন  নদীর সঙ্গে চিত্রা নদীর সংযোগ রয়েছে। যে কারণে নদীর মাধ্যমে সহজে এখানে বনাঞ্চল গড়ে উঠছে বলে তিনি অভিমত প্রকাশ করেন। 
এ ব্যাপারে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আমীর হোসাইন চৌধুরী উৎসাহ প্রকাশ করে জানান, যেহেতু সুন্দরবন দিন দিন ছোট হয়ে আসছে নতুন করে এ ধরনের বনাঞ্চল সৃষ্টি হওয়াটা খুবই আনন্দের সংবাদ। যেহেতু উপকূলীয় অঞ্চল এটি, এখানে সহজে বনের বিভিন্ন গাছ-পালা জন্মানোর সুযোগ রয়েছে। তবে উপযুক্ত পরিবেশ পেলে নতুন করে সুন্দরবনের বিস্তৃতি বাড়তে পারে।  কিন্তু এটি যথাযত ভাবে রক্ষার দায়িত্ব আমাদের সকলের। এ ব্যাপারে যশোর এম এম সরকারি কলেজের সাবেক প্রাণী ও উদ্ভিদ বিষয়ক বিভাগীয় প্রধান বুলবুল কবিরের সঙ্গে মুঠো ফোনে কথা হলে, তিনি জানান, সুন্দরবনের মূল ভূ-খণ্ড থেকে এক সময় গোপালগঞ্জ, মাদারীপুরসহ উত্তর অঞ্চলে সুুন্দরবন বিস্তৃত ছিল, বিভিন্ন  তথ্য অনুযায়ী এমনটি জানা গেছে।  তবে এর অস্তিত্ব অনেক আগেই কালের আবর্তে হারিয়ে গেছে। কিন্তু এখানকার মাটিতে সুন্দরবনের বিভিন্ন গাছ জন্মানোর কার্যকরী ক্ষমতা রয়েছে। সাধারণত জলজ ও মরুজ এই দুই উপায়ে বন গড়ে উঠতে পারে। তবে সুন্দরবনটা বিশেষ করে জলজ উপায়ে গড়ে উঠেছে যেহেতু বঙ্গোপসাগর তীরবর্তী বন এটা। উপযুক্ত পরিবেশ পেলে এখানকার নদী তীরবর্তী অঞ্চলে নতুন ভাবে সুন্দরবন গড়ে ওঠা সম্ভব। এ ব্যাপারে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা হলে তিনি জানান, সরকারি খাস জমি ও নদীর চরে  এ ধরনের বনাঞ্চল গড়ে উঠলে সেটা যথাযথ ভাবে রক্ষণা-বেক্ষণের ব্যবস্থা করা হবে। বিষয়টি সরজমিনে পরিদর্শন করে এটি রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া যেতে পারে।  

এ জাতীয় আরও খবর

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা