চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল
কারাগারে শারীরিক অসুস্থতার কারণে ১৪ কেজি ওজন কমে গেছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সাড়ে ৬ মাসের কারাজীবনে তার শরীরে জুড়ে বসেছে নানা রোগ। ক্যারোটিড আর্টারির ব্লক, আইবিএসের সমস্যা, দাঁতের ব্যথা, গলার ধমনিতে (নার্ভ) প্রতিবন্ধকতাসহ ভাসকুলার রোগে আক্রান্ত হয়েছেন তিনি। হাসপাতালের প্রিজন সেলে বন্দি অবস্থায় আদালতের নির্দেশনা অনুযায়ী তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রতিবেদনেও এসব উল্লেখ করেছেন চিকিৎসকরা। প্রতিবেদনের ভিত্তিতে উন্নত চিকিৎসার স্বার্থে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেয়া ৬ সপ্তাহের জামিনে মুক্তি পেয়েছেন ১৪ই জুলাই সন্ধ্যায়। কিন্তু ঈদের কারণে বিদেশ যাত্রায় বিলম্ব হয়েছে তার। তবে সবকিছু ঠিক থাকলে আগামী ২৬শে জুলাই উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাবেন মির্জা আলমগীর। সেখানে চিকিৎসকদের পরামর্শ ও নির্দেশনা ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাওয়ার প্রস্তুতিও নিয়েছেন তিনি। গতকাল দৈনিক মানবজমিনকে তিনি জানান, আমি অত্যন্ত অসুস্থ। কারাবন্দি অবস্থায় আমার ১৪ কেজি কমে গেছে। গলার নার্ভ প্রতিবন্ধকতাসহ একাধিক রোগ শরীরে বাসা বেঁধেছে। আমাকে দ্রুত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হবে। তিনি বলেন, আমি আগে থেকেই যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে চিকিৎসা নিতাম। এখনও চিকিৎসার জন্য আমাকে যেতে হবে। আশা করছি, আগামী ২৬শে জুলাই সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হব। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার চিকিৎসকদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। সিঙ্গাপুরে চিকিৎসকদের পরামর্শ ও নির্দেশনা পেলে অস্ট্রেলিয়া যাবো। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দুর্ভাগ্যবশত চিকিৎসকদের কাছেও সঠিক সময়ে শারীরিক পরিস্থিতির সঠিক প্রতিবেদন পাইনি। তবুও চিকিৎসার জন্য শেষ পর্যন্ত জামিনে মুক্তি পাওয়ায় আল্লাহর প্রতি শুকরিয়া জানাই। দেশবাসীর কাছে দোয়া চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আমার আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইছি। আমি যেন সুস্থ হয়ে ফিরে এসে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে পারি। পরিবারের সদস্যরা জানান, শারীরিকভাবে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছেন মির্জা আলমগীর। চিকিৎসারই বলেছেন, বিদেশে তার উন্নত চিকিৎসা প্রয়োজন। কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালের প্রিজন সেলে কাটানো দিনগুলো ছিল ভোগান্তির। পরিস্থিতি এতটাই নাজুক ছিল যে, জামিনে মুক্তি পাওয়ার পর তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হতে হয়। সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর মুনিরুজ্জামান ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ ডা. ফাওয়াদ শুভ’র তত্ত্বাবধানে দুদিন চিকিৎসা নেয়ার পর বাসায় ফিরেন তিনি। কয়েকদফায় বিলম্বিত হয়েছিল মুক্তি। এখন রাজনৈতিক কর্মকাণ্ড ও বক্তব্যের কারণে যাতে তার বিদেশে উন্নত চিকিৎসা নেয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি না হয় সেজন্য অনেকটা আড়ালে রয়েছেন তিনি। আপাতত তার চিকিৎসার ব্যাপারটিকে গুরুত্বের সঙ্গে দেখছে বিএনপি। উল্লেখ্য, চলতি বছরের ৬ই জানুয়ারি নাশকতার মামলায় প্রেস ক্লাবের গেট থেকে গ্রেপ্তার করা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। কারাগারে অসুস্থ হয়ে পড়লে ১৩ই জুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আপিল বিভাগে দেয়া মেডিকেল বোর্ডের প্রথম প্রতিবেদনে তার শারীরিক অসুস্থতার ভয়াবহতা পুরোপুরি উল্লেখ করা না হলেও দ্বিতীয় দফায় তা উল্লেখ করা হয়। উন্নত চিকিৎসার জন্য তার বিদেশ গমনে আইনি বাধা না থাকলেও ৬ সপ্তাহ শেষে মির্জা আলমগীরকে ফের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।











