শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শীর্ষস্থান ধরে রাখলেন শাকিব খান

news-image

এবারের ঈদেও বড় সাফল্য পেয়ে শীর্ষস্থানটি নিজের দখলেই রেখে দিলেন নাম্বার ওয়ান নায়ক শাকিব খান। ঈদে তার অভিনীত ‘লাভ ম্যারেজ’ ছবিটি রেকর্ডসংখ্যক ১২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে প্রথম দিন থেকেই দারুণ ব্যবসা করছে। শুধু তাই নয়, দর্শক শাকিব খানের অভিনয়ে  মুগ্ধ হয়ে বারবার প্রেক্ষাগৃহে ছুটে যাচ্ছেন বলে ছবির প্রযোজনা সংস্থা হার্টবিট প্রোডাকশন সূত্রে জানা গেছে। শাহিন-সুমন পরিচালিত ‘লাভ ম্যারেজ’ ছবিটি নির্মাণ হয়েছে তাপসী ঠাকুরের প্রযোজনায়। ছবিটি নিয়ে কঠিন একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গিয়েছিলেন শাকিব খান। ঈদের আগে ‘দুই পৃথিবী’ ছবির ব্যর্থতা এবং ঈদের পূর্ব মুহূর্তে ‘আরো ভালবাসবো তোমায়’ ছবিটি মুক্তি থেকে পিছিয়ে যাওয়ায় অনেকেই ধরে নিয়েছিলেন শাকিব খানের চাহিদা কমে গেছে। কিন্তু মেধা আর যোগ্যতা দিয়ে তিনি প্রমাণ করলেন এখনও শাকিব ‘ওয়ান অ্যান্ড অনলি’। দর্শক শাকিব খানের টানেই প্রেক্ষাগৃহে ছুটে গেছেন। দর্শকদের প্রেক্ষাগৃহে টানার জন্য চরিত্রানুযায়ী অভিনয় করার পাশাপাশি ছবি মুক্তির আগে যখন যেটা প্রয়োজন সেটা করেছেন তিনি। সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করেছেন, চ্যানেলগুলোর ডাকে সাড়া দিয়েছেন, এমনকি সিনেমাপাড়া বলে খ্যাত কাকরাইলে হার্টবিট প্রোডাকশনে বসে চলচ্চিত্র ব্যক্তিত্ব এবং বুকিং এজেন্টদের সঙ্গে ইফতার করেছেন। হাসিমুখে প্রতিনিধি, পিয়নসহ সবার সঙ্গে ছবি তুলেছেন। সাংবাদিকদের সাক্ষাৎকার দিয়েছেন। শাকিব খান হার্টবিট প্রোডাকশনে আসায় ‘লাভ ম্যারেজ’ ছবিটি আরও চাঙ্গা হয়ে ওঠে। শেষ পর্যন্ত রেকর্ডসংখ্যক ১২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে তার অবস্থান সুসংহত করে দেয়। আর প্রথমদিন থেকেই ছবির সাফল্য শাকিব খানকে অপ্রতিদ্বন্দ্বী করে রেখেছে। এখন পর্যন্ত যে তার কোন বিকল্প তৈরি হয়নি, ‘লাভ ম্যারেজ’ তা নতুন করে প্রমাণ রাখলো। এ প্রসঙ্গে শাকিব খান বলেন, সবই আল্লাহর রহমত। নির্মাতাদের বিশ্বাস আর দর্শকদের ভালবাসা। এ তিনটি কারণেই আমি আজ শাকিব খান। তিনি বলেন, সাফল্য কার না ভাল লাগে। আমারও লাগছে। এবারের ঈদেও শীর্ষস্থানটি ধরে রাখতে পেরে আমি আনন্দিত। দর্শকদের কাছে কৃতজ্ঞ। আমি আরও ভাল কিছু কাজ করতে চাই। আরও বেশি করে দর্শকদের ভালবাসা পেতে চাই। আমার বিশ্বাস তা আমি পাবো।